পারিবারিক কলহে বাংলাদেশি পুলিশ কর্মকর্তার আত্মহত্যা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মোহাম্মদ হেমায়েত উদ্দীন সরকার
মোহাম্মদ হেমায়েত উদ্দীন সরকার

নিউইয়র্ক নগর পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) তরুণ কর্মকর্তা মোহাম্মদ হেমায়েত উদ্দীন সরকারের (৩২) মরদেহ ১৫ আগস্ট নিউইয়র্কের লং আইল্যান্ডের ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে দাফন করা হয়েছে। এর আগে ১৪ আগস্ট বাদ মাগরিব জ্যামাইকা মুসলিম সেন্টারে (জেএমসি) জানাজা অনুষ্ঠিত হয়।
১৩ আগস্ট দুপুরে নিজ ঘর থেকে গুলিবিদ্ধ হেমায়েতের মরদেহ উদ্ধার করা হয়। পারিবারিক কলহের জের ধরে তিনি নিজ ঘরে গুলি চালিয়ে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ওই দিনই ঘর থেকে পুলিশ তাঁর মরদেহ উদ্ধার করে।
নিউইয়র্ক নগর পুলিশ বিভাগে (এনওয়াইপিডি) আট শতাধিক বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তা রয়েছেন। আর বাংলাদেশি পুলিশ কর্মকর্তাদের মধ্যে এটিই প্রথম আত্মহত্যার ঘটনা।
হেমায়েত উদ্দীন স্ত্রী, তিন বছর বয়সী একমাত্র শিশু সন্তান আর মা-বাবা ও ভাই-বোনদের নিয়ে নিউইয়র্কের জ্যামাইকার আলবেন এলাকায় বসবাস করছিলেন। তাঁরা দুই ভাই ও দুই বোন। তাঁদের গ্রামের বাড়ি সিরাজগঞ্জে। হেমায়েত এনওয়াইপিডির ট্রাফিক বিভাগের সদস্য হিসেবে প্রথমে পাঁচ বছর কাজ করেন। পরে কর্মকর্তা হিসেবে এনওয়াইপিডিতে যোগ দেন।
হেমায়েত উদ্দীন সরকারের জানাজা ১৪ আগস্ট বাদ মাগরিব জেএমসিতে অনুষ্ঠিত হয়। বাদ মাগরিব অনুষ্ঠিত এই নামাজে ইমামতি করেন জেএমসির পেশ ইমাম ও খতিব মাওলানা মির্জা আবু জাফর বেগ। জানাজার আগে জেএমসি পরিচালনা কমিটির সভাপতি খাজা মিজান হাসান, সেক্রেটারি মনজুর আহমেদ চৌধুরী, এনওয়াইপিডির বাংলাদেশি পুলিশ অফিসার অ্যাসোসিয়েশনের সভাপতি শামসুল আলম ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর, এনওয়াইপিডির ইমাম ও নিউইয়র্কের বাংলাদেশ কনস্যুলেটে নিযুক্ত কনসাল জেনারেল শামীম আহসানের পক্ষে তাঁর প্রতিনিধি আসিফ আহমেদ উপস্থিত মুসল্লিদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তৃতা করেন।
পুলিশ কর্মকর্তা হেমায়েত উদ্দীন সরকারের জানাজা উপলক্ষে নিউইয়র্ক নগরের পুলিশ বিভাগ জেএমসি এলাকায় ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়াসহ তাঁকে আনুষ্ঠানিকভাবে গার্ড অব অনার প্রদান করে। এ সময় পুলিশ বিভাগের কমান্ডার ও পদস্থ কর্মকর্তাসহ এনওয়াইপিডির বিপুলসংখ্যক কর্মকর্তা জেএমসি সংলগ্ন ১৬৮ স্ট্রিটে সারিবদ্ধভাবে অবস্থান নেন। এ ছাড়া কমিউনিটি নেতৃবৃন্দ ও এনওয়াইপিডিতে কর্মরত বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তাসহ বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশি জানাজায় অংশ নেন।
জানাজা নামাজ শেষে এনওয়াইপিডির পক্ষ থেকে গার্ড অব অনার জানিয়ে হেমায়েতের মরদেহ গাড়িতে তুলে দেওয়া হয়। এ সময় মরহুমের পরিবারের সদস্যরা কফিনের সামনে ছিলেন। এ সময় পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পারিবারিক সিদ্ধান্তে নিউইয়র্কের লং আইল্যান্ডে ওয়াশিংটন মেমোরিয়াল কবর স্থানে তাঁর মরদেহ দাফন করা হয়।
হেমায়েত উদ্দীনের পরিবারের ঘনিষ্ঠ
সূত্র জানায়, দীর্ঘদিন থেকে স্ত্রীর সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে তাঁর মনোমালিন্য চলছিল। ১৩ আগস্ট তিনি ঘরেই ছিলেন। এর আগে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার একপর্যায়ে নিজ বাসার বেসমেন্টে তিনি নিজেই
নিজেকে গুলি করেন। আকস্মিক গুলির
শব্দে পরিবারের সদস্যরা হতচকিত হয়ে পড়েন। তাঁরা বেইসমেন্টে গিয়ে ভেতর
থেকে দরজা বন্ধ পান। দ্রুত পুলিশ বিভাগকে খবর দেওয়া হলে তারা এসে দরজা ভেঙে হেমায়েতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে।
হেমায়েত মাত্র কয়েক মাস আগে ওই বাড়িটি কিনেছিলেন। এর আগে এনওয়াইপিডির ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়ে তিনি কর্মকর্তা হিসেবে পুলিশে যোগ দেন। ২০০২ সালে তিনি যুক্তরাষ্ট্রে আসেন। এনওয়াইপিডির কর্মকর্তা হিসেবে ব্রুকলিনের হাউজিং-২ শাখায় তিনি কাজ করতেন।