পুতিনের সঙ্গে কী কথা ট্রাম্পের?
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে আজ মঙ্গলবার কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এমন তথ্য জানিয়েছে।
তবে দুই নেতা কী নিয়ে কথা বলবেন, তা জানা যায়নি। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে তাঁদের আলাপ করার কথা।
এএফপির খবরে জানা যায়, জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর থেকে এ পর্যন্ত দুবার পুতিনের সঙ্গে আলোচনা করেছেন ট্রাম্প।
ক্রেমলিনের মুখপাত্র দমিত্রি পেশকভ রিয়া নভোস্তি সংবাদ সংস্থাকে এই পরিকল্পিত বৈঠকের বিষয়টি জানিয়েছেন।
ক্রেমলিনের কর্মকর্তারা জানান, গত ২৮ জানুয়ারি ফোনালাপে ট্রাম্প ও পুতিন কীভাবে আইএস জঙ্গিকে পরাজিত করা যায়, তা নিয়ে আলাপ করেছিলেন।
রাশিয়ায় সেন্ট পিটার্সবার্গের মেট্রোতে বোমা হামলায় ১৫ জন নিহত হওয়ার পর গত ৩ এপ্রিল ট্রাম্প পুতিনকে জানান, তিনি রাশিয়ার পাশে থাকবেন।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) ট্রাম্পের প্রচার সহযোগী এবং রাশিয়ার সরকারের মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, এ নিয়ে তদন্ত করছে।