পারিবারিক সহিংসতা রোধে ওয়েবসাইট চালু
পারিবারিক সহিংসতা রোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারণার জন্য ওয়েবসাইট চালু করেছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। পারিবারিক সহিংসতার শিকার ব্যক্তিবর্গকে সহায়তা দেওয়ার পাশাপাশি এ সম্পর্কিত বিভিন্ন নিরাপত্তা তথ্য দিতেই ‘এনওয়াইসিহোপ’ নামের এ ওয়েবসাইট চালু করা হয়েছে।
নিউইয়র্ক নগরীর ফার্স্ট লেডি শারলেন ম্যাকক্রে ৮ ফেব্রুয়ারি ‘এনওয়াইসিহোপ’ নামের এ ওয়েব পোর্টাল খোলার ঘোষণা দেন। পারিবারিক সহিংসতার শিকারদের সহায়তা দেওয়াই এর মূল লক্ষ্য। পাশাপাশি এ বিষয়ে গণ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রচারাভিযানও শুরু হয়েছে। প্রায় এক যুগ আগে শুরু হওয়া ‘উই আন্ডারস্ট্যান্ড’ প্রচারাভিযানকেই এবার আরও বেগবান করার উদ্যোগ নেওয়া হয়েছে।
পারিবারিক সহিংসতার অভিযোগ জানাতে একটি হটলাইনও রয়েছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের। এ ‘ডোমেস্টিক ভায়োলেন্স হটলাইন’—এ প্রতি বছর ৮০ হাজারের বেশি ফোনকল আসে। এ ছাড়া জরুরি পরিষেবা নম্বর ৯১১-এ হরহামেশাই এ ধরনের অভিযোগ আসে। বিষয়টি দিন দিন উচ্চ মাত্রা পাওয়ায় এখন পারিবারিক সহিংসতা রোধে এই বিশেষ ওয়েবসাইট চালু করা হয়েছে।
এ সম্পর্কিত এক বিবৃতি নগরীর শারলেন ম্যাকক্রে বলেন, ওয়েবপেজ ‘এনওয়াইসিহোপ’ ও ‘উই আন্ডারস্ট্যান্ড’ প্রচারাভিযান নিউইয়র্ক নগরীর বাসিন্দাদের পারিবারিক সহিংসতার জটিল বিষয়াবলির ব্যাপারে মানুষকে আরও শিক্ষিত ও সচেতন করে তুলবে। সহিংসতার শিকারদের এ সম্পর্কিত ভীতি কাটিয়ে ওঠার পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সেবাও দেওয়া হবে এর মাধ্যমে। ওয়েবসাইটে থাকছে সুস্থ ও অন্তরঙ্গ সম্পর্ক বজায় রাখার কৌশল ও নিরাপত্তা সম্পর্কিত তথ্য। পাশাপাশি পারিবারিক সহিংসতার বিভিন্ন নজির ও এসব ঘটনায় বন্ধু ও পরিজনদের ভূমিকা সম্পর্কিত সংশ্লিষ্ট অভিজ্ঞতাও এতে তুলে ধরা হচ্ছে।
পারিবারিক সহিংসতা বন্ধে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের গঠিত টাস্কফোর্সের সুপারিশে এ ওয়েব পোর্টাল চালু ও এ সম্পর্কিত প্রচারাভিযানের উদ্যোগ নেওয়া হয়। এর আওতায় বাস, সাবওয়েসহ সব গণপরিবহন ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। সহিংসতা রোধ ও এর শিকারদের সহায়তার আহ্বান জানিয়ে ১২ সপ্তাহ ধরে চলবে এই প্রচারণা।