পীরগঞ্জ কল্যাণ সমিতির বনভোজন

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) কল্যাণ সমিতি ইউএসএ ইন্কের বার্ষিক বনভোজন গত ৯ সেপ্টেম্বর লং আইল্যান্ডের হেমস্টেট লেক স্টেট পার্কে অনুষ্ঠিত হয়। এদিন পার্কের প্রাকৃতিক মনোরম পরিবেশে বসেছিল পীরগঞ্জ বাসীদের বিশাল মিলন মেলা। বিপুলসংখ্যক পীরগঞ্জবাসী ও অতিথির উপস্থিতিতে এই বনভোজনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সংগঠনের সভাপতি মো. সোহরাব আলী।
অনুষ্ঠানের দিনের অন্যতম আকর্ষণ ছিল ছেলে-মেয়েদের ১০০ ও ২০০ মিটারের দৌড়, মিউজিক্যাল চেয়ার খেলা ও কাপল এগ থ্রোসহ আরও বেশ কয়েকটি খেলা। খেলাধুলা ও দুপুরের খাবারের পর্বের শেষে অনেকে পার্কের মনোরম পরিবেশ ও লেক পরিদর্শন করেন। কেউ কেউ শিশুদের নিয়ে পার্কে যান। এরপর শুরু হয় দুলাল ও জাবেদের নেতৃত্বে র্যাফেল ড্রয়ের টিকিট বিক্রি। র্যাফেল ড্রয়ে পুরস্কার হিসেবে ছিল টিভি, ল্যাপটপ, ফ্রিজ, ডিজিটাল ক্যামেরা, ফ্যান, টেবলেট, এক্সারসাইজ বাইকসহ আরও অনেক পুরস্কার। দুপুরের পর শুরু হয় ছেলেমেয়েদের আই কিউ টেস্ট প্রতিযোগিতা। প্রতি বছরের মতো এবারও শিশুদের সান্ত্বনা পুরস্কার এবং বয়স্কদের সম্মানী পুরস্কার দেওয়া হয়। এরপর আল আমিন রতনের পরিচালনায় দুলাল, যতন, মামুন, বিপু, আনসারুল, জাবেদসহ অন্যদের সহযোগিতায় খেলাধুলা ও র্যাফেল ড্রয়ে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে সমিতির সভাপতি সোহরাব আলী সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বনভোজনের সমাপ্তি ঘোষণা করেন।