পার করো হে দয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটনে সূর্যোদয়ের মুহূর্তে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ও তার আশপাশের গগণচুম্বী ভবনগুলো এভাবেই ধরা পড়েছে রয়টার্সের চিত্রগ্রাহকের ক্যামেরায়।
নিউইয়র্ক শহরের লোয়ার ম্যানহাটনে সূর্যোদয়ের মুহূর্তে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ও তার আশপাশের গগণচুম্বী ভবনগুলো এভাবেই ধরা পড়েছে রয়টার্সের চিত্রগ্রাহকের ক্যামেরায়।

নিউইয়র্কের উদ্দেশ্যে আকাশ পাড়ি দিচ্ছি। মিনেসোটা থেকে নিউইয়র্ক। প্রায় বারো শ মাইলের যাত্রা। প্লেনে বসে বসে বই পড়ছি। ডেল কার্নেগির How to Stop Worring and Start Living. লেখক পাঠককে বলছেন, কীভাবে দুশ্চিন্তা থেকে দূরে থেকে বেঁচে থাকা যায়। এতগুলো বছর পার করে এখন আবার নতুন করে বেঁচে থাকার টিপস নিয়ে কি হবে বুঝি না। তারপরেও পড়ি। বুঝতে চেষ্টা করি জীবনে কী কী উপাদান অনুপস্থিত। কী কী উপাদান আছে, কিন্তু প্রয়োজন নেই।
আমার সিটের বাঁ পাশে বিশ কি বাইশ বছরের যুবক। দেখলেই মনে হবে নিউইয়র্কার। গোলাপি স্যান্ডো গেঞ্জি আর হাফ প্যান্ট পরে প্লেনে উঠেছে। পায়ে চপ্পল। খালি পা, খালি গায়ে প্লেনে ওঠার নিয়ম থাকলে সে হয়তো তাই করত। এ দেশের মানুষ ডানে বায়ে, ওপরে নিচে সর্বত্র জীবনকে উপভোগ করে। মৃত্যুর আগে কোনো আফসোস রেখে যায় না। মৃত্যুর পরেও তাদের আত্মীয়স্বজন, শুভাকাঙ্ক্ষীরা মৃতের কফিন নিয়ে জীবন উদ্যাপন করে। তারপর দেহ কবরে নামিয়ে দিয়ে আসে। তা না হলে দেহভস্ম আটলান্টিক বা প্রশান্ত মহাসাগরের জলে ভাসিয়ে দেয়।
মিনেসোটার মানুষজন কিছুটা কনজারভেটিভ বা সেকেলে। পোশাক–আশাকে এরা একটু সতর্ক। তা থেকে মনে হলো ছেলেটি হয়তো নিউইয়র্কার। সে ঘুমোচ্ছে। হালকা নাক ডাকার শব্দ পাই। মাঝে মধ্যে ঝাঁকুনি দিয়ে জেগে উঠছে। তারপর এদিক-ওদিক একবার তাকিয়ে নিজেকে আবিষ্কার করে সে কোথায়। আবার ঘুমিয়ে যায়। আমার ডান পাশে চাইনিজ দেখতে আরেক যুবক। বসে বসে মোবাইলে চাইনিজ লেখায় কিছু একটা পড়ছে।
নিউইয়র্কে প্রায় প্রতি বছর একবার করে যাওয়া হয়। আমি আমেরিকায় প্রথম আসি এই শহরে। ছিলাম প্রায় তিন মাসের মতো। তারপর মিনেসোটায় চলে আসি। তাও প্রায় বাইশ বছর আগের কথা। শীতের এক রাতে জেএফকে এয়ারপোর্টে নামি। ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে দেখি সামনের দেয়ালে বিশালাকৃতির একটা সাইন। New York Loves You. Love কথাটার জায়গায় একটা লাল হার্টের চিহ্ন। ওই বয়সে পুলকিত হওয়ার মতো সাইন। এত বড় অজানা, অচেনা শহর আমাকে ভালোবাসে, এ কি করে সম্ভব। আমার মাথায় তখনো ঢাকার রাস্তার টুংটাং রিকশার ঘণ্টা বেজে চলেছে। এই সেই দেশ যেখানে সিক্স মিলিয়ন ডলার ম্যান থাকে। এখানেই টারজান, ম্যাকগাইভার, মাইকেল জ্যাকসন, আব্রাহাম লিংকন, জন এফ কেনেডির মতো মানুষের জন্ম। এখান থেকেই মানুষ একদিন চাঁদের দেশে পা রেখেছিল। এখানেই পৃথিবীর সেরা সেরা বিদ্যাপীঠ এমআইটি, হার্ভার্ডের মতো কিংবা পৃথিবীখ্যাত মেডিকেল রিসার্চ জন হপকিন্স কিংবা মেয়ো ক্লিনিকের অবস্থান। এই সেই দেশ যেখান থেকে একদিন পৃথিবীর প্রথম পারমাণবিক বোমা উড়িয়ে নিয়ে গিয়ে মানুষের ওপর ফেলা হয়েছিল।
এই নিউইয়র্ক শহরেই একসময় আইনস্টাইন নিজ দেশ ছেড়ে পরবাসী হয়েছিলেন। আবার এই শহরেই জাহাজে করে বন্দী অবস্থায় হাজার হাজার আফ্রিকানকে নিয়ে আসা হতো। তখন সেটাকে বলা হতো হিউম্যান রিসোর্স শিপমেন্ট। অধুনা অনেকে হিউম্যান রিসোর্স শব্দ দ্বয় ব্যবহার করতে নারাজ। কারণ তাতে পুরোনো বর্ণবাদীর গন্ধ পাওয়া যায়। সে ক্ষেত্রে তারা পিপলস রিসোর্স শব্দ দুটি ব্যবহার করেন। আমেরিকার অবকাঠামো তৈরির জন্য আফ্রিকানদের দিয়ে একসময় পশুর মতো করে কাজ করানো হতো। সাদা কালোর বৈষম্য ছিল ভয়াবহ রকমের। পাতাল রেল, হাইওয়ে, ব্রিজ, কালভার্ট, দালান কোঠা থেকে শুরু করে অনেক কিছুর উন্নয়নে ক্রীতদাস কালোদের ঘাম আর রক্তের দাগ এখনো মুছে যায়নি।
ছেলেটি আবার ঝাঁকুনি দিয়ে ঘুম থেকে উঠে ফ্যালফ্যাল করে চারদিকে দেখে নিল। মাথা অন্য পাশে ঘুরিয়ে আবার চোখ বন্ধ করল। ইতিমধ্যে একটা বাচ্চা কাঁদতে শুরু করে করেছে। মা অনেক চেষ্টা করছে তার কান্না থামাতে। কিন্তু সে কেঁদেই চলেছে। আমার দৃষ্টি বইয়ের পাতায়। মনোযোগ দিয়ে পড়ছি ডেল কার্নেগির কিছু উক্তি। এক জায়গায় সে উইলিয়াম অসলার নামের পৃথিবীখ্যাত এক ডাক্তারের উক্তি দিয়ে বলেছেন, দুশ্চিন্তা মুক্ত একটা জীবন উপভোগ কর। আগামীকাল কি হবে সেই চিন্তায় আজকের দিনটাকে নষ্ট কর না। দূরের আবছা আলোয় কি দেখা যায় সেটা নিয়ে ব্যস্ত না থেকে হাতের কাছের আলোতে কি স্পষ্ট দেখা যায় তাই কর। তাই নিয়ে ব্যস্ত থাক।

নিউইয়র্ক শহর: আকাশ থেকে দেখা
নিউইয়র্ক শহর: আকাশ থেকে দেখা

প্লেন নিউইয়র্কে আকাশের কাছাকাছি চলে এসেছে। আকাশে পুঞ্জীভূত মেঘের ফাঁকে ফাঁকে আটলান্টিকের নীলজল চোখে পড়ছে। সেই জলে সোনালি রোদ্দুরে অনেকগুলো সাদা বুদ্বুদ ফেনা চোখে পড়ে। আসলে ওইগুলো স্পিডবোটের ফেলে যাওয়া জলরেখা। পৃথিবীতে কিছু মানুষ আছে তারা সব সময়ই আনন্দ করে। স্পিডবোটের মানুষগুলো হয়তো সেইরকম। আবার কিছু মানুষ আছে তারা শুধুই সুখবিরোহী। তারা দুঃখকে আঁকড়ে ধরে বেঁচে থাকে। সবকিছুর মাঝে দুঃখকে খুঁজে বেড়ায়। সেই যুবকটি এখনো ঘুমোচ্ছে। কান্না করা বাচ্চাটি এখন শান্ত। প্লেন এখন নিম্নমুখী। হয়তো চাকা খুলছে। বিশাল আটলান্টিকের জল অনেক শান্ত। পেছনে অনেকগুলো কিশোরী একসঙ্গে গান গাইছে। গ্রীষ্মের ছুটিতে নিউইয়র্কে যাচ্ছে। প্লেন ঝাঁকুনি দিয়ে মাটি স্পর্শ করল। ছেলেটি এইবার জেগে উঠল। ওর হাতের কাছে একটা ট্যাটু দেখতে পেলাম। নীল কালিতে লেখা I love mommy. সে ওর মাকে ভালোবাসে। ওর গার্লফ্রেন্ড বা স্ত্রী যদি থাকে তাহলে এই লেখাকে কীভাবে গ্রহণ করবে কে জানে। যদি কখনো মেয়েটি ছেলেটিকে বলে বসে সে মাকে নাকি তাকে বেশি ভালোবাসে? ওর উত্তর কী হবে চিন্তা করে পেলাম না। অনেক উত্তর জানতে নেই। জানা সম্ভবও নয়। ইতিমধ্যে প্লেন গেটে এসে থেমে গেছে। সবাই দাঁড়িয়ে আছে। বের হওয়ার জন্য। শুধু আমি বসে আছি সবার চলে যাওয়ার জন্য। আমার কানের ভেতর হেডফোনে তখন লালন ফকির ডুগডুগি বাজিয়ে গেয়ে চলেছেন, পার করো হে দয়াল চাঁদ আমারে/ ক্ষম হে অপরাধ আমার/ এ ভব-কারাগারে।

ই মেইল: Syed.mn@gmail. com