যুক্তরাষ্ট্রের ৭৫৫ জন কূটনীতিককে রাশিয়া থেকে বহিষ্কারের রুশ সিদ্ধান্তকে মার্কিন পররাষ্ট্র দপ্তর ‘দুঃখজনক ও অযৌক্তিক’ বলে মন্তব্য করেছে। পররাষ্ট্র দপ্তর কূটনীতিকের সংখ্যা কমানোর ওই নির্দেশ সম্পর্কে বলেছে, ‘কীভাবে এর জবাব দেওয়া যায়, সেটা আমরা ভেবে দেখছি।’
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলে দিয়েছেন, তাঁদের নতুন নিষেধাজ্ঞার আওতায় রাশিয়ায় মার্কিন কূটনীতিকের সংখ্যা আগামী ১ সেপ্টেম্বরের মধ্যে ৭৫৫ জন কমাতে হবে।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় গত রোববার সেই নির্দেশ জারি করে। দেশটির ওপর যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার প্রতিক্রিয়ায় মস্কো এমন সিদ্ধান্ত নিয়েছে। মার্কিন কংগ্রেস ইতিমধ্যে রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব অনুমোদন করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠিয়েছে। তিনি সই করলেই সেটা আইনে পরিণত হবে।
কংগ্রেসের ওই পদক্ষেপের দুই দিন পরেই রাশিয়া তাদের দেশ থেকে ৭৫৫ জন মার্কিন কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়।
বর্তমানে মস্কোয় মার্কিন দূতাবাস এবং সেন্ট পিটার্সবার্গ, ভ্লাদিভস্টক ও ইয়েকাতেরিনবার্গে তিনটি কনস্যুলেটে এক হাজারের বেশি মানুষ কাজ করছেন। পুতিন এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, তাঁর মনে হয়েছে যুক্তরাষ্ট্রকে কোনো জবাব না দিয়ে ছেড়ে দেওয়া উচিত নয়। সে জন্যই তিনি কূটনীতিক বহিষ্কারের নির্দেশ দিয়েছেন।
২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর হস্তক্ষেপ এবং ইউক্রেন ও সিরিয়ায় রুশ সামরিক আগ্রাসনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে রাশিয়ার ওপর বেশ কিছু অবরোধ ও নিষেধাজ্ঞা আরোপ করেছে। এ বিষয়ে অসন্তোষ জানিয়ে পুতিন বলেন, ‘আমরা আশা করেছিলাম, পরিস্থিতি কোনো না কোনোভাবে পাল্টাবে। কিন্তু আপাতদৃষ্টিতে কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, শিগগিরই হবে বলেও মনে হয় না। রাশিয়া তো যুক্তরাষ্ট্রকে সন্ত্রাসবাদ, সাইবার অপরাধসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করছে। কিন্তু পরিবর্তে কেবল যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের একটাই অভিযোগ শুনতে হচ্ছে।’
রাশিয়া থেকে কূটনীতিক বহিষ্কারের ওই নির্দেশ সম্পর্কে মার্কিন পররাষ্ট্র দপ্তর বলেছে, ‘আমরা এ ধরনের সীমাবদ্ধতা আরোপের প্রতিক্রিয়া যাচাই করে দেখছি এবং কীভাবে এর জবাব দেওয়া যায়, সেটাও ভেবে দেখছি।’
দপ্তরের পক্ষ থেকে রাশিয়ায় কর্মরত মার্কিন কূটনীতিকের প্রকৃত সংখ্যা জানানো হয়নি। তবে ধারণা করা হয়, সংখ্যাটা প্রায় ৪০০ হবে। অনেকে পরিবার-পরিজন নিয়ে রাশিয়ায় অবস্থান করছেন, তাঁদের সবাই কূটনৈতিক পাসপোর্টধারী।
পুতিনের মুখপাত্র দিমিত্রি পেস্কভ গতকাল বলেছেন, রাশিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রে সম্পর্ক আবার ভালো করার আশা এখনো আছে। তবে সেটা ওয়াশিংটনের ‘রাজনৈতিক স্কিৎজোফ্রেনিয়া’ থেকে সেরে ওঠার ওপর নির্ভর করবে।
পেস্কভ স্বীকার করেন, এই মুহূর্তে দুই দেশ পারস্পরিক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা থেকে অনেক দূরে অবস্থান করছে।
রাশিয়া-যুক্তরাষ্ট্র কূটনৈতিক পাল্টাপাল্টি ব্যবস্থা শুরু হয়েছে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে। ২০১৬ সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগে ওবামা যুক্তরাষ্ট্র থেকে ৩৫ জন রুশ কূটনীতিককে বহিষ্কারের নির্দেশ দেন এবং যুক্তরাষ্ট্রে দুটি রুশ বিনোদনকেন্দ্র বন্ধ করে দেন।