যুক্তরাষ্ট্রের বর্ষীয়ান সিনেটর জন ম্যাককেইন বৈশ্বিক নিরাপত্তার জন্য রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) চেয়ে বড় হুমকি মনে করেন। অস্ট্রেলিয়ার সিডনিতে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে গত সোমবার তিনি এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিজ রাজনৈতিক দল রিপাবলিকান পার্টির মধ্যে তাঁর সবচেয়ে কঠোর সমালোচক হিসেবে পরিচিত ম্যাককেইন স্বীকার করেন, ট্রাম্পের আচরণ কখনো কখনো তাঁকে ‘বিচলিত’ করে তোলে। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ ছিল গণতন্ত্রের জন্য একটা বিপদ।
মার্কিন সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির প্রধান ম্যাককেইন আরও বলেন, ‘আমি মনে করি পুতিনই প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হুমকি, আইএসের চেয়েও বড়। আইএস ভয়াবহ সব কাজ করতে পারে...কিন্তু রুশরা মার্কিন নির্বাচনের ফলাফল পাল্টে দেওয়ার উদ্দেশ্যে গণতন্ত্রের মৌলিক ভিত্তিটা ধ্বংসের চেষ্টা করেছে এবং করছে। আমি ওদের সাফল্যের ইঙ্গিত পেয়েছি। কিন্তু ওরা এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে।’
ম্যাককেইন অভিযোগ করেন, পুতিন একটা সার্বভৌম দেশ ইউক্রেনকে ভেঙে দিয়েছেন, বাল্টিক দেশগুলোকেও চাপ দিচ্ছেন।