পারিবারিক অভিবাসনের জন্য অপেক্ষা নয়, দ্রুত আবেদন করার পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমেরিকায় অভিবাসন বিরোধিতা এখন চরমে। ডেমোক্র্যাট দল অভিবাসীদের বন্ধু হলেও আমেরিকার সমাজ জীবনে এখন ইমিগ্র্যান্ট বিরোধিতা তুঙ্গে। রক্ষণশীলরা ঠিক কতটা কড়াকড়ি করবেন, এ নিয়ে প্রতিযোগিতায় নেমেছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তৃতা বিবৃতির মাধ্যমে এ বিষটিতে আর কোনো রাখঢাক নেই। ইমিগ্রেশনপ্রবাহ সংকুচিত করার সব ধরনের চেষ্টাই তিনি করবেন। এ নিয়ে মধ্যবর্তী নির্বাচনে যাচ্ছেন যেসব আইনপ্রণেতারা, তাঁরাও ঠিক ইমিগ্র্যান্টদের পক্ষে উচ্চকণ্ঠে দাঁড়াচ্ছেন না। বৈধ-অবৈধ সব অভিবাসন নিয়েই এখন চলছে তোলপাড়। অবৈধ অভিবাসন হ্রাস করার প্রবক্তা হিসেবে পরিচিত প্রেসিডেন্ট ট্রাম্প বৈধ অভিবাসনকেও হ্রাস করার কথা শুধু ভাবছেন না, বাস্তবায়নের জন্য উঠেপড়ে লেগেছেন। যদিও নানা কারণে এ ধরনের আইন প্রস্তাব পাসের উদ্যোগ কংগ্রেসে বারবার থেমে গেছে। অভিবাসনে নিয়ন্ত্রণ আরোপ করা কিংবা সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ পাওয়া যাচ্ছে না।
ট্রাম্পের অভিবাসননীতি পরিবারকেন্দ্রিক বৈধ অভিবাসনকে বিশেষভাবে সীমিত করবে। এ নীতির অধীনে স্বামী-স্ত্রী কেবল তাঁদের সন্তানদের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে আমেরিকায় আনতে পারবেন। এঁরা পরে আমেরিকার নাগরিকত্ব পাবেন। বর্তমানে বিদ্যমান নিয়ম অনুযায়ী গ্রিনকার্ডধারীরা আর তাঁদের প্রাপ্তবয়স্ক সন্তানদের আমেরিকায় আনার সুযোগ পাবেন না।
রিপাবলিকান দলীয় কংগ্রেসম্যান টম কটন এবং ডেভিড পারডু এ প্রস্তাবের প্রতি দৃঢ় সমর্থন জানান। হোয়াইট হাউস থেকে বলা হয়, এই আইনের অধীনে ইতিমধ্যে জমা আবেদনের প্রক্রিয়া চালু থাকবে, তবে ভবিষ্যতে এ ধরনের আবেদন বন্ধ করা হবে। 

অভিবাসনবিরোধী গোষ্ঠীগুলো বছরের পর বছর পরিবারের মাধ্যমে অভিবাসন হ্রাসের দাবি করে আসছে। তারা একে চেইন অভিবাসন হিসেবে আখ্যায়িত করে। ট্রাম্প প্রশাসন চেইন অভিবাসনকে অদক্ষ অভিবাসীদের বিনা বাধায় আমেরিকায় ঢুকে পড়ার উৎস হিসেবে দেখছে। হোয়াইট হাউসের থিংকট্যাংক হিসেবে পরিচিত ‘মাইগ্রেশন পলিসি ইনিস্টিউট’-এর বিশ্লেষক জুলিয়া জিলাট’-এর মতে, কোনো নিয়ন্ত্রণ ছাড়া এরা আমেরিকাতে আসে।
বাস্তবে পরিবারকেন্দ্রিক অভিবাসন অসীম নয়। এর ওপর বেশ কিছু নিয়ন্ত্রণ এখনই বলবৎ আছে। কোন দেশে কতগুলো ভিসা দেওয়া হবে, তা নির্দিষ্ট হয়েছে। বর্তমানে প্রায় ৪০ লাখ ভিসা অপেক্ষমাণ। কোনো কোনো পরিবারের মাধ্যমে আগমনেচ্ছুদের ভিসা পেতে ২০ বছরও লেগে যায়। ফলে চেইন অভিবাসন বাস্তবে বেশ দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। এ ধরনের ভিসা প্রদানের আগে পারিবারিক ধারাবাহিকতা খুব ব্যাপকভাবে খতিয়ে দেখা হয়। (ডিএনএর মাধ্যমে) ভিসা প্রার্থীর স্বাস্থ্যগত-বংশগত সম্পর্ক যাচাই করা হয়। ১৯৫২ সালে গৃহীত নাগরিকত্ব আইনবলে পারিবারিক ভিসা দেয়ার ধারাবাহিকতা এখনো অব্যাহত আছে। ওয়াশিংটন পোস্ট জানায়, এ আইনবলেই ফার্স্ট লেডি মিলোনিয়া ট্রাম্পের পিতা-মাতা আমেরিকায় স্থায়ী বাসিন্দা হিসেবে আছেন এবং তাঁদের নাগরিকত্ব প্রাপ্তির আবেদন প্রক্রিয়াধীন রয়েছে।
ওয়াশিংটন পোস্ট এবং সেন্টার ফর গ্লোবাল ডেভেলপমেন্টের বিশ্লেষণমতে, ট্রাম্পের অভিবাসননীতি বাস্তবায়িত হলে অভিবাসীদের নানা প্রভাব ফেলবে। এর মধ্যে পারিবারিক অভিবাসনের জন্য যাঁরা যোগ্য, তাঁদের অপেক্ষা না করে দ্রুত আবেদন করার পরামর্শ দিচ্ছেন অভিবাসন আইনজীবীরা। কংগ্রেসে আবারও পারিবারিক অভিবাসন সংকুচিত করার প্রস্তাব পাস করানোর উদ্যোগ নেওয়া হবে। হোয়াইট হাউসের নানা সংকট সামাল দিতে প্রেসিডেন্ট ট্রাম্প অভিবাসন বিরোধিতায় তাঁর সমর্থকদের উচ্ছ্বাসকে কাজে লাগাতে নানাভাবে চেষ্টা করবেন। প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করেও এ ধরনের অভিবাসনপ্রবাহ কঠিন করার নানা পরিকল্পনা নিয়ে কাজ চলছে।
অনেক ক্ষেত্রে দেখা যায়, পারিবারিক অভিবাসনের জন্য আবেদন করতে অনেকেই অবহেলা করেন। অনেক ক্ষেত্রে সঠিক তথ্যের অভাবে দেশে থাকা আত্মীয়স্বজনের জন্য আবেদন করতে বিলম্ব করে থাকেন। অভিবাসী আইনজীবীদের মতে, আবেদনপত্র চলমান নিয়মে গৃহীত হয়ে গেলে এবং এ জন্য ফি গ্রহণ করে ফেললে-আবেদনকারী এবং আবেদনের সুবিধাভোগী অনেকটাই শঙ্কা থেকে এগিয়ে থাকার সুযোগ আছে। কংগ্রেসে উত্থাপিত আইন পাস হলেও ইতিমধ্যে অনুমোদন পাওয়া বা প্রক্রিয়াধীন পারিবারিক অভিবাসনের সুবিধাভোগীর জন্য সুযোগ থাকার অবকাশ রয়েছে বলে মনে করা হচ্ছে।