পালিত হচ্ছে অভিবাসী ঐতিহ্যের মাস

জুন মাসকে অভিবাসী ঐতিহ্যের মাস হিসেবে পালন করছে ১১টি সংগঠন। এ উপলক্ষে ব্রুকলিনের কেনসিংটনে অ্যাভিনিউ সি প্লাজায় মাসজুড়ে চলছে নানা আয়োজন। কাল ২৯ জুন সমাপনী দিনে থাকছে বিশেষ কনসার্ট। এতে বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টস-বিপা ছাড়াও বিভিন্ন জাতিগোষ্ঠীর আরও চারটি সংগীত দল অংশ নেবে। বিকেল ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই সংগীতের আসর। আজ শুক্রবার বিকেল চারটা থেকে ৬টা পর্যন্তও থাকছে বিশেষ আয়োজন।
আয়োজকেরা বলছেন, মূলত অভিবাসী জনগোষ্ঠীর মধ্যে সাংস্কৃতিক ঐতিহ্য বিনিময় করাই হচ্ছে এমন আয়োজনের উদ্দেশ্য। এই উদ্যোগে শিশু–কিশোরদের প্রতি নজর দেওয়া হয়েছে বেশি।
অ্যাভিনিউ সি প্লাজায় ভ্রাম্যমাণ স্টুডিও বসিয়ে মাসজুড়ে সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও আরও চার দিন নানা কর্মসূচি নিয়ে ব্যস্ত সময় পার করেছেন আয়োজকেরা। তাদের আয়োজনে স্থান পেয়েছে বই পড়া, আঁকাআঁকি, মেহেদি দেওয়া শেখানো, ঘুড়ি বানানো, নকশি কাঁথা সেলাই। প্রতিদিন গড়ে ১৫ জন শিশু–কিশোর অংশ নিয়েছে নানা সৃজনশীল কর্মকাণ্ডে।
আয়োজক সংগঠন ও প্রতিষ্ঠানগুলো হচ্ছে—আর্টবিল্ট, আর্টস অ্যান্ড ডেমোক্রেসি, দি কেনসিংটন স্টুয়ার্ডস, কাসা কুলতুরাল, বাংলাদেশ ইনস্টিটিউট অব পারফরমিং আর্টস-বিপা, সিংগিং উইন্ড, এনওসিডি এনওয়াই, নিউইয়র্ক সিটি কাউন্সিল মেম্বার ব্র্যাড লেন্ডার, এনওয়াইসি কালচারাল অ্যাফেয়ার্স, এনওয়াইসি স্মল বিজনেস সার্ভিসেস, ন্যাশনাল এনডৌমেন্ট ফর দ্য আর্টস।
আয়োজকেরা জানিয়েছেন, চার বছর ধরে এই আয়োজন চলছে। যে এলাকায় স্থায়ী কমিউনিটি সেন্টার নেই, সেখানে ভ্রাম্যমাণ স্টুডিওর মাধ্যমে তারা কার্যক্রম চালাচ্ছেন। অ্যাভিনিউ সি প্লাজায় এবারের আয়োজনে আশপাশের বাসিন্দাদের উপস্থিতি ও অংশগ্রহণ সন্তোষজনক বলে জানান তাঁরা।