পারমাণবিক সক্ষমতা বাড়ানোর পক্ষে ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প।
ডোনাল্ড ট্রাম্প।

পারমাণবিক সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ নেওয়া উচিত বলে মত দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক টুইট বার্তায় বৃহস্পতিবার রাতে তিনি এ মন্তব্য করেন। পরমাণু অস্ত্রের বিস্তার রোধে কাজ করা বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্র এ ধরনের পদক্ষেপ নিলে তা বিশ্বব্যাপী উত্তেজনা উসকে দিতে পারে।
টুইটার বার্তায় ট্রাম্প লিখেছেন, যুক্তরাষ্ট্রের নিজের পারমাণবিক অস্ত্রের ভান্ডার ব্যাপক আকারে বাড়ানো উচিত। যতক্ষণ পর্যন্ত পরমাণু অস্ত্রের ব্যাপারে বিশ্ব বুদ্ধিদীপ্ত চিন্তা না করছে, ততক্ষণ পর্যন্ত এ কাজ চালিয়ে যাওয়া উচিত। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু বলেননি ২০ জানুয়ারি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে যাওয়া ট্রাম্প।
কিসের ভিত্তিতে ডোনাল্ড ট্রাম্প এ মন্তব্য করেছেন, সে সম্পর্কে স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। এ বিষয়ে ট্রাম্পের মুখপাত্র জেসন মিলার বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠী ও অস্থিতিশীল দেশগুলোর কারণে সৃষ্ট হুমকি মোকাবিলার জন্য পরমাণু নিরস্ত্রীকরণ ঠেকিয়ে রাখা উচিত। এমন ধারণার ভিত্তিতেই ট্রাম্প ওই মন্তব্য করেছেন। তিনি নিজেদের শক্তি বাড়ানোর মাধ্যমেই শান্তি রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
এর আগে গত বৃহস্পতিবারই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার উচিত পরমাণু অস্ত্রের ভান্ডার শক্তিশালী করা। গতকাল রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তাঁর বার্ষিক সংবাদ সম্মেলনে ট্রাম্পের এ টুইটের বিষয়ে বলেন, ‘এ ধরনের মন্তব্য কোনো বিস্ময়ের ব্যাপার নয় এবং এটিই স্বাভাবিক।’