পারমাণবিক অস্ত্রের নির্মূলই এর ব্যবহার বন্ধের নিশ্চয়তা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাধারণ পরিষদের প্লেনারি সভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন
সাধারণ পরিষদের প্লেনারি সভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন

জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন বলেছেন, বাংলাদেশ মনে করে, পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলই হতে পারে এর ব্যবহার বন্ধের একমাত্র পূর্ণ নিশ্চয়তা। সুদূরপ্রসারী এই লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে বাংলাদেশ চলতি বছরের ৭ জুলাই গৃহীত পারমাণবিক অস্ত্র-নিরোধ চুক্তি সমর্থন করেছে। সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রথম গ্রুপে থেকে গত সপ্তাহে বাংলাদেশ এই চুক্তি স্বাক্ষর করেছে।

জাতিসংঘ সদর দপ্তরে পারমাণবিক অস্ত্রের সম্পূর্ণ নির্মূলের জন্য পালিত আন্তর্জাতিক দিবসের স্মরণ ও প্রচারের লক্ষ্যে গৃহীত জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের প্লেনারি সভায় এসব কথা বলেন মাসুদ বিন মোমেন। রাষ্ট্রদূত মাসুদ ২০১৩ সালের সেপ্টেম্বরে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়ক উচ্চ পর্যায়ের একটি সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া বক্তৃতার কথা উল্লেখ করেন।
মাসুদ বিন মোমেন প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে বলেন, বাংলাদেশ বিশ্বাস করে যে পরমাণু অস্ত্র চূড়ান্ত নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করতে পারে না। অন্যদিকে, এই নিশ্চয়তা প্রদান সম্ভব যদি শিক্ষা, আর্থসামাজিক অগ্রগতি ও গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণের মাধ্যমে জনগণকে ক্ষমতায়িত করা যায় এবং শান্তি অর্জনে মানুষের সামর্থ্যকে ব্যবহার করা যায়। কোনো সন্দেহ নেই, শান্তিকে সুরক্ষিত রাখার এসব কাজে আমাদের বিনিয়োগ করতে হবে কিন্তু আমরা নিশ্চিত বলতে পারি, এটি পারমাণবিক অস্ত্র তৈরি এবং তা দিয়ে যুদ্ধ করার জন্য যে মূল্য দিতে হয় তা তার চেয়ে কম।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭০/৩০ প্রস্তাব অনুযায়ী পারমাণবিক নিরস্ত্রীকরণের ওপর সামগ্রিক আলোচনার জন্য ২০১৮ সালের মধ্যেই জাতিসংঘের উচ্চপর্যায়ের একটি সম্মেলন আহ্বানের বিষয়টিকে বাংলাদেশ সমর্থন করে মর্মে রাষ্ট্রদূত তাঁর বক্তব্যে উল্লেখ করেন।