পাবলিক স্কুল বন্ধে দেরি হওয়ায় অসন্তুষ্ট অনেক শিক্ষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন করোনাভাইরাসের সংক্রমণ রোধে আমেরিকার অনেক অঙ্গরাজ্যে বিভিন্ন বার, হোটেল, রেস্তোরাঁসহ ক্যাথলিক স্কুল, চার্টার স্কুল ও পাবলিক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেওয়া হয়েছে। নিউইয়র্ক নগরীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ করার সিদ্ধান্ত নিতে বিলম্ব করায় অসন্তোষ প্রকাশ করেছেন অনেক শিক্ষক।
বিভিন্ন অঙ্গরাজ্য কর্তৃপক্ষ শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়ার প্রেক্ষাপটে নিউইয়র্ক নগরীতেও স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধের দাবি ওঠে। কিন্তু গত সপ্তাহে এমন সিদ্ধান্ত এখনই নিতে অস্বীকৃতি জানালে মেয়র বিল ডি ব্লাজিওসহ নগর কর্তৃপক্ষের ওপর ক্ষুব্ধ হন শিক্ষকেরা। পরে অবশ্য অন্য অঙ্গরাজ্য ও শহরগুলোর দেখানো পথেই হেঁটেছে নিউইয়র্কও।
করোনভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেই পাবলিক স্কুল খোলা রাখার জন্য মেয়র ডি ব্লাজিওর জেদের প্রতিক্রিয়ায় নিউইয়র্ক নগরীর শিক্ষকেরা গণছুটির ডাক দিয়েছিলেন। এ সম্পর্কিত এক টুইটার পোস্টে শিক্ষকেরা তাঁদের ও তাঁদের পরিবারকে রক্ষায় কঠোর পদক্ষেপ নিতে সহকর্মীদের প্রতি আহ্বান জানান। এই উদ্যোগে অংশ নিতে ১৭ মার্চ শিক্ষক ইউনিয়ন চ্যাপ্টার লিডার এক সভা ডাকেন, যেখানে ‘হ্যাঁ/ না’ ভোট গ্রহণের কথা ছিল। তবে এ ধরনের গণবিক্ষোভের মুখে পড়ার আগেই ১৫ মার্চ বিল ডি ব্লাজিও ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধের ঘোষণা দেন। একই সঙ্গে জানান, শিক্ষাবর্ষের বাকি দিনগুলোও হয়তো স্কুলগুলো বন্ধ থাকবে। ডি ব্লাজিও বলেন, ‘খুব ঝুঁকিপূর্ণ একটা সময় পার করছি আমরা। এমন সময়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণ তুলনামূলক কঠিন।

>নগর কর্তৃপক্ষের ঘোষণায় ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষকদের ১৯ মার্চ পর্যন্ত কর্মক্ষেত্রে রিপোর্ট করতে বলা হয়। বন্ধের সময় শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য অনলাইন প্ল্যাটফর্মকে আপডেট করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

’
এই ঘোষণার আগের দিন পর্যন্ত ডি ব্লাজিও তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তে অটল ছিলেন। এমএসএনবিসির এক অনুষ্ঠানে তিনি এমন সিদ্ধান্তের কথাই জানান। সে সময় ডি ব্লাজিও বলেন, স্কুল বন্ধ হয়ে গেলে রেল চলাচল ও হাসপাতালগুলোতে প্রভাব পড়বে। কারণ, রেলকর্মী ও হাসপাতালকর্মীরা তখন সন্তানদের যত্ন নিতে বাড়িতে থাকবেন। এ ছাড়া কয়েক লাখ কিশোর-কিশোরী এ সময় তত্ত্বাবধান ছাড়া থাকবে এবং তারা অনিরাপদ হতে পারে বা রাস্তায় যেকোনো সমস্যায় পড়তে পারে।
নগর কর্তৃপক্ষের ঘোষণায় ১৭ মার্চ থেকে ২০ এপ্রিল পর্যন্ত সব স্কুল বন্ধ ঘোষণা করা হলেও শিক্ষকদের ১৯ মার্চ পর্যন্ত কর্মক্ষেত্রে রিপোর্ট করতে বলা হয়। বন্ধের সময় শিক্ষার্থীরা যেন পিছিয়ে না পড়ে, সে জন্য অনলাইন প্ল্যাটফর্মকে আপডেট করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়। এই সিদ্ধান্তে অনেকেই একমত হলেও যেসব শিক্ষক দীর্ঘমেয়াদি রোগের দরুন আগে থেকেই অসুস্থতাজনিত ছুটিতে ছিলেন, তাঁরা কর্মক্ষেত্রে যাননি। আবার অনেক শিক্ষক ঘরে থেকে পাঠদানের এ পদ্ধতির কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছেন। তাঁরা বলছেন, অনেক শিক্ষার্থীর কম্পিউটার বা প্রিন্টার নেই। অনেক অভিভাবক জানেনই না কীভাবে অনলাইনে ক্লাস করায় সন্তানকে সাহায্য করবেন। এ অবস্থায় এ উদ্যোগের কার্যকারিতা প্রশ্নবিদ্ধ। এ ছাড়া সামনের সপ্তাহেও শিক্ষকদের একইভাবে কর্মক্ষেত্রে রিপোর্ট করতে হবে কি না, তা নিয়েও সংশয়ে রয়েছেন অনেক শিক্ষক। তাঁরা বন্ধের পুরো সময় হোম কোয়ারেন্টিনে থাকতে চাইছেন। এ ব্যাপারে ডি ব্লাজিওর পরবর্তী সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন শিক্ষকেরা।