পাল্টে যাচ্ছে ভোটের সম্ভাব্য চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

প্রেসিডেন্ট পদে ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটনের ই-মেইল নিয়ে এফবিআই নতুন করে তদন্ত শুরু করেছে, এই ঘোষণার পর জনমতে বড় ধরনের পরিবর্তন এসেছে—এ কথা ভাবার কোনো কারণ নেই। তবে জনমত জরিপে তাঁর প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হিলারির ব্যবধান কমার আভাস পাওয়া যাচ্ছে।
তবে অধিকাংশ ভাষ্যকারের মতে, নির্বাচনের আগে তাঁদের দুজনের ব্যবধান কমে আসাই স্বাভাবিক। রিপাবলিকান দলের সমর্থকেরা, যাঁরা ট্রাম্পের ব্যাপারে বিরক্ত ছিলেন, তাঁদের অনেকে হাত গুটিয়ে থাকার বদলে নিজ গৃহে ফিরে আসায় উদ্যোগী হয়েছেন। অন্যদিকে, স্বতন্ত্র ভোটারদের কেউ কেউ, যাঁরা আগে থেকেই হিলারির প্রতি অসন্তুষ্ট ছিলেন, তাঁরা তাঁর বিপক্ষে চলে যাচ্ছেন।
ওয়াশিংটন পোস্ট/এবিসির নেওয়া সর্বশেষ জরিপে এই মুহূর্তে হিলারি ট্রাম্পের তুলনায় মোটে ১ পয়েন্টে এগিয়ে। ই-মেইল তদন্ত ঘোষণার পরে গৃহীত এই জরিপ অনুসারে সম্ভাব্য ভোটারদের মধ্যে তাঁদের দুজনের সমর্থন যথাক্রমে ৪৬ ও ৪৫ শতাংশ। ব্যবধানের পরিমাণ এত সামান্য হলেও অধিকাংশ ভোটার মনে করেন হিলারি ক্লিনটনই এবার জয়ী হবেন। কেন, এই জরিপে তারও উত্তর মিলেছে। অভিজ্ঞতা ও নৈতিক চরিত্র প্রশ্নে অধিকাংশ ভোটারই হিলারির পক্ষে। কে সমস্যা সমাধানে সবচেয়ে সক্ষম, এই প্রশ্নের জবাবে ভোটাররা তাঁদের দুজনকে সমান পয়েন্ট দিয়েছেন।

ই-মেইল তদন্ত ফের শুরু হওয়ায় তাঁদের সিদ্ধান্ত পরিবর্তিত হয়েছে কি না, এই প্রশ্নের জবাবে ডেমোক্রেটিক সমর্থকদের মধ্যে ৭ শতাংশ মানুষ জানিয়েছেন, তাঁরা হিলারির ব্যাপারে মত বদলাতে পারেন। তবে অধিকাংশই জানিয়েছেন, এ বিষয়ে তাঁদের মাথাব্যথা নেই।

হিলারির জন্য উদ্বিগ্ন হওয়ার মতো একটি খবর এসেছে ফ্লোরিডা থেকে। ই-মেইল তদন্তের খবর প্রকাশের আগে গৃহীত এনবিসি/ওয়াল স্ট্রিট জার্নালের এক জরিপে দেখা যাচ্ছে, এই ‘ব্যাটেল গ্রাউন্ড স্টেটে’ হিলারি মাত্র ১ পয়েন্টে এগিয়ে। সিয়েনা কলেজের এক জরিপে এখানে হিলারি নয়, ট্রাম্প এগিয়ে ৪ পয়েন্টে (ট্রাম্প ৪৬, হিলারি ৪২)। এই হাড্ডাহাড্ডি লড়াইতে ট্রাম্প যে হিলারিকে পেছনে ফেলে এগিয়ে যাচ্ছেন, গত সপ্তাহে ব্লুমবার্গ-এর নেওয়া এক জরিপে তার আভাস মিলেছিল। সেই জরিপে মুখোমুখি দৌড়ে ট্রাম্প হিলারির চেয়ে ১ পয়েন্টে এগিয়ে ছিলেন।

নির্বাচনের ফলাফল শেষ পর্যন্ত ফ্লোরিডা ও অন্যান্য ‘ব্যাটেল গ্রাউন্ড’ রাজ্যগুলোতে নির্ধারিত হবে, এই বিবেচনা থেকে হিলারি ও ট্রাম্প উভয়ই এসব রাজ্যে বিরামহীন প্রচার চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। আগামী তিন দিন হিলারি ক্লিনটন ফ্লোরিডা, ওহাইও, নর্থ ক্যারোলাইনা ও উইসকনসিনে পরপর একাধিক নির্বাচনী প্রচারে অংশ নেবেন। যেখানে নিজে যেতে পারছেন না, সেখানে পাঠাচ্ছেন তাঁর রানিং মেট টিম কেইনকে। স্বামী বিল ক্লিনটন, কন্যা চেলসি ও সিনেটর বার্নি স্যান্ডার্সও একাধিক র‍্যালিতে অংশ নিচ্ছেন।

ট্রাম্প ও তাঁর রানিং মেট মাইক পেন্স নজর দিচ্ছেন ফ্লোরিডা, মিশিগান ও উইসকনসিনে। তাঁর পক্ষে তেমন নামজাদা কোনো রিপাবলিকান নেতা নির্বাচনী সভায় অংশ নিচ্ছেন না।

এদিকে যুক্তরাষ্ট্রের ৩৮টি অঙ্গরাজ্যে আগাম ভোট চলছে। তাতে দেখা যাচ্ছে, খুব সামান্য হলেও হিলারি এই দৌড়ে এগিয়ে রয়েছেন। রেজিস্টার্ড ভোটারের হিসাবে এগিয়ে থাকায় নর্থ ক্যারোলাইনা ও ফ্লোরিডায় আগাম ভোটে হিলারি সুবিধাজনক অবস্থানে রয়েছেন। নর্থ ক্যারোলাইনায় আগাম ভোটের প্রাথমিক হিসাবে হিলারির পক্ষে ১২ শতাংশ বেশি ভোট পড়েছে। আফ্রিকান-আমেরিকান ভোটার এখনো বড় সংখ্যায় আগাম ভোটে অংশ না নিলেও ফ্লোরিডায় বিপুলসংখ্যক হিস্পানিককে আগাম ভোট দিতে দেখা যাচ্ছে। নির্বাচনী গবেষক ড্যানিয়েল স্মিথের উদ্ধৃতি দিয়ে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ২০১২ সালের নির্বাচনের তুলনায় হিস্পানিকেরা এবার ভোটের ব্যাপারে অনেক বেশি আগ্রহী বলে মনে হচ্ছে।

ই-মেইল তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা না করে হিলারি শিবির পুরো ব্যাপারটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রমাণের চেষ্টা চালাচ্ছে। এ ব্যাপারে নেতৃত্ব দিচ্ছেন সিনেটের হ্যারি রিড। সিনেটে তিনি ডেমোক্রেটিক পার্টির প্রধান। এফবিআই-প্রধান কোমির কাছে লেখা এক চিঠিতে তিনি অভিযোগ করেছেন, একটি দলের প্রার্থীকে সাহায্য করার উদ্দেশ্যে সাম্প্রতিক সময়ে তিনি বিভিন্ন আপত্তিকর সিদ্ধান্ত নিয়েছেন। তিনি দাবি করেন, কোমি তাঁর সাম্প্রতিক পদক্ষেপে দেশের আইন লঙ্ঘন করে থাকতে পারেন।

কোমির সিদ্ধান্ত সত্যি সত্যি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত কি না, তার কোনো প্রমাণ নেই। বিশিষ্ট অনুসন্ধানী সাংবাদিক জো ক্লাইন জানিয়েছেন, ই-মেইল প্রশ্নে তদন্ত বন্ধের যে ঘোষণা কোমি আগস্ট মাসে দেন, তাঁর সহকর্মীদের অনেকে তাতে অখুশি ছিলেন। তাঁদের কেউ কেউ পদত্যাগেরও হুমকি দিয়েছিলেন। কোমি বিশেষভাবে উদ্বিগ্ন ছিলেন, নির্বাচনে হিলারি বিজয়ী হলে কংগ্রেসে রিপাবলিকান নেতৃত্ব তাঁর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলবেন। এন্থনি উইনারের ল্যাপটপে হুমা আবেদিনের প্রায় ৬৫ হাজার ই-মেইলের খোঁজ পাওয়া গেলে তিনি তদন্ত নতুন করে শুরুর নির্দেশ দেন।

কোমির সিদ্ধান্তে ডোনাল্ড ট্রাম্পের নেতিয়ে পড়া নির্বাচনী প্রচার যে নতুন জীবন ফিরে পেয়েছে, তাতে সন্দেহ নেই। বিজয়ের সম্ভাবনা দেখতে পেয়ে ট্রাম্প নিজের পকেট থেকে আরও ১০ মিলিয়ন বা ১ কোটি ডলার চাঁদা দিয়েছেন। এর আগে ট্রাম্প ঘোষণা করেছিলেন, তিনি নির্বাচনী খরচ হিসাবে কমপক্ষে ১০ কোটি ডলার দান করবেন। এ পর্যন্ত তিনি সাড়ে ৬ কোটি ডলার চাঁদা দিয়েছেন।

তা সত্ত্বেও নির্বাচনী তহবিলের হিসাবে ট্রাম্প এখনো বেশ পিছিয়ে। এই মুহূর্তে তাঁর তহবিলে রয়েছে ২ কোটি ১০ লাখ ডলার। অন্যদিকে হিলারির রয়েছে ৬ কোটি ৩০ লাখ ডলার। শুধু অর্থের দিক দিয়েই নয়, মাঠপর্যায়ে সংগঠনের ক্ষেত্রে ট্রাম্প পিছিয়ে। পর্যাপ্ত পরিকল্পনার অভাবে দেশের অনেক রাজ্যে নিজের নির্বাচনী অফিস খুলতে পারেননি ট্রাম্প। হিলারির জন্য এটি দ্বিতীয় প্রেসিডেন্ট নির্বাচন। আগের নির্বাচনী প্রচার ব্যবস্থা ছাড়াও প্রেসিডেন্ট ওবামার শক্তিশালী নেটওয়ার্ক এখন তাঁর পক্ষে কাজ করছে। তিনি আশা করছেন, মাঠপর্যায়ে এই সুবিধাই তাঁকে নির্বাচনী দৌড়ে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছে দেবে।