পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচনের তারিখ ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পার্কচেস্টার জামে মসজিদ
পার্কচেস্টার জামে মসজিদ

নিউইয়র্কে বাঙালি অধ্যুষিত ব্রঙ্কসের দ্য পার্কচেস্টার জামে মসজিদের পরিচালনা কমিটির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। নির্বাচন পরিচালনা জন্য গঠিত নির্বাচন কমিশন সূত্র বলেছে, আগামী ১২ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ ঠিক করা হয়েছে।
আসন্ন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার লক্ষ্যে ২৪ সেপ্টেম্বর রাতে পার্কচেষ্টার জামে মসজিদ নির্বাচন কমিশন ও মসজিদের কার্যকরী কমিটির এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। পার্কচেষ্টার জামে মসজিদ কমিটির সভাপতি সৈয়দ আল ওয়াহিদ নাজিমের সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভাটি পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ চৌধুরী।
যৌথ সভায় আসন্ন নির্বাচনের সার্বিক দিক ও ভোটার তালিকা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। মসজিদ কমিটির উপস্থিত কর্মকর্তা ও নির্বাচন কমিশনের সব সদস্য আলোচনায় অংশ নেন। সভায় মসজিদের আজীবন ও সাধারণ সদস্যসহ চূড়ান্ত ভোটার তালিকা আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে নির্বাচন কমিশনের কাছে হস্তান্তর করার জন্য মসজিদ কমিটির প্রতি নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমান বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।
এদিকে, যৌথ সভাশেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমানের সভাপতিত্বে কমিশনের সদস্যদের নিয়ে সংক্ষিপ্ত একটি সভা অনুষ্ঠিত হয়। কমিশনের সভায় সর্বসম্মতিক্রমে সিরাজ উদ্দিন আহমদ সোহাগকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়। আগামী ১ অক্টোবর সন্ধ্যায় নির্বাচন কমিশনের পরবর্তী সভা করার সিদ্ধান্ত গৃহীত হয়।
পার্কচেষ্টার জামে মসজিদ নির্বাচন কমিশনের কর্মকর্তারা হলেন চেয়ারম্যান সাইয়্যিদ মুজিবুর রহমান, সদস্যসচিব সিরাজ উদ্দিন আহমদ, সদস্য ইফতেখার সিরাজ, শামিম মিয়া ও মোহাম্মদ আজিজুল করিম।