পাসপোর্ট নিয়ে দেশে ফিরতে পারবেন ইউসুফ?

শেষবার তিনি বাংলাদেশে গিয়েছিলেন ১৯৯৯ সালে। মার্কিন অভিবাসন কর্তৃপক্ষের বিশেষ অনুমতি নিয়ে। যুক্তরাষ্ট্রে ফেরেন পরের বছর। এরপর আর বাংলাদেশে যাওয়ার সুযোগ হয়নি আবু ইউসুফ (মুকুল)–এর। এই ১৯ বছরে পৃথিবীর অনেক কিছু পাল্টেছে। যৌবন হারিয়ে বৃদ্ধ তিনি। বছর পাঁচেক আগে, নিজের কর্মস্থলে এক দুর্ঘটনায় এখন অনেকটা চলৎশক্তিহীন ষাটোর্ধ্ব এই প্রবাসী।
চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাউরিয়া ইউনিয়নে আবু ইউসুফ মুকুলের বাড়ি। খুব অল্প বয়সে সমুদ্রগামী জাহাজের কর্মী হিসেবে চাকরিজীবন শুরু করেন। দেশের পর দেশ ঘুরে একসময় পা রাখেন যুক্তরাষ্ট্রে। ১৯৮২ সালের ঘটনা। তখনো নিউইয়র্ক অভিবাসীদের জন্য খুব একটা নিরাপদ জায়গা হয়ে ওঠেনি। সুবিধা হয়নি বলে কিছুদিনের মধ্যে ফিরে যান বাংলাদেশে।
আবু ইউসুফ থাকেন নিউইয়র্কের ব্রুকলিন। বাংলাদেশি অধ্যুষিত কেনসিংটনে, সাবলেট করা একটা ছোট্ট কক্ষে। তাঁর এক আত্মীয় নজরুল ইসলামের মাধ্যমেই তাঁর সঙ্গে আলাপের সুযোগ। প্রথমে কথা বলতে আপত্তি। এ কথা সে কথায় এক সময় নিজে থেকেই তিনি নিজে থেকেই লিখতে শুরু করলেন, “কি ভাগ্য নিয়ে জন্মালাম! ১৯ বছর ধরে পরিবার থেকে দূরে। একটা মেয়ে হয়েছে আমি আসার পর। আমি তাকে সামনাসামনি দেখার সুযোগ পাইনি। তাকে টেনে কোলে নিয়ে আদর করার সুযোগ পাইনি। একটা বাচ্চা বাবার আদর ভালোবাসা বঞ্চিত হয়ে এখন সাবালিকা।” আবু ইউসুফ জানালেন, তিনি যুক্তরাষ্ট্রে আসার পর বিয়ে করেছিলেন এক মার্কিন নারীকে। সেই সুবাদে এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ তার হাতছাড়া হয়ে যায় একটি মামলার কারণে। “ব্যক্তিগত শত্রুতা থেকে আমার এক আত্মীয় আমার বিরুদ্ধে একটি চুরির মামলা করেন। সে মামলার কারণে আমার সব স্বপ্ন শেষ। মামলা একসময় শেষ হয়। আমি নির্দোষ প্রমাণিত হই। কিন্তু, এ মামলার কারণে ইমিগ্রেশনে আমার বিয়ের মামলার রায় যায় আমার বিপক্ষে। ”
যুক্তরাষ্ট্রে আসার পর, দুইবার ইমিগ্রেশনের বিশেষ অনুমতি নিয়ে দেশে গিয়েছিলেন আবু ইউসুফ। সেটি সম্ভব হয়েছিল তার ম্যারেজ কেসের কারণে। কিন্তু পরবর্তী সময়ে সেটি বাতিল হয়ে গেলে এ দেশে আটকা পড়েন তিনি। জানালেন, এর আগেই, নিজের এক ছেলে ও ভাতিজাসহ ৫ জনকে যুক্তরাষ্ট্রে নিয়ে আসেন তিনি। “তাদের এনেছিলাম। দিনরাত শ্রম দিয়ে নিজের ছেলে আর ভাতিজাকে এখানে পড়াশোনা করিয়েছি। এদের কেউই এখন আমার সঙ্গে নেই। ছেলেও না। বিয়ে করে সে সংসারী হয়েছে। তাকে যখন স্মরণ করিয়ে দিয়েছিলাম, দেশটা আমি তাকে চিনিয়েছি। তার প্রশ্ন, কেন আমি তাকে এনেছি? কেন পড়ালেখা করিয়েছি। আপনি এ প্রশ্নের কী জবাব দেবেন? ”
নিজের বেদনার কথা বলতে গিয়ে চোখ ছলছল করছিল তাঁর। বললেন, “সবার জন্য সাধ্যমতো করেছি। আমেরিকায় জীবনের শুরু থেকে সংগ্রাম করেছি। মা অসুস্থ ছিলেন বলে তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আমি দিনে রাতে দুই শিফটে কাজ করেছি। এরপর, পরিবার পরিজনের জন্য করেছি। ছেলে, ভাতিজাসহ অন্যদের প্রতিষ্ঠিত করতে মাথার ঘাম পায়ে ফেলেছি। এখন আমার ক্ষমতা নেই। আমার এমন দুঃখের দিনে পাশে কেউ নেই। এ সমাজে আমার মতো এমন আরও অনেককে পাবেন, যারা দিতে দিতে শেষ। আমার খুব পরিচিত একজনের কাগজপত্র ছিল না। তিনি বাড়িতে লাখ লাখ টাকা পাঠিয়েছেন। দেশে ফিরে দেখেন তার জন্য কানাকড়িও নেই। শেষে, দুঃখে শোকে তিনি অসুস্থ হয়ে, না খেয়ে মারা যান। ”
আবু ইউসুফ জানালেন, দেশে ফিরে যেতে চান তিনি। জীবনের বাকি কটা দিন স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও আত্মীয়স্বজনদের মাঝে কাটানোর ইচ্ছে তার। বললেন, “আমি গুরুতর অসুস্থ। দেশে ফিরে গেলে কি হবে জানি না। এখানে স্বাস্থ্যসেবাটা পাচ্ছি বিনামূল্যে। ওষুধ, ডাক্তার, নার্স-সব। সঙ্গে খরচের অর্থও। এরপরও, মন আর টিকছে না। দেশে ফিরতে চাই। সবাইকে দেখতে চাই। বিশেষ করে মেয়েটাকে। প্রথমবার যখন আসি ছেলেটা চার মাস বয়সী ছিল। আর শেষবার এখন এলাম মেয়েটা মায়ের পেটে।”
দেশে ফিরে যেতে আবু ইউসুফের প্রয়োজন পাসপোর্ট। বাংলাদেশের পাসপোর্ট। জানালেন, এ জন্য আবেদনও করেছেন তিনি সাত মাস আগে। কিন্তু, পাসপোর্টের কোনো খবর নেই। বললেন, “নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে ফোন করলে তারা সব সময় বলে, ঢাকা থেকে নাকি ক্লিয়ারেন্স পাওয়া যায়নি। কবে ক্লিয়ারেন্স আসতে পারে, সে বিষয়ে তাদের স্পষ্ট জবাব, তারা নাকি সেটা জানেন না। ”
আবু ইউসুফের আক্ষেপ, “আমরা প্রবাসীরা দেশের জন্য কিছুই করিনি? এই যে কোটি কোটি টাকা পাঠালাম এত বছর ধরে, এগুলো কি কোনো অবদান নয়? আমরা কি অন্যায় কিছু চাইছি? একটা পরিচয়পত্র দিতে কেন এত টালবাহানা? ” তাঁর মতে, “বিদেশে দূতাবাস বা কনস্যুলেটগুলো যদি ঢাকার ক্লিয়ারেন্স কবে আসবে বলতে না পারে, সেটা ছাড়া পাসপোর্ট না দিতে পারে, তাদের সবার মধ্যে যদি সমন্বয় না থাকে, তাহলে পাসপোর্ট দেওয়ার দায়িত্ব তাদের কাছে থাকার দরকার কি? ”