পুতিন স্মার্ট, আমাদের নেতারা নির্বোধ: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ফাইল ছবি: রয়টার্স

রাশিয়া-ইউক্রেন সংঘাত ইস্যুতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সমস্যা এটা নয় যে পুতিন স্মার্ট, সমস্যা হলো মার্কিন নেতারা খুবই নির্বোধ।

গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার অরল্যান্ডোতে অনুষ্ঠিত বার্ষিক কনজারভেটিভ পলিটিক্যাল অ্যাকশন কনফারেন্সে এ কথা বলেন ট্রাম্প। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ট্রাম্প তাঁর দীর্ঘ বক্তৃতায় ইউক্রেন সংকট নিয়ে বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা সামরিক জোট ন্যাটোর তীব্র সমালোচনা করেন।

আরও পড়ুন

একই সঙ্গে ট্রাম্প ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ভোট চুরির মিথ্যা দাবির পুনরাবৃত্তি করেন। এই নির্বাচনে তিনি বাইডেনের কাছে হেরে ক্ষমতা থেকে বিদায় নেন।

ইউক্রেনে রাশিয়ার হামলার জন্য বাইডেনের দুর্বলতাকে দায়ী করেন ট্রাম্প। অন্যদিকে, তিনি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বুদ্ধির প্রশংসা করেন।

ট্রাম্প তাঁর বক্তব্যে দাবি করেন, সবাই এই বিষয় জানেন-বোঝেন যে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে কারচুপি না হলে ইউক্রেনে এই ভয়াবহ বিপর্যয় কখনোই ঘটত না।

রিপাবলিকান পার্টির সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট ন্যাটোর সমালোচনা করে বলেন, অন্তত মনস্তাত্ত্বিকভাবে রাশিয়াকে আঘাত করার বদলে তারা (ন্যাটো) নিষেধাজ্ঞার মতো পদক্ষেপের দিকে তাকিয়ে ছিল। নিষেধাজ্ঞার পদক্ষেপকে স্মার্টের বিপরীত হিসেবে বর্ণনা করেন ট্রাম্প।

ট্রাম্প বলেন, ‘সমস্যাটি এই নয় যে পুতিন স্মার্ট, তিনি অবশ্যই স্মার্ট। কিন্তু আসল সমস্যা হলো আমাদের নেতারা খুবই নির্বোধ।’

গত মঙ্গলবার এক রেডিও অনুষ্ঠানে ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে এখন যদি রিপাবলিকান-দলীয় প্রশাসন থাকত, তাহলে ইউক্রেনে এই সংকট হতো না। এর মাধ্যমে ট্রাম্প মূলত তিনি ক্ষমতায় থাকলে এ ঘটনা ঘটত না বলে বোঝান।

পশ্চিমাদের কয়েক সপ্তাহের হুমকি-ধমকি উপেক্ষা করে গত বৃহস্পতিবার ইউক্রেনে সামরিক অভিযান চালানোর নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তাঁর নির্দেশের পরই তিন দিক থেকে ইউক্রেনে হামলা শুরু করেন রুশ সেনারা। আজ চতুর্থ দিনের মতো রাজধানী কিয়েভসহ ইউক্রেনের শহরগুলোয় হামলা অব্যাহত রেখেছে রাশিয়া।

ইউক্রেনে হামলার জেরে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ দেশটির সামরিক-বেসামরিক ব্যক্তি ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ অব্যাহত রেখেছে।

আরও পড়ুন