পায়ের তলায় সরষে

পর্যটকের চোখেই দেখব দেশটা—ভেবে রেখেছিলাম। চেনাজানা মানুষের সঙ্গে থাকব, কিন্তু চোখটা সব সময় নতুন কিছু খুঁজবে—এই ছিল ভাবনা। নিউইয়র্কে দুই সপ্তাহের প্রতিটি দিন তাই কেটেছে নতুন মানুষ হিসেবে। প্রতিদিন নতুন করে ঘুম থেকে উঠেছি, প্রতিদিন নতুন করে বিস্মিত হয়েছি।
নিউইয়র্ক এমনই এক শহর, ঢুকলে বোঝা যায়, এখানে অভিবাসীদের জয়-জয়কার। ইতিহাসের এক মর্মন্তুদ সময়ে আদিবাসীদের নৃশংসভাবে নিশ্চিহ্ন করেছিল আটলান্টিক পাড়ি দেওয়া একদল শ্বেতকায় ইউরোপীয় মানুষ। তাদেরই বংশবিস্তার ঘটেছে এখানে। কিন্তু তারপর এ দেশে যুক্ত হয়েছে নানা জাতির, নানা
বর্ণের মানুষ। জীবনযাত্রার নানা ধরনও গড়ে উঠেছে। সেই ইতিহাস থেকে বর্তমানে এসে পৌঁছালে দেখা যাবে, এ দেশের, বিশেষ করে এই নিউইয়র্ক শহরের হৃৎস্পন্দনটি একেবারে নিজের মতো। এখানে এলে মনে হয় না এ দেশের প্রেসিডেন্টের নাম ট্রাম্প। মনে হয়, প্রত্যেকেই বুঝি নিজের হাতেই তুলে নিয়েছেন নিজের ‘নির্ভরতার চাবি’।
অল্প দিন এখানে আমি। এ কারণেই হয়তো বা কোনো গোষ্ঠীতন্ত্রের মধ্যে পড়তে হয়নি আমাকে। তবে অনুভব করেছি, বাঙালি স্বভাবের ভালো ও মন্দ দুটি দিকই রয়েছে অভিবাসী বাঙালি চরিত্রে। পরিশ্রমী কাজের শেষে চমৎকার আড্ডা দেওয়ার বিপরীতে দলাদলির প্রচ্ছন্ন ইঙ্গিতও পেয়েছি। আমেরিকার মূল জনস্রোতে মিশে গিয়ে নতুন কিছু করার যে সুযোগ আছে, তা খুব কম বাংলাদেশিই কাজে লাগাচ্ছেন। অনেক বাংলাদেশি বাংলাদেশের স্থানীয় রাজনীতির আবর্তে ঘুরপাক খাচ্ছেন বলে মনে হয়েছে। তবে বলতে দ্বিধা নেই, নিউইয়র্কের যেখানেই গেছি, কোনো না কোনোভাবে কোনো না কোনো বাঙালির সঙ্গে দেখা হয়েছে; জীবনসংগ্রামের বিচিত্র যেসব পথ তাঁরা বেছে নিয়েছেন, তাতে বিস্মিত হয়েছি, শ্রদ্ধা জেগেছে মনে। বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে বুঝেছি, কায়ক্লেশেই চলতে হয় তাঁদের। দেশে থাকা আত্মীয়রা ভাবেন, বিদেশ মানেই চিন্তাভাবনাহীন অসাধারণ জীবন। আসলে তা নয়। আর্থিক অবস্থা পরিবর্তনের জন্য নিরন্তর পরিশ্রম করে গেলেও অনেক ক্ষেত্রে সোনার হরিণের দেখা মেলে না। কখনো ক্রেডিট কার্ড অথবা সোশ্যাল সিকিউরিটিই বাঁচিয়ে রাখে মানুষকে।
দেশ থেকে যুক্তরাষ্ট্রে আসার আগে মেইল করে জানিয়েছিলাম, ‘নো দাওয়াত’। জানা আছে, নিউইয়র্কে আতিথ্য গ্রহণ এক বিড়ম্বনা। দেশি স্টাইলে রাজ্যের রান্নাবান্না করে টেবিল ভরিয়ে দেওয়া ছবি ফেসবুকের কল্যাণে দেখে অভ্যস্ত। তাই এড়াতে চেয়েছিলাম এই পর্বটি। প্রায় সফল হয়েছি, কিন্তু দু-একটি দাওয়াত অগ্রাহ্য করা সম্ভব হয়নি। তবে সেই খাওয়ার অনুষ্ঠানগুলো কবিতা-গানের মিশেলে হয়ে উঠেছিল মোহময়।
দেখা-শোনা
ইচ্ছা ছিল স্ট্যাচু অব লিবার্টি দেখব। আবহাওয়ার পূর্বাভাস বলছিল, মনস্থির করা দিনটায় থাকবে প্রচণ্ড শীত আর কনকনে বাতাস। যা থাকে কপালে—বলে সাবওয়ের জন্য মাটির নিচে যাই আমরা। পারসন বুলেভার্ড থেকে তিনবার ট্রেন বদল করে পৌঁছে যাই গন্তব্যে। শীতের কারণে স্ট্যাচু অব লিবার্টির কাছে যাওয়া যাবে না, শুধু পাশ দিয়ে ফেরিতে করে চলে যেতে হবে—এ রকম একটা আশঙ্কা ছিল। কিন্তু খোঁজ নিয়ে জানা গেল, স্টিমারে করে লিবার্টি আইল্যান্ড পর্যন্ত পৌঁছানো যাবে। ফলে সংগ্রহ করা হলো টিকিট। উঠে পড়া গেল স্টিমারে। তবে তার আগে হলো দেহতল্লাশী। একেবারে বিমানবন্দর স্টাইলে। সবকিছু স্ক্যান করার পরই কেবল স্টিমারে প্রবেশের অনুমতি মিলল। একই ঘটনার পুনরাবৃত্তি হলো ভাস্কর্যে ওঠার সময়। কিন্তু বিশ্বের অন্যতম প্রধান এই ভাস্কর্যের কাছে যাওয়ার জন্য এই প্রতিবন্ধকতাকে কেউ পাত্তাই দেয় না।
নতুন করে এই ভাস্কর্য সম্পর্কে বলার কিছু নেই। এটুকু বলে রাখি, মৈত্রীর নিদর্শনস্বরূপ এটি ফ্রান্স উপহার দেয় যুক্তরাষ্ট্রকে। ১৮৮৪ সালের জুন মাসে ভাস্কর্যের কাজ শেষ হলে তা রাখা হয় প্যারিসে। ১৮৮৫ সালে তা বিভিন্ন অংশে বিভক্ত করে পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। ১৮৮৬ সালের ২৮ অক্টোবর এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়। লিবার্টি আইল্যান্ডে এরপর থেকেই পর্যটকদের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু হচ্ছে এই ভাস্কর্য।
ইস্ট রিভার দিয়ে এই কনকনে ঠান্ডার মধ্যে শিপে করে গন্তব্যে পৌঁছাল নানা দেশের নানা ভাষাভাষী মানুষ। সেই অভিজ্ঞতা আলাদাভাবে বর্ণনা করার বিষয়। শুধু বলে রাখা ভালো, ভাস্কর্যটি মুক্তির জন্য যে আহ্বান রেখে যাচ্ছে জন্মের পর থেকে, সেই মুক্তির পথ কতভাবেই না পৃথিবীজুড়ে খোঁজা হলো, কিন্তু কেউ তা পেল কি না, সেটা জানা হয়ে ওঠেনি আমার।
ব্রডওয়ে থিয়েটারে একটা শো দেখব, সেটা জানিয়ে রেখেছিলাম নিউইয়র্কপ্রবাসী ভাই ও ভাতিজিকে। ভাতিজি রাখি ওর নিজের পছন্দে ‘স্কুল অব রক’-এর টিকিটের ব্যবস্থা করে রেখেছিল। এত অল্প সময়ে ব্রডওয়ের টিকিট পাওয়া ভাগ্যের ব্যাপার। তবু পাওয়া গেল। নিউইয়র্কবাসী প্রত্যেকেই জানে, ব্রডওয়ে নির্দিষ্ট একটি মঞ্চ নয়। এর বিভিন্ন মঞ্চ ছড়িয়ে-ছিটিয়ে আছে বিভিন্ন জায়গায়। ব্রডওয়ে স্ট্রিট ছাড়াও তা ম্যানহাটন, টাইমস স্কয়ার, ৪২, ৪৭ স্ট্রিটসহ আরও নানা জায়গায় রয়েছে। এলাকাগুলোর অবস্থান খুব কাছাকাছি।
এখানকার নাটক পেশাদারির চূড়ান্ত। টিকিটের দামও আকাশছোঁয়া। হলে ঢোকার পর থেকে একের পর এক যা ঘটতে থাকল, তাতে বোঝা গেল পরিশ্রম, সাধনা আর মেধার পুরো মিলন না ঘটলে এ রকম নাটক হয় না।
পর্যটকদের চোখ থাকে ম্যানহাটনের দিকে। মেইড ইন ম্যানহাটন সিনেমাটি দেখার পর ম্যানহাটনের প্রতি যে আগ্রহ জন্মেছিল, তা সোনায় সোহাগা হয়ে ধরা পড়ে সেই রাস্তায় হাঁটতে গিয়ে। ‘আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রি’ দেখতে গিয়ে বুঝলাম, এ দেখা এক দিনের কম্ম নয়। কত কিছুই দেখলাম আর বাকি থেকে গেল কত কিছু! পথের পাশে ভেন্ডারদের কাছ থেকে স্ট্রিট ফুড খাওয়ার অভিজ্ঞতাও অসাধারণ। স্ট্রিট ফুডের জন্য মালয়েশিয়ার পেনাং বিখ্যাত, লন্ডনেও তা যথেষ্ট জনপ্রিয়। নিউইয়র্কেও এই খাদ্যের প্রতি খাদ্যরসিকের দৃষ্টি থাকে। বাঙালি খাবার এখানকার বাঙালি রেস্তোরাঁয় বিরল নয়।
আরও কটি কথা
জ্যাকসন হাইটস নিয়ে কথা বলতে গেলে বহু কিছু্ বলতে হবে। জ্যামাইকা নিয়েও। স্বল্প দিনের নিউইয়র্ক-বাসের অভিজ্ঞতা আমাকে বলছে, কুইন্সের জ্যামাইকা, হাইল্যান্ড এলাকাটি দিনে দিনে বাঙালিদের স্বর্গরাজ্য হয়ে উঠবে। এখানে দেশি দোকানের আদলে গড়ে উঠেছে ব্যবসাপাতি। কারওয়ান বাজার, স্টার কাবাব, আড়ং, খামারবাড়ি ইত্যাদি নাম মনে করিয়ে দিচ্ছে দেশের কথা। গড়ে উঠছে বাঙালিদের সুপারশপ। চলতি পথে বাংলা ভাষায় কথা বলতে বলতে এগিয়ে যাওয়া মানুষের দেখা মিলবে এখানে।
হাইল্যান্ডেই প্রথম আলোর অফিস। খোকন ভাই, মাযহার ভাই, রুপু ভাই, শাহেদসহ প্রথম আলোর অফিসের প্রত্যেকের সঙ্গে আড্ডা দেওয়ার সময় বুঝে ফেলি, নতুন কিছু করার দিকে দৃষ্টি তাঁদের। নিউইয়র্ক থেকে প্রকাশিত পত্রিকায় নিউইয়র্ক ও যুক্তরাষ্ট্রের খবরই বেশি থাকা উচিত, সেটা তাঁরা বুঝতে পারছেন, সেভাবেই তৈরি করে নিচ্ছেন কর্মপরিকল্পনা। এসেছি বেড়াতে, তাই অফিস নিয়ে খুব বেশি কথা বলা হয়নি।
বেশ কিছু ঘটনা মনে গেঁথে আছে। সময়মতো সেগুলো বলা হবে। আপাতত নিউইয়র্কের প্রতি ভালোবাসা জানিয়ে লেখার ইতি টানি।