পুতিন 'স্মার্ট' আচরণ করেছেন: ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন
ডোনাল্ড ট্রাম্প, ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিশোধমূলক পদক্ষেপ নেননি। এ কারণে তাঁর প্রশংসা করেছেন হবু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে গত নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপের অভিযোগে মস্কোর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে ওয়াশিংটন।
গত শুক্রবার টুইটারে ট্রাম্প লিখেছেন, ‘দেরি করে (পুতিন) অসাধারণ কাজ করেছেন, আমি বরাবরই তাঁকে অত্যন্ত স্মার্ট হিসেবে জানি!’ ওয়াশিংটনের রুশ দূতাবাস তাৎক্ষণিকভাবে ট্রাম্পের ওই মন্তব্য প্রচার (রিটুইট) করেছে। রুশ প্রেসিডেন্টের প্রশংসাসূচক টুইটার বার্তাটি দেখে ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্রেটিক পার্টির রাজনৈতিক নেতা-কর্মী থেকে শুরু করে নিজ দল রিপাবলিকান পার্টির অনেকেও নাখোশ হয়েছেন। তাঁরা ট্রাম্পের এ রকম রুশ-ঘেঁষা আচরণ ও সম্ভাব্য নীতির পক্ষে নন। রিপাবলিকান নেতা ও সিনেটের আর্মড সার্ভিসেস কমিটির চেয়ারম্যান জন ম্যাককেইন শুক্রবার বলেছেন, সাইবার হামলার ঘটনায় রাশিয়াকে মাশুল দিতেই হবে। কোনো দেশের বিরুদ্ধে হামলা যুদ্ধ করারই শামিল।
‘মার্কিন স্বার্থবিরোধী চেষ্টার’ অভিযোগে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার ৩৫ জন রুশ গোয়েন্দাকে বহিষ্কার এবং দুটি রুশ প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। জবাবে মার্কিন কূটনীতিকদের রাশিয়া থেকে তাৎক্ষণিকভাবে বহিষ্কারের সম্ভাবনা পুতিন নাকচ করে দিয়েছেন। অথচ রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ৩৫ জন মার্কিন কর্মকর্তাকে রাশিয়া থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল। কিন্তু পুতিন এক বিবৃতিতে বলেছেন, ‘আমরা আর কাউকে বহিষ্কার করব না। রুশ-মার্কিন সম্পর্ক পুনরুদ্ধারে পরবর্তী পদক্ষেপগুলো ট্রাম্প প্রশাসনের নীতির ভিত্তিতেই নেওয়া হবে।’
ট্রাম্প ২০ জানুয়ারি ওবামার কাছ থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নেবেন। তিনি ইতিমধ্যে বেশ কয়েকবার পুতিনের প্রশংসা করেছেন। আর নিজ মন্ত্রিসভায় এমন ব্যক্তিদের বেছে নিয়েছেন, যাঁরা রাশিয়ার ঘনিষ্ঠ।
মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই এবং সিআইএ বলছে, রুশ গোয়েন্দা সংস্থাগুলো যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির ই-মেইল হ্যাকিংয়ের বিষয়টি নিয়ন্ত্রণ করেছিল। দলটির মনোনীত প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারি ক্লিনটনের বিরুদ্ধে ট্রাম্পকে জিতিয়ে দিতেই রাশিয়া এমন কাজ করেছে।
ট্রাম্প এ ধরনের অভিযোগ উড়িয়ে দিয়ে মার্কিন গোয়েন্দাদের সমালোচনা করেছেন। তিনি আগামী সপ্তাহে গোয়েন্দাদের সঙ্গে আলোচনায় বসার ঘোষণাও দিয়েছেন। রুশ কর্মকর্তারা আশা করছেন, ওবামা প্রশাসনের নিষেধাজ্ঞাগুলো ট্রাম্প ক্ষমতায় যাওয়ার পর বহাল না-ও থাকতে পারে। কারণ তিনি এ রকম ইঙ্গিত ইতিমধ্যে দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বৃহস্পতিবার বলেছেন, ওবামার নির্বাহী আদেশগুলো ট্রাম্প চাইলে উল্টে দিতে পারবেন। তবে এ রকম কাজ অযৌক্তিক হবে।
ওবামা প্রশাসনের নির্দেশ পেয়ে মোট ৯৬ জন রুশ নাগরিক যুক্তরাষ্ট্র ছেড়ে চলে যাবেন বলে ধারণা করা হচ্ছে। তাঁদের মধ্যে কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যরাও আছেন।