পুতিনের সফরের খবরে অস্বস্তি হোয়াইট হাউসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভ্লাদিমির পুতিন
ভ্লাদিমির পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আগামী শরতে যুক্তরাষ্ট্র সফরের আমন্ত্রণ জানানো নিয়ে হোয়াইট হাউসে অস্বস্তির সৃষ্টি হয়েছে। এই আমন্ত্রণের বিষয়টি জানতেনই না যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ড্যান কোটস। খবরটি শোনার পর ক্যামেরায় তাঁর যে অভিব্যক্তি ধরা পড়ে, তাতে স্পষ্ট যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গোয়েন্দা সংস্থাগুলোকে পাশ কাটিয়ে পুতিনকে আমন্ত্রণের পরিকল্পনা করেছেন।

ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে গত সোমবার ট্রাম্প-পুতিন বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে এবং তারপর যৌথ সংবাদ সম্মেলনে ট্রাম্পের বক্তব্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের ভাবমূর্তিতে যে বিপর্যয়ের সৃষ্টি করেছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা এখনো চালিয়ে যাচ্ছেন ট্রাম্প ও তাঁর সহকারীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের অভিযোগ এবং মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর ব্যাপারে ট্রাম্পের করা মন্তব্যের পরিপ্রেক্ষিতে ওই দিনই নিজেদের অবস্থানের পক্ষে বিবৃতি দেন ড্যান কোটস।

পুতিনকে আমন্ত্রণের খবরটি বৃহস্পতিবার যখন ছড়ায়, তখন ড্যান কোটস কলোরাডোয় একটি নিরাপত্তা সম্মেলনে ছিলেন। ক্যামেরার সামনে উপস্থিত কোটসের অভিব্যক্তিই বলে দিচ্ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের এ ধরনের পরিকল্পনার জন্য তিনি প্রস্তুত ছিলেন না। এর আগে পুতিনের সঙ্গে ট্রাম্পের একান্তে বৈঠকের সিদ্ধান্তের বিরোধিতা করেছিলেন তিনি।

হোয়াইট হাউসের ঘনিষ্ঠ একটি সূত্র নাম প্রকাশ না করার শর্তে বলেন, কোটস যদি ওয়াশিংটনে থাকতেন, তাহলে তাঁকে পুতিনকে আমন্ত্রণের বিষয়টি জানানো হতো। কিন্তু সম্মেলনের মধ্যে খবরটা পেয়ে তাঁর যে অভিব্যক্তি ক্যামেরায় ধরা পড়েছে, তা মানুষের মধ্যে উদ্বেগের সঞ্চার করেছে।

শুক্রবার সিএনবিসিতে এক সাক্ষাৎকারে ট্রাম্প দাবি করেন, হেলসিঙ্কির সম্মেলনে সব বিষয়েই যে তিনি ও পুতিন একমত হতে পেরেছেন, তা নয়।