পুতিনকে ফোন করে ওবামার উদ্বেগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের বিচ্ছিন্নতাবাদীদের প্রতি রাশিয়ার সমর্থন ক্রমশ বৃদ্ধির ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গত শুক্রবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি এই উদ্বেগের কথা জানান।
এদিকে, ইউক্রেনের পূর্বাঞ্চলে বিধ্বস্ত মালয়েশিয়া এয়ারলাইনসের উড়োজাহাজের (এমএইচ১৭) আরও ধ্বংসাবশেষ সংগ্রহের চেষ্টা করে যাচ্ছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞরা। খবর এএফপির।
প্রেসিডেন্ট ওবামার কার্যালয় হোয়াইট হাউস জানায়, পুতিনের সঙ্গে আলাপকালে ইউক্রেন সংকট নিরসনে কূটনৈতিক সমাধানের বিষয়টিকে প্রাধান্য দেন ওবামা। এর আগে তিনি ওয়াশিংটন ডিসিতে এক অনির্ধারিত সংবাদ সম্মেলনে বলেন, ইউক্রেনের সরকারকে সমর্থন দিতে এবং দেশটিতে যেকোনো ধরনের আগ্রাসন থেকে রাশিয়াকে বিরত রাখতে দিতে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সব উদ্যোগই নিয়েছে।
এদিকে রাশিয়ার প্রেসিডেন্টের দপ্তর ক্রেমলিন জানায়, ওবামা ও পুতিন ইউক্রেনের বর্তমান অচলাবস্থার ব্যাপারে আলাপ করেছেন। আর তাঁরা একমত হয়েছেন, ইউক্রেনের সরকারি বাহিনীর বিরুদ্ধে যুদ্ধরত রাশিয়াপন্থী বিদ্রোহীরা রাশিয়া বা যুক্তরাষ্ট্র—কোনো দেশের স্বার্থেই কাজে আসবে না। তাই ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলে চলমান লড়াই অবিলম্বে ও দীর্ঘ মেয়াদে বন্ধ করে সেখানে রাজনৈতিক প্রক্রিয়া শুরু করা প্রয়োজন।
দুর্ঘটনাস্থলে ডাচ ও অস্ট্রেলিয়ার দল: ইউক্রেনের বিস্তীর্ণ পূর্বাঞ্চলে বিধ্বস্ত এমএইচ১৭-এর ধ্বংসাবশেষ উদ্ধারের কাজে আন্তর্জাতিক বিশেষজ্ঞ দল প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর মোতায়েন করেছে। বিদ্রোহীরা গতকাল তদন্ত দলকে ঘটনাস্থলে যাওয়ার ও কাজ শুরুর সুযোগ দিয়েছে।
এই উদ্ধারকাজে নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়ার পুলিশ বিভাগের প্রায় ৭০ জন গোয়েন্দা সদস্য অংশ নিচ্ছেন। তাঁদের এই উদ্ধার অভিযানে প্রায় তিন সপ্তাহ সময় লাগতে পারে। দুই সপ্তাহের বেশি আগে ২৯৮ জন আরোহীসহ ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়। ক্ষেপণাস্ত্র ছুড়ে এটি ভূপাতিত করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইতিমধ্যে উড়োজাহাজের ধ্বংসাবশেষে ক্ষেপণাস্ত্রের কিছু নমুনাও পাওয়া গেছে।
যুক্তরাষ্ট্র ও ইউক্রেন অভিযোগ করছে, রুশপন্থী বিদ্রোহীরা রাশিয়ার তৈরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে উড়োজাহাজটি ভূপাতিত করেছে। তবে রাশিয়া ওই অভিযোগ অস্বীকার করেছে।