পুতিনের রাশিয়ার প্রতি নিন্দা জানাবেন না ট্রাম্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: রয়টার্স

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আলেক্সেই নাভালনির ওপর বিষপ্রয়োগের ঘটনা ‘দুঃখজনক’। তবে এ ঘটনায় রাশিয়ার প্রতি নিন্দা জানাবেন না ট্রাম্প। তিনি বলেছেন, নাভালনির ওপর যে রাশিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বিষপ্রয়োগ করা হয়েছে, তেমন প্রমাণ পাওয়া যায়নি।  
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির খবরে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প রাশিয়ার বদলে সাংবাদিকদের চীনের প্রতি বেশি মনোযোগ দিতে বলেছেন। ট্রাম্প মনে করেন, রাশিয়ার বদলে চীন বিশ্বের জন্য বড় হুমকি। গতকাল শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশিয়ার সরকারবিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনি
ছবি: এএফপি

ট্রাম্প বলেন, ‘আমি জানি না আসলে কি হয়েছে। আমি মনে করি যে, এটি দুঃখজনক, এটি ভয়ানক, এমনটা কখনোই হওয়া উচিত নয়। আমরা এখনও এ বিষয়ে কোনো প্রমাণ পায়নি, কিন্তু আমি এ ব্যাপারে নজর দেব।’
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘এটি চিত্তাকর্ষক যে, সবাই রাশিয়ার নাম নিচ্ছে এবং এ জন্য আমি কিছু মনেও করছি না। কিন্তু আমি মনে করি সম্ভবত এই মুহূর্তে রাষ্ট্র হিসেবে চীনকে নিয়ে আপনাদের বেশি কথা বলা উচিত।’

রাশিয়ার প্রধান বিরোধীদলীয় নেতা আলেক্সেই নাভালনি গত মাস থেকে অসুস্থ। ২০ আগস্ট সাইবেরিয়া থেকে আকাশপথে মস্কো যাওয়ার পথে তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে রাশিয়ায় কিছুদিন চিকিৎসার পর তাঁকে জার্মানি নিয়ে যাওয়া হয়। গত বুধবার জার্মানি জানায়, নাভালনির দেহে নোভিচক নামের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছে। জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন এবং রাশিয়ার কাছে এই ঘটনার বিষয়ে জবাব চেয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচকেরা বলছেন, রাজনৈতিক প্রতিপক্ষ নাভালনিকে দূর করতেই ক্রেমলিন এই বিষপ্রয়োগ করেছে। যদিও রাশিয়া সরকারিভাবে এ ধরনের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে।
এর আগে ২০১৮ সালের মার্চে যুক্তরাজ্যের সলসবুরিতে একই ধরনের ঘটনা ঘটেছিল। সের্গেই স্ক্রিপাল নামের একজন সাবেক রুশ গুপ্তচর ও তাঁর মেয়ের ওপর নোভিচক নামের নার্ভ এজেন্ট প্রয়োগ করা হয়েছিল। ওই সময়ও অভিযোগের আঙুল উঠেছিল রাশিয়া ও পুতিনের দিকে। তবে রাশিয়া সব সময়ই তা অস্বীকার করে এসেছে।