পার্ক করা গাড়ির কাচ ভেঙে যাচ্ছে অপরাধীরা

নিউইয়র্কের কুইন্সের নানা এলাকায় সড়কের পাশে পার্ক করা গাড়ির কাচ ভাঙছে একটি সংঘবদ্ধ অপরাধী চক্র। জনবহুল নিউইয়র্কের কুইন্স, ব্রঙ্কস ও ব্রুকলিনের অধিকাংশ মানুষই সড়কের পাশে পার্কিংয়ের ওপর নির্ভরশীল। কিন্তু এখন এ সংঘবদ্ধ চক্রের কারণে মানুষের মধ্যে এক ধরনের শঙ্কা বিরাজ করছে। গত এক সপ্তাহে অন্তত ২০ জন প্রবাসী তাঁদের পার্ক করা গাড়ির কাচ ভাঙা পেয়েছেন সকালবেলা।
এর আগেও মহামারির মতো এ সমস্যা দেখা দিয়েছিল নিউইয়র্ক। সে সময় নিউইয়র্ক পুলিশ সংঘবদ্ধ একটি চক্রকে গ্রেপ্তার করে জ্যামাইকা এলাকা থেকে। গাড়ির কাচ বিক্রেতা থেকে শুরু করে বখাটে তরুণদের এ দলকে গ্রেপ্তারের পর জানা যায়, কেবল বিদ্বেষের কারণেই কাচ ভাঙা হয়নি। এর পেছনে অন্য অনেক কারণও রয়েছে।
যেসব গাড়ির ফুল কাভার ইনস্যুরেন্স আছে, তাদের ইনস্যুরেন্স ক্লেইমের পর পেমেন্ট বাড়ছে। যাদের কেবল থার্ড পার্টি ইনস্যুরেন্স আছে, তাঁরা গাড়ি মেরামতের ঝামেলায় পড়ছেন। ফলে মধ্য আয়ের লোকজনের ওপর অর্থনৈতিক চাপ পড়ছে। অনেকেই নানা ঝামেলার কারণে পুলিশ ডাকছেন না।
নিউইয়র্কের সড়কের পাশে এমন উপদ্রব প্রতি গ্রীষ্মে এমনিতেই বেড়ে যায়। স্কুল ছুটি থাকায় কিশোর অপরাধী ও বখাটেদের দৌরাত্ম্য এ সময় বেড়ে যায়। এ বছর গ্রীষ্মের শুরুতেই এমন উপদ্রব বেড়ে যাওয়ায় সতর্কভাবে গাড়ি পার্ক করার পরামর্শ দেওয়া হচ্ছে। গাড়ির কাচ বা গাড়িতে স্প্রে করে গেছে—এমন পাওয়া গেলে পুলিশে রিপোর্ট করার পরামর্শ দিয়েছে পুলিশ বিভাগ। গ্রীষ্মের এ সময়ে এসব বখাটে ও অপরাধীদের গ্রেপ্তার করতে অতিরিক্ত টহলের কথা জানিয়েছে নিউইয়র্ক পুলিশ।