পাবলিক চার্জ নিয়ে সতর্ক থাকুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিসিল ব্যারো গৃহহীন। থাকেন নিউইয়র্কের ফুটপাতে। তার দুপুরের খাবার দেয় দ্য বোয়েরি মিশন। ১০ মার্চ তার মতো আরও অনেক গৃহহীন দুপুরের খাবার খাচ্ছেন সেই মিশনের ডাইনিং হলে। রয়টার্স
সিসিল ব্যারো গৃহহীন। থাকেন নিউইয়র্কের ফুটপাতে। তার দুপুরের খাবার দেয় দ্য বোয়েরি মিশন। ১০ মার্চ তার মতো আরও অনেক গৃহহীন দুপুরের খাবার খাচ্ছেন সেই মিশনের ডাইনিং হলে। রয়টার্স

নিউইয়র্কভিত্তিক বাংলা টেলিভিশন চ্যানেল টাইম টেলিভিশনের ল’ অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে দর্শকদের নানা পরামর্শ দিয়ে থাকেন অ্যাটর্নি নাজমুল আলম। আমেরিকায় অবস্থানরত বাংলাভাষাভাষী প্রত্যেকে ইমিগ্রেশনের বিষয়টি নিয়ে কোনো না কোনো ঝামেলায় পড়ে থাকেন। অনেকে সঠিকভাবে অনেক কিছু জানতে পারেন না বলে নানা অসুবিধায় পড়েন এমনকি অনেক ক্ষেত্রে ক্ষতিগ্রস্তও হন। তাই ঘরে বসে সরাসরি প্রচারিত ‘ল অ্যান্ড ইমিগ্রেশন’ অনুষ্ঠানটি দেখে কিংবা অনুষ্ঠানটি নিয়ে আমাদের এই আয়োজনের মাধ্যমে পাঠকেরা ইমিগ্রেশন বিষয়ক অনেক অজানা বিষয় জানাতে পারবেন। আধা ঘণ্টার সরাসরি এই অনুষ্ঠানে টেলিফোন ও ফেসবুক পেজে দর্শকের প্রশ্ন নেওয়া হয় এবং এসব প্রশ্নের উত্তর দেন আমেরিকায় বসবাসরত অ্যাটর্নি নাজমুল আলম। অনুষ্ঠানটি কোনো আইনি পরামর্শ নয়, দর্শকদের নানা প্রশ্নের উত্তর থেকে ইমিগ্রেশন নিয়ে কেবল একটি দিক নির্দেশনা পাওয়া যায়।
সর্বশেষ অনুষ্ঠানের বিষয় করোনাভাইরাস। বলা হয়, করোনায় বিলম্বিত হচ্ছে ইমিগ্রেশন। তা ছাড়া পাবলিক চার্জ, সিটিজেনশিপ বা নাগরিকত্ব ও পারিবারিক ভিসার ওপর অ্যাটর্নি আলোচনা করেন নিয়মিত অতিথি অ্যাটর্নি নাজমুল আলম। করোনা ভাইরাসের ভয়াবহতা এবং এর ফলে বিশ্বের অর্থনীতিতে কী প্রভাব পড়বে—তা নিয়েও নিজের মতামত জানান তিনি।
ফেসবুকে মিশিগান থেকে কাওসার আহমেদ জানতে চান, তিনি অ্যাসাইলামে এখানে আছেন। তিনি কি তাঁর ট্যাক্স ফাইলে চাইল্ড বেনিফিট নিতে পারবেন?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, তিনি চাইল্ড বেনিফিট নিতে পারবেন যদি ডিপেন্ডেন্টের সোশ্যাল সিকিউরিটি কার্ড থাকে। কারণ ট্যাক্স ফাইল করতে কোনো ক্যাটাগরি শো করতে হয় না।
ফেসবুকে একজন দর্শক জানতে চান, গ্রিনকার্ড অ্যাপ্লাইয়ের জন্য ফিঙ্গার প্রিন্ট দেওয়ার কত দিন পর গ্রিনকার্ড আসবে?
জবাবে অ্যাটর্নি নাজমুল বলেন, দর্শক তার ক্যাটাগরি কী, তা বললে তিনি আরও ভালো বলতে পারতেন। তবে ফিঙ্গার প্রিন্টের পর বেশি দেরি হয় না।
টেলিফোনে রাজু জানতে চান, তাঁর স্ত্রী তাঁকে আমেরিকায় এনেছেন। আসার পর তাকে কন্ডিশনাল ২ বছর মেয়াদের একটি গ্রিনকার্ড দেওয়া হয়, এরপর তারা গ্রিনকার্ডের মেয়াদ আরও ৪ মাস বাড়ায়। এর কারণ হিসেবে তারা বলেছে, তাদের এখন অনেক কাজ। তাই তারা গ্রিনকার্ডের মেয়াদ ৪ মাস বাড়িয়েছে এবং বলেছে, তারা একটা ইন্টারভিউ নেবে, এর কী কারণ থাকতে পারে বা এত দেরি হচ্ছে কেন?
জবাবে নাজমুল বলেন, সিআর কন্ডিশনে গ্রিনকার্ড দেওয়ার সময় তারা দুই বছরের একটা গ্রিনকার্ড দেয়। তারা পরখ করে দেখে, বিয়েটা কত দিন টিকে থাকে। তারপর তারা আবার একটা মেয়াদ বাড়িয়ে দেখে। তিনি গ্রিনকার্ড পেয়ে যাবেন। আর তারা যদি কন্ডিশন রিমোভের চিঠিটা পেয়ে একটা রিসিভ লেটার দেয় এবং তার বিয়েটা যদি ঠিক থাকে, তাহলে চিন্তার কোনো কারণ নেই। তাকে ইন্টারভিউ দেওয়ার জন্য প্রস্তুত হতে বলেন তিনি।
ফেসবুকে আবু তালেব জানতে চান, তার বোন তার জন্য পিটিশন করেছেন। তার বাবা–মা দুজন গ্রিনকার্ডকারী, দুজনের বয়স প্রায় ৭০ বছর। তারা মেডিকেল সুবিধা নিচ্ছেন, এখন তাদের ভিসা পেতে কি কোনো অসুবিধা হবে?
পাবলিক চার্জ কেবল নতুন ইমিগ্রান্টদের জন্য দেখবে, যারা আগে গ্রিনকার্ড পেয়েছেন তাদের জন্য এটি কোনো ভিসা ইস্যুর জন্য বাধা নয়। যারা নতুন ইমিগ্রেশন ভিসা পাবে, তাদের ক্ষেত্রে দেখবে তারা এখানে আসলে কোনো ধরনের পাবলিক চার্জ নেবে কিনা। যদি নতুনদের পাবলিক চার্জ নেওয়ার সম্ভাবনা দেখে, তখন ভিসা দিতে অসুবিধা করতে পারে। তবে যেসব গ্রিনকার্ডধারী এসব বেনিফিট নেবেন, তখন তারা নাগরিকত্ব বা গ্রিনকার্ডধারী এক্সটেনশন করতে গেলে প্রশ্নের সম্মুখীন হতে পারে।
সালমা চৌধুরী জানতে চান, তিনি গ্রিনকার্ডধারী, তাঁর স্বামীর জন্য অ্যাপ্লাই করেছেন ১৪ মাস হয়েছে। এ পর্যন্ত তিনি শুধু রিসিভড লেটার পেয়েছেন আর কিছু পাননি। এখন আর কত দিন লাগবে?
জবাবে নাজমুল আলম পরামর্শ দিয়ে বলেন, তিনি যেন একজন অভিজ্ঞ অ্যাটর্নির পরামর্শ নেন, একজন অ্যাটর্নি নিয়োগ দিয়ে তার মাধ্যমে হোমল্যান্ড সিকিউরিটিতে যোগাযোগ করেন, আর অ্যাটর্নি নিতে না পারলে নিজে সরাসরি হোমল্যান্ড সিকিউরিটি অফিসে যোগাযোগ করে তাদের জিজ্ঞেস করেন, তার মামলাটি এত দেরি হচ্ছে কেন? আরও বলেন, তার অ্যাপ্লিকেশনে নিশ্চয়ই কোনো প্রবলেম আছে। তাই তাকে দেরি না করে তাড়াতাড়ি যোগাযোগ করার করার পরামর্শ দেন।
নুর ইসলাম জানতে চান, তিনি গ্রিনকার্ডধারী, তিনি কি তার বাবা–মায়ের ভিজিট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং স্পনসর হতে পারবে?
জবাবে নাজমুল বলেন, নন–ইমিগ্রান্ট ভিসার জন্য যিনি ভিজিটর, তাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তবে তিনি স্পনসর করতে পারবেন। এজন্য তাকে পর্যাপ্ত পরিমাণ আয় দেখাতে হবে। তাহলে অ্যাম্বাসি যদি দেখে তাদের ভিসা পাওয়ার যোগ্য, তাহলে হয়তো তারা ভিসা দিতে পারে।
টেলিফোনে জাহিদ জানতে চান, তিনি অ্যাসাইলাম সাবমিট করেছেন, পাঁচ বছর হয়ে গেছে। দেশে তাঁর স্ত্রী ও সন্তান আছে, এখন কি তিনি তাদের জন্য কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবেন?
জবাবে নাজমুল আলম বলেন, অ্যাসাইলাম কেস যে পর্যন্ত আপ্রুভ না হবে, সেই পর্যন্ত তাকে অপেক্ষা করতে হবে। আপ্রুভ হলে তারাই বলে দেবে, আপনার পরিবার থাকলে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।
ব্রঙ্কস থেকে তোফায়েল টেলিফোনে জানতে চান, তাঁর বাবা–মায়ের একসঙ্গে ইমিগ্রান্ট ভিসার ইন্টারভিউয়ের তারিখ দিয়েছে। মেডিকেল করতে গেলে তার মায়ের সবকিছু ঠিক হয়, কিন্তু তার বাবাকে কফ টেস্ট করতে দিয়েছে। এবং এটা করতে হবে তিন দিন পরে আর টেস্টের রিপোর্ট আসতে ১০ সপ্তাহ লাগবে। এখন কি তিনি তার বাবার জন্য রিশিডিউল করবেন নাকি মায়ের ইন্টারভিউ শেষ করে মাকে আনবেন?
জবাবে নাজমুল আলম বলেন, তাঁর মা–বাবাকে একসঙ্গে ইন্টারভিউ দিতে পাঠাতে, তারাই সিদ্ধান্ত নেবে কী করতে হবে। তাই তিনি যেন নিজে থেকে কোনো রিশিডিউল করতে না যান।
পাবলিক চার্জের ব্যাপারে নাজমুল বলেন, এখন থেকে গ্রিনকার্ড ও সিটিজেনশিপের ক্ষেত্রে পাবলিক চার্জ একটা প্রভাব ফেলবে, তাই এ ব্যাপারে প্রস্তুত থাকতে হবে।