পুতিন দুর্নীতিবাজের প্রতিচ্ছবি: যুক্তরাষ্ট্র

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে একজন ‘দুর্নীতিবাজ ব্যক্তির প্রতিচ্ছবি’ বলে আখ্যায়িত করেছেন যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা। গত সোমবার বিবিসিতে প্রচারিত এক বিশেষ প্রতিবেদনে তিনি এ মন্তব্য করেন। তবে পুতিনের এক মুখপাত্র একে ‘নির্ভেজাল বানানো গল্প’ বলে উড়িয়ে দিয়েছেন। খবর বিবিসি ও এএফপির।
মার্কিন অর্থ দপ্তরের সন্ত্রাসবাদ ও অর্থনৈতিক গোয়েন্দা কার্যক্রমবিষয়ক ভারপ্রাপ্ত মার্কিন আন্ডার সেক্রেটারি অ্যাডাম জুবিন বলেন, ‘আমরা পুতিনকে তাঁর বন্ধুবান্ধব ও ঘনিষ্ঠ সহযোগীদের সম্পদশালী ব্যক্তিতে পরিণত করতে দেখছি। যাঁদের তিনি বন্ধু মনে করেন না, পুতিনকে তাঁদের খর্ব করতেও দেখেছি।’
বিবিসির ওই অনুষ্ঠানে পুতিনের ‘গোপনে ধনী হওয়ার’ রহস্য নিয়ে কথা বলতে গিয়ে এসব মন্তব্য করেন মার্কিন অর্থ দপ্তরের নিষেধাজ্ঞা তদারককারী এই কর্মকর্তা।
জুবিন অভিযোগ করে বলেন, ‘রাশিয়ার জ্বালানি সম্পদ হোক, আর রাষ্ট্রীয় অন্য চুক্তিই হোক, সেখানে তাদেরই পুতিন জড়ান, যাদের সম্পর্কে তিনি মনে করেন, তারা তাঁকে সুবিধা দিতে পারবে। যারা তা পারবে না, তাদের বাদ দেন। আমার কাছে, এটা একটা দুর্নীতিরই প্রতিচ্ছবি।’
মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) ২০০৭ সালের এক গোপন প্রতিবেদন উদ্ধৃত করে ওই অনুষ্ঠানে এই অর্থ দপ্তরের কর্মকর্তা বলেন, রুশ প্রেসিডেন্টের সম্পদের পরিমাণ প্রায় ৪ হাজার কোটি ডলার। তবে ২০১৪ সালে ক্রেমলিনের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবরণী অনুযায়ী, সে সময় পুতিনের সম্পদের মধ্যে ছিল প্রায় ১ লাখ ৪ হাজার ডলার, রাশিয়া নির্মিত তিনটি গাড়ি, ৭৭ বর্গমিটারের একটি ফ্ল্যাট, একটি গ্যারেজ ও এক খণ্ড জমি।
এই হিসাব অনুযায়ী, পুতিনের আয় তাঁর অধিকাংশ মন্ত্রী ও ক্রেমলিনের সর্বনিম্ন আয়ের কর্মকর্তাদের চেয়েও অনেক কম।
এসব নিয়ে জুবিন বলেন, ‘তিনি বছরে সরকার থেকে আনুমানিক ১ লাখ ১০ হাজার ডলারের মতো বেতন পান। তাঁর যে সম্পদের পরিমাণ জানা গেল, সেটা সঠিক নয়।’
অনুষ্ঠানে রাশিয়ার সরকারি জাহাজ পরিবহন প্রতিষ্ঠান সভকমফ্লটের একজন সাবেক কর্মকর্তা দিমিত্রি এসকারগার সাক্ষাৎকারও সম্প্রচার করা হয়। তাতে এসকারগা অভিযোগ করেন, চেলসি ফুটবল ক্লাবের মালিক রোমান আব্রামোভিচের পক্ষ থেকে পুতিনকে সাড়ে তিন কোটি ডলার মূল্যের প্রমোদতরী সরবরাহ করতে হয়েছিল তাঁকে। তবে আব্রামোভিচের আইনজীবী এ অভিযোগ নাকচ করে দিয়েছেন।
এসব অভিযোগের প্রতিক্রিয়ায় পুতিনের মুখপাত্র বিবিসিকে বলেন, ‘এসব প্রশ্ন বা ইস্যুতে কোনো জবাব দেওয়ার প্রয়োজন নেই। কেননা, এসব নির্ভেজাল বানানো গল্প।’
লেনিনের নিন্দা পুতিনের: এদিকে ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান-এর এক খবরে গত সোমবার বলা হয়, সোভিয়েত সমাজতান্ত্রিক বিপ্লবের নেতা ভ্লাদিমির লেনিন রাশিয়ার বুকে ‘টাইম বোমা’ পুঁতে গেছেন বলে মন্তব্য করেছেন পুতিন। ভিন্নমতাবলম্বীদের ওপর ‘নিষ্ঠুর দমন-পীড়ন’ চালানোর অভিযোগে লেনিন ও তাঁর বলশেভিক সরকারের সমালোচনা করেন তিনি। অনেক ভোটারের বিরাগভাজন হওয়ার আশঙ্কায় এর আগে দেশের ইতিহাস ও ঐতিহাসিক ব্যক্তিত্বদের নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সতর্ক থাকতেই দেখা গেছে পুতিনকে। রুশ প্রেসিডেন্ট দক্ষিণ রাশিয়ার শহর স্তাভরোপোলে তাঁর সমর্থক কর্মীদের সঙ্গে এক বৈঠকে লেনিন সম্পর্কে ওই মূল্যায়ন করেন।