পাহাড়-টিলা রক্ষায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মতবিনিময় সভায় আবদুল করিম কিমসহ গোলাপগঞ্জ সোসাইটির কর্মকর্তারা
মতবিনিময় সভায় আবদুল করিম কিমসহ গোলাপগঞ্জ সোসাইটির কর্মকর্তারা

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টিলা পরিবেষ্টিত গ্রামগুলো হারিয়ে যাওয়ায় মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ করেছেন বক্তারা। ৩ অক্টোবর নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় বক্তারা এই উদ্বেগ প্রকাশ করেন।

বাংলাদেশ থেকে আসা পরিবেশ আন্দোলনের সংগঠক ও গোলাপগঞ্জের সন্তান আবদুল করিম কিমকে নিয়ে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়। নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল রেস্টুরেন্টে আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন এবাদ আহমদ চৌধুরী।
সাংবাদিক হেলিম উদ্দিন আহমদের সঞ্চালনায় মূল বক্তা হিসেবে আবদুল করিম কিম পরিবেশ আন্দোলন সম্পর্কে ধারণা বক্তব্য দিয়ে বলেন, ‘একশ্রেণির মানুষের অজ্ঞতার কারণে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী টিলা পরিবেষ্টিত গ্রামগুলো হারিয়ে যাচ্ছে। প্রকৃতির অনন্য বৈশিষ্ট্য পাহাড়-টিলা নির্বিচারে কেটে ফেলে সমতল করায় প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে। হারিয়ে যাচ্ছে টিলা মাটিতে জন্ম নেওয়া বিভিন্ন প্রজাতির গাছ। টিলার ঝোপঝাড়ে বসত করা বন্যপ্রাণী বিলুপ্ত হয়ে যাচ্ছে। টিলাকাটা বালি বিভিন্ন বিল-হাওর, খাল ও নদীকে ভরাট করছে। সাম্প্রতিক সময়েই রায়গড়, শিলঘাট, আমনিয়া, আমুড়া, কদমরসুল, রনকেলি, ঢাকাদক্ষিণ, ফুলবাড়ি, বাঘা, ভাদেশ্বর ইত্যাদি গ্রামে টিলা কাটার চিত্র দেখেছি।’
আবদুল করিম এই অপকর্ম থামাতে প্রবাসীদের সহযোগিতা ও পরামর্শ কামনা করেন বলেন, গোলাপগঞ্জসহ সিলেট অঞ্চলের পাহাড়-টিলা রক্ষায় পরিবেশ আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে প্রবাসী সামাজিক সংগঠনগুলো চাপ সৃষ্টি করতে পারে। পাশাপাশি নিজ নিজ গ্রামে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নিতে পারে। নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটির সভাপতি শেরওয়ান চৌধুরী বলেন, ‘আমরা প্রবাসীরা দেশে স্কুল-কলেজ, মাদ্রাসা-মসজিদ তৈরিতে যথেষ্ট অবদান রেখেছি । কিন্তু ফেলে আসা দেশের পাহাড়-টিলা-নদী-হাওর যদি না থাকে তাহলে কীভাবে হবে?’ তিনি পরিবেশ রক্ষার আন্দোলনে সর্বাত্মকভাবে যুক্ত থাকার অঙ্গীকার ব্যক্ত করেন ।
গীতিকার ইশতিয়াক রুপু বলেন, ‘গোলাপগঞ্জ আমার নানার বাড়ি। আমনিয়া, আমুড়ার ছোট-বড় টিলার কথা দূর প্রবাসে বসেও মনে পরে। এসব পাহাড়-টিলা রক্ষা করতে হবে।’ সাংবাদিক হেলিম আহমদ বলেন, ‘গোলাপগঞ্জের সন্তান আবদুল করিম কিম শুধু সিলেট বিভাগ নয়, বাংলাদেশের পরিবেশ রক্ষায় গত এক যুগ ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তাঁর এই নিঃস্বার্থ দেশ সেবায় আমরা গৌরবান্বিত। পরিবেশ রক্ষার লড়াইকে প্রবাসীরাও এখন থেকে গুরুত্ব দেবে।’
সভাপতির বক্তব্যে এবাদ আহমদ চৌধুরী বলেন, ‘পাহাড়-টিলা বিল-হাওর, নদী-খাল রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। দেশকে ফেলে এসেছি। কিন্তু দায়িত্ব ফেলে আসিনি। আমরা দেশের জন্য, গ্রামের জন্য, পরিবারের জন্য কিছু না কিছু করে যাচ্ছি। পরিবেশ বিপর্যয় রোধে নিউইয়র্ক গোলাপগঞ্জ সোসাইটি শিগগিরই করণীয় ঠিক করবে।
মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন শেখ আতিকুল ইসলাম, সৈয়দ সেলিম, আবদুল মোমিত চৌধুরী উমেল, সাইফুল খাঁন হারুন, মিসবাহ উদ্দিন, রেশাদ চৌধুরী, রাফাত চৌধুরী প্রমুখ।