পুতিন যুক্তরাষ্ট্রে যাচ্ছেন, নাকি না?

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফরের বিষয় চূড়ান্ত করতে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন আগামী মাসে মস্কো যাচ্ছেন। সফরের দিনক্ষণ তখনই ঠিক করা হবে।
পুতিনের যুক্তরাষ্ট্র সফর নিয়ে রিপাবলিকান নেতৃত্বে বড় ধরনের মতবিরোধ তৈরি হয়েছে। ফিনল্যান্ডের হেলসিঙ্কি বৈঠকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে কী কথা হয়েছে, তা নিয়ে ঝড় এখনো শেষ হয়নি। ট্রাম্প তিন-তিনবার নিজের কথা পাল্টানোর পরও এই বৈঠক নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে। আগামীকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও কংগ্রেসের সামনে এক শুনানিতে এ বিষয়ে রিপাবলিকান ও ডেমোক্র্যাটদের প্রশ্নের সম্মুখীন হবেন।
সেই শুনানির আগেই রিপাবলিকান নেতাদের কেউ কেউ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুতিনের হোয়াইট হাউস সফরের পরিকল্পনায় তাঁরা মোটেই খুশি নন। যাঁরা আপত্তি তুলেছেন, তাঁদের অন্যতম সিনেটে রিপাবলিকান নেতা মিচ ম্যাককনেল। পুতিন ওয়াশিংটন আসছে শুনেই তিনি জানিয়ে দিয়েছেন, রুশ প্রেসিডেন্ট যেখানে আসুক, সেটা হোয়াইট হাউসের ব্যাপার। কিন্তু সিনেটে তাঁকে স্বাগত জানানো হবে না। ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত টেক্সাসের সিনেটর জন করনাইন কিছুটা কূটনীতিকের ভাষায় বলেছেন, ‘এই সফর এখন না হওয়াই ভালো।’
হোয়াইট হাউসের ঘোষণা অনুযায়ী, হেমন্তের কোনো একসময় পুতিন ওয়াশিংটন সফরে যাবেন। অর্থাৎ সেপ্টেম্বর-অক্টোবর পর্যন্ত গড়াবে এই সফর। ৬ নভেম্বর যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন। কংগ্রেসের নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, এই নির্বাচনে সেটি নির্ধারিত হবে। ডেমোক্র্যাটরা আশা করছেন, নিদেনপক্ষে প্রতিনিধি পরিষদের নিয়ন্ত্রণ তাঁরা ফিরে পাবেন। ঠিক এই সময় পুতিনকে হোয়াইট হাউসে ডেকে আনা বুদ্ধিমানের কাজ নয়—এ কথা অনেক রিপাবলিকান খোলামেলাভাবেই বলেছেন। রিপাবলিকানদের মধ্যে ট্রাম্পের সমর্থন দৃঢ় হলেও পুতিনের ব্যাপারে তাঁদের মধ্যেও দোনোমনা ভাব রয়েছে। বিরোধী ডেমোক্র্যাটরা অবশ্য প্রায় সবাই পুতিনের সফরের বিপক্ষে।
ডেমোক্র্যাটরা ট্রাম্প-পুতিন বিতর্ক যত দিন টিকিয়ে রাখা যায়, তার পক্ষে। মধ্যবর্তী নির্বাচনের আগে তাঁদের সামনে বড় চ্যালেঞ্জ সুপ্রিম কোর্টের নতুন বিচারপতি হিসেবে ব্রেট কাভানোর মনোনয়ন ঠেকানো। ইতিমধ্যে এটা পরিষ্কার হয়েছে যে এই মনোনয়ন ঠেকানোর জন্য পর্যাপ্ত ভোট তাদের হাতে নেই। অতএব যেভাবেই হোক, নভেম্বরের নির্বাচনের আগ পর্যন্ত ট্রাম্পবিরোধী বিতর্ক চাঙা রাখা তাদের জন্য রাজনৈতিকভাবে লাভজনক। এ অবস্থায় পুতিনের ওয়াশিংটন সফর তাদের হাতে নতুন অস্ত্র তুলে দিয়েছে।
গতকাল সোমবার সিনেটে এক ভাষণে ডেমোক্র্যাট নেতা চাক শুমার হেলসিঙ্কি বৈঠকের কথা তুলে এই প্রস্তাবিত সফরের বিরোধিতা করেছেন। তাঁর কথায়, হেলসিঙ্কির শীর্ষ বৈঠক ছিল একটি বিপর্যয়। ট্রাম্প এখন সেই বিপর্যয় হোয়াইট হাউস পর্যন্ত টেনে আনছেন। তিনি এই সফর ঠেকাতে রিপাবলিকানদের আরও তৎপর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, শুধু টুইটে নিজেদের হতাশার কথা ব্যক্ত করলে হবে না, ট্রাম্পের মোকাবিলা করতে হবে।