পাল্টাচ্ছে নিউইয়র্কের দিগন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের ৪৩২ পার্ক অ্যাভিনিউতে নির্মাণাধীন আকাশচুম্বী ভবন l এএফপি
নিউইয়র্কের ৪৩২ পার্ক অ্যাভিনিউতে নির্মাণাধীন আকাশচুম্বী ভবন l এএফপি

অতি উঁচু, অতি সরু এবং অতি ব্যয়বহুল—এই তিন বৈশিষ্ট্য যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক নগরের নতুন প্রজন্মের আকাশছোঁয়া ভবনগুলোর। এসব অট্টালিকার কোনো কোনোটি উচ্চতায় সেখানকার ম্যানহাটন এলাকার এম্পায়ার স্টেট বিল্ডিংকেও ছাড়িয়ে গেছে। সুউচ্চ ভবনের জন্য বিশ্বখ্যাত এলাকাটির দিগন্ত বদলে যাচ্ছে এভাবেই।
শুধু যে রাজমিস্ত্রিদের কাজের পরিধি বাড়ছে, তা নয়। ভবনগুলোর দামও বাড়ছে পাল্লা দিয়ে। সম্প্রতি তিনটি অ্যাপার্টমেন্ট বিক্রি হয়েছে, যেগুলোর একেকটির দাম ১০ কোটি মার্কিন ডলারেরও বেশি। নিউইয়র্কের সেন্ট্রাল পার্কের দক্ষিণ অংশে ছয়টি সুউচ্চ ভবন নির্মাণের পরিকল্পনা হয়েছে। কোনো কোনোটির নির্মাণকাজ ইতিমধ্যে শুরুও হয়েছে। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের আশপাশে বা আরও দক্ষিণে নির্মাণ করা হবে আরও কয়েকটি আকাশছোঁয়া ইমারত।
ইতিহাসবিদ এবং দ্য স্কাইস্ক্র্যাপার মিউজিয়াম জাদুঘরের প্রতিষ্ঠাতা পরিচালক ও তত্ত্বাবধায়ক ক্যারল উইলিস বলেন, সুউচ্চ ভবন নির্মাণের ইতিহাসে আসলেই পরিবর্তন হয়েছে। আর তা সবে দেখা যেতে শুরু করেছে। আগামী ৫ থেকে ১০ বছরে এ ধরনের অট্টালিকার সংখ্যা বেড়ে যাবে এবং ম্যানহাটনের দিগন্তটাও বদলে যাবে।
নতুন ভবনগুলো ৫০ থেকে ৮০ তলা সমান উঁচু। সেগুলোর স্থপতিদের কেউ কেউ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন। ভবনগুলো যাঁরা কিনছেন, তাঁরা আবার বিশ্বের বিভিন্ন দেশের ধনকুবের হিসেবে খ্যাত। চটকদার একটি আকাশছোঁয়া ভবনের মালিক হওয়াকে তাঁরা বিলাসের পাশাপাশি বিনিয়োগ মনে করেন। অবশ্য তাঁদের অনেকে সব সময় নিউইয়র্কে থাকেন না।
সেন্ট্রাল পার্কের ঠিক দক্ষিণে ১৫৭ ওয়েস্ট ফিফটি সেভেন্থ স্ট্রিটের ‘ওয়ান ফিফটি সেভেন’ নামের ইমারতটি ইতিমধ্যে বিলিয়নার্স রো নামে পরিচিতি পেয়েছে। এক হাজার ফুট উঁচু ও ৭৫ তলা ভবনটির নির্মাণকাজ ২০১৪ সালে শেষ হয়। এর ওপরের দিকে রয়েছে ৯২টি অ্যাপার্টমেন্ট। এটি নিউইয়র্কের সবচেয়ে উঁচু আবাসিক ভবন হতে যাচ্ছিল। তবে সেই গৌরব কেড়ে নিয়েছে প্রায় নির্মিত ফোর থার্টি টু পার্ক নামের আরেকটি অট্টালিকা। সরু আকারের ভবনটির উচ্চতা ১ হাজার ৩৯৬ ফুট, এতে অ্যাপার্টমেন্টের সংখ্যা ১০৪।
১৫৭ ওয়েস্ট ফিফটি সেভেন্থ স্ট্রিটেই আরেকটি ভবন নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার উচ্চতা হবে দেড় হাজার ফুট। নির্মাণকাজ ২০১৮ সালের মধ্যেই শেষ হওয়ার কথা। নিউইয়র্কের মিউনিসিপ্যাল আর্ট সোসাইটি (এমএএস) জানায়, সেন্ট্রাল পার্ক এলাকাজুড়ে এ রকম আরও কয়েকটি নির্মাণকাজের অনুমোদন দেওয়া হয়েছে।
নিউইয়র্কের অট্টালিকাগুলো যতটা না উচ্চতার জন্য, তার চেয়ে বেশি নান্দনিক বৈশিষ্ট্যের জন্য আকর্ষণীয়। কিন্তু আধুনিক প্রযুক্তি ও নির্মাণ উপাদান ব্যবহার করে সরু টাওয়ারগুলো তৈরি করা হলেও সেগুলো শক্তিশালী বাতাসের মধ্যে কতটা টেকসই হবে, তা নিয়ে কারও কারও মনে সংশয় রয়েছে। এমএএস জানায়, নতুন ভবনগুলো ইতিমধ্যে সেন্ট্রাল পার্ক, খেলার মাঠ, চিড়িয়াখানা ও শিশুদের বিনোদনকেন্দ্রে ছায়া ফেলেছে। প্রায় সবগুলো সুউচ্চ ভবন নির্মিত হয়েছে জনসাধারণের যথাযথ পর্যালোচনা ছাড়াই। তাই এসব ভবন নির্মাণের প্রভাব নিয়ে মূল্যায়ন জরুরি। সূত্র: এএফপি।