পুতিনের প্রশংসায় পঞ্চমুখ ট্রাম্প
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসায় পঞ্চমুখ যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ‘পুতিন দুর্দান্ত স্মার্ট।’
এএফপির খবরে জানানো হয়, ট্রাম্পের এমন বার্তায় ডেমোক্র্যাট ও রিপাবলিকান কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেছেন।
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সাইবার হামলার অভিযোগে প্রেসিডেন্ট বারাক ওবামা গত বৃহস্পতিবার রাশিয়ার বিরুদ্ধে কূটনীতিক বহিষ্কার ও যুক্তরাষ্ট্রে রুশদের দুটি কার্যালয় বন্ধের ঘোষণা দেন। তবে পাল্টা কোনো ব্যবস্থা নেয়নি মস্কো।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল বলেছেন, তিনি এখনই কোনো পাল্টা ব্যবস্থা নেবেন না। উল্টো তিনি রাশিয়ায় কর্মরত সব কূটনীতিক ও তাঁদের সন্তানদের ক্রেমলিনে রুশ পঞ্জিকা অনুসারে বড়দিন ও নববর্ষ উদ্যাপনের আমন্ত্রণ জানান।
পুতিনের এমন আচরণেরই প্রশংসা করেছেন ট্রাম্প।