পারিবারিক জীবনে টানাপোড়েন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রান্নাঘরে ব্যস্ত এমি বার্নস (বাঁয়ে) ও জ্যাকব জিয়াকোভেচ দম্পতি। মা এমির কোলে ছোট্ট রোমান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো শহরে থাকেন তাঁরা l ছবি: নিউইয়র্ক টাইমসের সৌজন্যে
রান্নাঘরে ব্যস্ত এমি বার্নস (বাঁয়ে) ও জ্যাকব জিয়াকোভেচ দম্পতি। মা এমির কোলে ছোট্ট রোমান। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সাক্রামেন্টো শহরে থাকেন তাঁরা l ছবি: নিউইয়র্ক টাইমসের সৌজন্যে

সংসারের কাজ সামলায় কে—প্রশ্নটা করা হয়েছিল ১১ মাস বয়সী শিশু ফিওনার বাবা সুন ওম্যালিকে। পেশায় তিনি বায়োটেক উপদেষ্টা। ওম্যালি বললেন, ‘আমি মনে করি, মোটামুটি সমানভাবে সংসার সামলাই আমরা।’ যদিও তাঁর কর্মজীবী স্ত্রী আন মেরকোলিয়ানোর ভিন্নমত, ‘আমি বলব, আমি বেশি করি।’
১৫ মাস বয়সী রোমানের মা এমি বার্নস। তাঁর কাছে সংসার-চাকরি বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, অপ্রীতিকর কাজ করছেন—এমনটা প্রতিনিয়ত মনে হয় তার। বাচ্চার সঙ্গে যতটা সময় কাটাতে চান, তা ঠিকমতো পেরে ওঠেন না। বন্ধুদের সঙ্গে দেখা হওয়াও যেন বিরল কোনো ঘটনা। রোমানের স্কুলের যাওয়ার বয়স হতে আরও দেরি। আর তাতেই এ অবস্থা তাঁর।
এ ধরনের টানাপোড়েন মার্কিন পারিবারিক জীবনকে প্রতিনিয়ত প্রশ্নের মুখে ফেলছে। সম্প্রতি এক জরিপে ধরা পড়ে, কর্মজীবী অভিভাবকেরা মানসিক চাপ, ক্লান্তি ও হুড়োহুড়িতে থাকার জন্য সন্তান ও জীবনসঙ্গীর সঙ্গে গুণগত সময় কাটানোর সুযোগ কম পান। এমনকি নিজের শখ মেটানোরও সময় নেই তাঁদের।
আধুনিক পরিবারের সংকটময় চিত্র তুলে ধরে সম্প্রতি পিউ রিসার্চ সেন্টার একটি জরিপ পরিচালনা করে। এতে প্রতিটি রাজ্যের মানুষকে নমুনায় অন্তর্ভুক্ত করা হয়। ল্যান্ডফোন বা সেলফোনে তাতে অংশ নেন ১ হাজার ৮০৭ জন অভিভাবক।
জরিপ অনুযায়ী, ৫৬ শতাংশ কর্মজীবী অভিভাবক বলছেন, কর্মক্ষেত্র ও বাসার ভারসাম্য করা কঠিন। অন্যদিকে যাঁদের কাছে সন্তান লালনপালন সব সময়ই উপভোগের, তাঁদের কাছে কাজ ও পরিবারের ভারসাম্য করা কঠিন কিছু নয়। পূর্ণকালীন কর্মজীবী অভিভাবকের মধ্যে ৩৯ শতাংশ মা ও ৫০ শতাংশ বাবা মনে করেন, সন্তানের সঙ্গে সীমিত সময় কাটান তাঁরা। আর ৫৯ শতাংশ কর্মজীবী মায়েরা বলেন, তাঁদের জীবনে অবসরের পর্যাপ্ত সময় নেই। অর্ধেকের বেশি কর্মজীবী বাবারাও ঠিক একই দাবি। আর অভিভাবকত্বের কারণে পেশায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা অনুভব করেন ৪১ শতাংশ কর্মজীবী মা ও ২০ শতাংশ বাবা।
অফিসের কাজ কিছুটা কমিয়ে ঘরের কাজে ও সন্তানের যত্নে বাবারা আগের চেয়ে সময় দিচ্ছেন ঢের বেশি। এসব সত্ত্বেও সন্তানকে লালনপালন করে বড় করা কিংবা অসুখ হলে সেবাযত্নের দায়িত্ব বেশি পালন করছেন মায়েরাই।
পাশ্চাত্যে পারিবারিক কাঠামোর স্থায়ী পরিবর্তন ঘটেছে, সন্তানের মা-বাবা দুজনই বাইরে কাজ করছেন। জরিপ বলছে, ১৯৭০ সালে যেখানে ৩১ শতাংশ মা-বাবা পূর্ণকালীন কর্মজীবী ছিলেন। বর্তমান সময়ে তা এসে ঠেকেছে ৪৬ শতাংশে। অথচ রাষ্ট্রীয় নীতি, কর্মক্ষেত্রের কাঠামোসহ আনুষঙ্গিক বিষয়ের অনুকূল পরিবর্তন তেমনটা হয়নি।
সান ডিয়াগোর ইউনিভার্সিটি অব ক্যালিফর্নিয়ার সেন্টার ফর রিসার্চ অন দ্য জেন্ডার অন প্রফেশন্সের প্রতিষ্ঠাতা পরিচালক ও সমাজবিজ্ঞানী মেরি ব্লেয়ার লয় বলেন, ‘এটি ব্যক্তির সমস্যা নয়, সামাজিক সমস্যা। কর্মজীবী মা-বাবার জন্য এটি চাপ তৈরি করছে, যা পারিবারিক জীবন ও শিশুদের প্রভাবিত করছে।’ এ ক্ষেত্রে বেতনসহ পারিবারিক ছুটির সুবিধা এবং স্কুল-পরবর্তী সময়ে শিশুদের কর্মক্ষেত্রে রাখার ব্যবস্থার সুপারিশ করেন তিনি। সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস।