পার্কচেস্টার মসজিদের নির্বাচন স্থগিত

ব্রঙ্কসের প্রাচীনতম মসজিদ পার্কচেস্টার জামে মসজিদের নির্বাচন স্থগিত করেছেন ব্রঙ্কস সুপ্রিম কোর্ট। ২২ অক্টোবর নির্বাচনী কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন আদালত। আদালতের রায় আগামী ২৯ অক্টোবরের মধ্যে বিবাদী পক্ষের কাছে পৌঁছানোর জন্য বলা হয়। আগামী ১০ নভেম্বর এই নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
বর্তমান কমিটির সহসভাপতি আবদুস শহীদ ও জয়নাল আহমেদ চৌধুরী, সহকোষাধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, এডুকেশন সেক্রেটারি ইসলাম উদ্দিন, কালচারাল সেক্রেটারি হিফজুর রহমান চৌধুরী, সদস্য আবদুল বাসির খান, মো. লোকমান হোসেন ও ফারুক আহমেদ বাদী হয়ে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রম স্থগিত চেয়ে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। মামলায় বিবাদী করা হয় পার্কচেস্টার জামে মসজিদ ইনক, পার্কচেস্টার জামে মসজিদের সভাপতি মোস্তাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া ও কোষাধ্যক্ষ মাজলুল আহমেদ এবং মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরীকে। মামলার ডকেট নম্বর ২৬০৭৬৬-১৯।
আদালত পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচনী কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়ে পার্কচেস্টার জামে মসজিদকে তাদের বিরুদ্ধে আনা অভিযোগের জবাব দিতে সময় নির্ধারণ করে দেন। এ মামলার শুনানির তারিখ আগামী ২৫ নভেম্বর।
পার্কচেষ্টার জামে মসজিদের বর্তমান কমিটির ৮ কর্মকর্তার দায়ের করা মামলার আরজিতে মসজিদের গঠনতন্ত্র লঙ্ঘন, ভোটার তালিকা প্রণয়নে অনিয়মসহ নানা অভিযোগ উত্থাপন করা হয়। একই সঙ্গে নির্বাচনের ওপর নিষেধাজ্ঞা জারিসহ আদালতের হস্তক্ষেপ কামনা করা হয়।
আদালতের নির্দেশনায় নির্বাচনী কার্যক্রম স্থগিতসহ ২০১৮ সালের ১ জানুয়ারি থেকে বর্তমান সময় পর্যন্ত পার্কচেস্টার জামে মসজিদের যাবতীয় হিসাব-নিকাশ, মেম্বারশিপ রেকর্ড আদালতে দাখিল করতে বলা হয়েছে। এ ছাড়া মসজিদের কার্যকরী কমিটি ও নির্বাচন কমিশনকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদের তহবিল থেকে কোন ধরনের অর্থ ব্যয় করা থেকেও বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
এ বিষয়ে পার্কচেস্টার জামে মসজিদের সাধারণ সম্পাদক আম্বিয়া মিয়া সংবাদমাধ্যমকে বলেন, তাদের আইনজীবী মাননীয় আদালতের নোটিশ পেয়েছেন। তারা আদালতের নির্দেশনা মতোই সবকিছু করবেন।
এদিকে, পার্কচেষ্টার জামে মসজিদের প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী বলেন, তাঁরা আদালতের নোটিশ পাননি। তবে পার্কচেষ্টার জামে মসজিদের নির্বাচনী কার্যক্রমের বিরুদ্ধে কোর্টে মামলা দায়েরের কথা তাঁরা শুনেছেন। কোর্টের নির্দেশ না পাওয়া সত্ত্বেও আদালতের প্রতি যথাযথ সম্মান জানিয়ে নির্বাচনী কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। মাননীয় আদালতের নির্দেশ হাতে আসার পর নির্দেশনায় অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করবে।
আহবাব বলেন, পার্কচেষ্টার জামে মসজিদের ২০২০-২০২৩ সালের নির্বাচনে কার্যকরী পরিষদের ১৫টি পদে দুটি প্যানেল থেকে ১৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। ১৯ অক্টোবর মনোনয়নপত্র জমা দেওয়ার নির্ধারিত তারিখে প্রার্থীরা মসজিদের দোতলায় সরাসরি নির্বাচন কমিশনের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেন। তিনিসহ মনোনয়নপত্র গ্রহণ করেন নির্বাচন কমিশনার আজিজুল করিম, মাহিদুল ইসলাম, সালেহ আহমদ ও মনসুরুল হাসান।
প্রধান নির্বাচন কমিশনার আহবাব চৌধুরী বলেন, এ নির্বাচনে ‘মোস্তাক-আম্বিয়া’ পূর্ণ প্যানেলে এবং ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও কোষাধ্যক্ষ পদে মনোনয়নপত্র দাখিল করা হয়।
পরে বাছাইকালে মনোনয়নপত্র অসম্পন্ন হওয়ায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের এডুকেশন সেক্রেটারি প্রার্থী ওবায়েদ আনসারীর মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন। নির্বাচনী তফসিল অনুযায়ী, নির্বাচন কমিশন চূড়ান্ত প্রার্থী তালিকায় ‘মোস্তাক-আম্বিয়া’ প্যানেলের ১৪ জনের নাম প্রকাশ করে।
অন্যদিকে, ‘সাব্বির-শামসুজ্জামান’ প্যানেল থেকে তিনজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও পরে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বাছাইকালে অসম্পন্ন হওয়ায় এই প্যানেলের তিনজনের মনোনয়নপত্রই বাতিল করে।