পিপলএনটেক পরিদর্শন করলেন ঋতুপর্ণা

ভারতের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বাংলাদেশি আইটি প্রতিষ্ঠান পিপলএনটেক পরিদর্শন করেছেন।
১৬ জুলাই আমেরিকার ভার্জিনিয়ায় প্রতিষ্ঠানটির ক্যাম্পাস পরিদর্শনের সময় তিনি শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় পিপলএনটেকের প্রতিষ্ঠাতা ও সিইও আবু বকর হানিপ, প্রেসিডেন্ট ফারহানা হানিপ এবং এনআরবি কানেক্ট টিভির পরিচালক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
১৬ জুলাই বিকেলে ঋতুপর্ণা সেনগুপ্ত পিপলএনটেকের ভার্জিনিয়া ক্যাম্পাসে ওরিয়েন্টেশন প্রোগ্রামে এসে পৌঁছালে তাঁকে স্বাগত জানান আবু বকর হানিপ ও ফারহানা হানিপ।
ঋতুপর্ণা বলেন, ‘আমি জেনে আনন্দিত যে, আমেরিকায় বাঙালিদের আইটি ক্ষেত্রে চাকরি দিয়ে প্রতিষ্ঠিত করছে পিপলএনটেক। এখন পর্যন্ত পাঁচ হাজারের বেশি বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষকে ৮০ হাজার থেকে দুই লাখ ডলার বেতনের চাকরি দিয়েছে। এটা অবিশ্বাস্য। পিপলএনটেক পরিদর্শনে না এলে আমি তা কখনোই জানতে পারতাম না।’ এ কারণে তিনি আবু বকর হানিপকে ধন্যবাদ জানান।
এরপর অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত আইটি প্রশিক্ষণরত শিক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতায় মেতে ওঠেন। এ সময় পিপলএনটেকের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে প্রায় দুই ঘণ্টা সময় কাটান তিনি।
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও সিইও আবু বকর হানিপ বলেন, বিদেশে বিভুঁইয়ে প্রবাসীরা জীবনসংগ্রামে লিপ্ত। তাঁদের অনেকেই ভালো চাকরি করেন না। আমরা আইটি প্রশিক্ষণ দিয়ে তাঁদের জীবন গড়ে দিতে সহায়তা করছি। তিনি ঋতুপর্ণা সেনগুপ্তকে প্রতিষ্ঠান পরিদর্শনের জন্য ধন্যবাদ জানান।
প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট ফারহানা হানিপ বলেন, ‘আমেরিকায় আমরা প্রবাসীদের আইটি প্রফেশনাল হিসেবে গড়ে তুলতে সহায়তা করছি। তাঁদের প্রতিষ্ঠিত করছি। আর আমাদের এই সাফল্য দেখতে এসেছেন দুনিয়াজোড়া প্রতিষ্ঠিত ব্যক্তিরা। এ জন্য আমরা গর্বিত। ঋতুপর্ণার মতো অভিনয় শিল্পীকে পেয়ে আমরা সবাই আনন্দিত।’