পার্টি করা হলো না তাদের
থ্যাকসগিভিং ডে উদ্যাপনের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে উৎসবের মৌসুম। উৎসব মানেই প্রিয়জনদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া। কিন্তু করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির এই সময়ে তা আর হচ্ছে কই? আবার শুরু হয়েছে স্বাস্থ্য সুরক্ষা নীতি মেনে চলার কড়াকড়ি। এ অবস্থায় নিউইয়র্কের গারমেন্ট ডিস্ট্রিক্টে পার্টি শেষ না করেই ঘরে ফিরে যেতে হয়েছে ৪০০ ব্যক্তিকে।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক ডেইলির খবরে বলা হয়, গতকাল শনিবার নিউইয়র্ক নগরের ম্যানহাটনের গারমেন্ট ডিস্ট্রিক্টের একটি স্থানে উৎসব উদ্যাপনের জন্য সমবেত হয়েছিলেন অনেকে। কিন্তু ওই পার্টিতে জনসমাবেশের ক্ষেত্রে মানা হয়নি কোভিড-১৯ সম্পর্কিত স্বাস্থ্য সুরক্ষা নীতি। একই সঙ্গে অ্যালকোহল সম্পর্কিত আইনও মানা হয়নি সেখানে। এ অবস্থায় সেখানে হানা দেন নগরের শেরিফ কার্যালয় থেকে সেখানে অভিযান চালানো হয় এবং ওই পার্টিতে অংশ নেওয়া ৪০০ জনকে ঘরে ফিরে যেতে বাধ্য করা হয়।
নিউইয়র্ক নগরের ডেপুটি শেরিফদের নেতৃত্বে গতকাল শনিবার স্থানীয় সময় রাত ২টা ৪৫ মিনিটের দিকে অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানের সময় দেখা যায়, ওই পার্টিতে প্রায় ৪০০ লোক উপস্থিত রয়েছেন, যারা কোনো মাস্ক না পরেই পার্টিতে অংশ নিচ্ছেন। মানা হচ্ছে না শারীরিক দূরত্ব মেনে চলার নীতিও। নগরের মেয়র কার্যালয় থেকে আরোপিত কোভিড-১৯ সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষা নীতি ও এ সম্পর্কিত বিধিনিষেধ মানার কোনো বালাই নেই। ফলে সেখান থেকে সবাইকে ঘরে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। এ সময় ওই পার্টির এক আয়োজকসহ চারজন ব্যক্তি বাধা দিলে, তাঁদের গ্রেপ্তার করা হয়। বাকিদের নিজ নিজ ঘরে পাঠিয়ে দেওয়া হয়।
নিউইয়র্ক ডেইলি জানায়, আটক ব্যক্তিরা হলেন জেমস জেনকিনস, পেনসিলভানিয়া থেকে আসা পার্টির ডিজে রোনাল্ড হেলভি, নিউজার্সির বাসিন্দা জাহমিয়ের লুইস ও ভিনসেন্ট সেরেঘিনি। এদের মধ্যে জেমস জেনকিনসের বিরুদ্ধে সরকারি কাজে বাধা এবং অবৈধ অস্ত্র রাখা ও অনুমোদন ছাড়াই অ্যালকোহল বিক্রির অভিযোগ আনা হয়েছে।