পিছিয়ে পড়ার কথা স্বীকার ট্রাম্প শিবিরের!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের তুলনায় পিছিয়ে থাকার কথা স্বীকার করল রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প শিবির।
বিবিসির খবরে বলা হয়, ট্রাম্পের নির্বাচনী প্রচারণা কমিটির ব্যবস্থাপক কেলিয়ানি কনওয়ে গত শনিবার বলেন, ‘আমরা পিছিয়ে আছি। তিনি (হিলারি) সুবিধাজনক অবস্থানে আছেন।’ তিনি বলেন, ‘তবে আমরা হাল ছাড়ছি না। আমরা জানি, এ অবস্থা থেকে আমাদের উত্তরণ ঘটবে।’ গত শুক্রবার প্রথমবারের মতো ট্রাম্প স্বীকার করেন, তিনি হারতে পারেন। ট্রাম্প আরও বলেন, হারজিত কিংবা ড্র—সব বিষয়ে তিনি সন্তুষ্ট থাকবেন।
ট্রাম্পের নির্বাচনী ব্যবস্থাপক কেলিয়ানি কনওয়ে বলেন, হিলারি ক্লিনটনের প্রচারণা দল আর্থিক বিবেচনায় অনেক দূর এগিয়ে আছে। তারা ট্রাম্পের বিরুদ্ধে নেতিবাচক প্রচারণায় অনেক অর্থ ঢেলেছে। কনওয়ে বলেন, হিলারির পক্ষে সাবেক প্রেসিডেন্ট স্বামী বিল ক্লিনটন আছেন। তিনি হিলারির পক্ষে প্রচারণায় অংশ নিয়েছেন। বর্তমান প্রেসিডেন্ট, ফার্স্ট লেডি, ভাইস প্রেসিডেন্ট সবাই হিলারির পক্ষে প্রচারণায় আছেন। এঁরা সবাই হিলারির চেয়ে বেশি জনপ্রিয়।’
নির্বাচনের দুই সপ্তাহ আগেই পিছিয়ে পড়ার এই কথা স্বীকার করল ট্রাম্প শিবির। ইতিমধ্যে সব জনমত জরিপে হিলারির এগিয়ে থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। জাতীয়ভাবে এগিয়ে থাকার পাশাপাশি ‘ব্যাটল গ্রাউন্ড’ হিসেবে পরিচিত অঙ্গরাজ্যগুলোতেও ট্রাম্প ডেমোক্র্যাট প্রার্থীর তুলনায় পিছিয়ে আছেন বলে জরিপগুলোতে বলা হচ্ছে।
বার্তা সংস্থা রয়টার্স ও জরিপ সংস্থা ইপসসের শুক্রবার প্রকাশিত জরিপে দেখা গেছে, হিলারি তার প্রতিদ্বন্দ্বীর তুলনায় চার পয়েন্ট এগিয়ে আছেন।
ডেমোক্র্যাট প্রচারণা বিভাগের ব্যবস্থাপক রবি মুক গত রোববার ফক্স নিউজকে বলেন, এবারের নির্বাচনে সবচেয়ে বেশি লোক ভোট দিতে যাবেন বলে তাঁরা আশা করছেন।