পুতিনের প্রশংসা করে তোপের মুখে ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শ্রদ্ধা করেন এ কথা বলে ব্যাপক তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের রিপাবলিকান ও ডেমোক্রেটিক পার্টি—দুই দলের নেতারাই গত রোববার এ নিয়ে চরম অসন্তোষ জানিয়েছেন।
নির্বাচনী প্রচারণার সময় থেকেই ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্টের প্রশংসা করে আসছিলেন। এ নিয়ে দেশে বিভিন্নমুখী প্রতিক্রিয়া হয়। একপর্যায়ে নিজ দল রিপাবলিকান পার্টি ট্রাম্পকে পুতিনের সঙ্গে দূরত্ব বজায় রাখার পরামর্শ দিয়েছিল। কিন্তু নতুন প্রেসিডেন্ট তাতে আমল দিচ্ছেন বলে মনে হয় না। সর্বশেষ গত রোববার তিনি এক সাক্ষাৎকারে রাশিয়ায় রাজনৈতিক হত্যাকাণ্ড বা ইউক্রেনে মস্কোর অভিযানের মতো বিষয়কে পাশ কাটিয়ে পুতিনের পক্ষে কথাবার্তা বলেছেন। ফক্স নিউজের বিল ও’রেইলির সঙ্গে ওই সাক্ষাৎকারে পুতিন সম্পর্কে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘আমি তাঁকে সম্মান করি। আরও অনেককেই সম্মান করি। কিন্তু তার মানে এই নয় যে তাঁর সঙ্গে মিলেমিশে কাজ করতে পারব।’
সাংবাদিক ও ভিন্নমতাবলম্বীদের বিনা বিচারে হত্যার সঙ্গে পুতিনের জড়িত থাকার বিভিন্ন অভিযোগ প্রসঙ্গে প্রশ্ন করলে ট্রাম্প বলেন, ‘আপনি কি মনে করেন, আমাদের দেশ একেবারেই নির্দোষ? আমাদের অতীত কর্মকাণ্ড খুঁজে দেখুন। আমরাও অনেক ভুল করেছি।’
ট্রাম্পের এসব বক্তব্যের তীব্র সমালোচনা করে রিপাবলিকান সিনেটর মিচ ম্যাককনেল বলেন, ‘রুশদের কাজকর্মের সঙ্গে যুক্তরাষ্ট্রকে এভাবে মিলিয়ে ফেলার সুযোগ নেই। কেজিবির সাবেক কর্মী পুতিন একজন খুনি। তিনি যেভাবে নির্বাচিত হয়েছেন, তা জনগণের অধিকাংশের কাছে গ্রহণযোগ্য নয়।’
রাশিয়ায় সাবেক মার্কিন রাষ্ট্রদূত ও সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার সাবেক উপদেষ্টা মাইকেল ম্যাকফল ট্রাম্পের এসব কথাবার্তাকে ‘বিরক্তিকর’ আখ্যা দিয়েছেন।
এবারের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রাশিয়ার হ্যাকিংয়ের অভিযোগ ওঠায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে কিছুটা টানাপোড়েন সৃষ্টি হয়েছে। এর আগে প্রতিবেশী ইউক্রেনের সংকটে রাশিয়ার হস্তক্ষেপের কারণে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্ররা অবরোধ আরোপ করে। এমন প্রেক্ষাপটে ট্রাম্প পুতিনের প্রশংসার পাশাপাশি জঙ্গিবাদ দমনসহ বিভিন্ন বিষয়ে রাশিয়ার সঙ্গে কাজ করার পক্ষে মত দিলেন।