পুতিনের সিদ্ধান্ত অনুমোদন করল রুশ পার্লামেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে প্লুটোনিয়াম চুক্তি স্থগিতের সিদ্ধান্ত অনুমোদন করেছে রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নেওয়া এই সিদ্ধান্ত গতকাল অনুমোদন করা হয়।

সিরিয়ায় যুদ্ধবিরতি-সংক্রান্ত রুশ-মার্কিন প্রচেষ্টা ভেস্তে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই মাসের শুরুর দিকে পুতিন ওই সিদ্ধান্ত নিয়েছিলেন। ২০০০ সালে হওয়া চুক্তির আওতায় রাশিয়া ও যুক্তরাষ্ট্র ৩৪ টন করে প্লুটোনিয়াম নিষ্ক্রিয়করণ করার কথা। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণের জন্য এ চুক্তি করা হয়েছিল।

মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, যৌথভাবে ৩৪ মেট্রিক টন প্লুটোনিয়াম ‘প্রায় ১৭ হাজার পরমাণু অস্ত্র তৈরির জন্য যথেষ্ট’। উভয় দেশ ২০১০ সালে ওই চুক্তি পুনরায় অনুমোদন করেছিল।

নিম্নকক্ষের ৪৫০ জন সদস্যের মধ্যে ৪৪৫ জন চুক্তিটি স্থগিতের পক্ষে ভোট দেন। আগামী বুধবার বিষয়টি নিয়ে উচ্চকক্ষে ভোটাভুটি হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নকক্ষে পাস হওয়া বিলে বলা হয়েছে, মার্কিন কর্তৃপক্ষ যদি ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোয় সামরিক সরঞ্জাম ও সেনাসদস্য কমিয়ে আনে এবং রুশবিরোধী অর্থনৈতিক অবরোধ উঠিয়ে নেয় তাহলে পুতিন চাইলে চুক্তিটি পুনরায় কার্যকর করতে পারবেন।

রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাবকভ গতকাল আদালতে বলেন, মার্কিন কর্তৃপক্ষ যদি রাশিয়াবিরোধী অবরোধের দিকে যায়, তাহলে তারা যুক্তরাষ্ট্র বিরুদ্ধে আরও বেদনাদায়ক পদক্ষেপের দিকে যেতে পারেন।

সিরিয়ায় রাশিয়ার বোমা হামলার ঘটনাকে যুক্তরাষ্ট্র ‘যুদ্ধাপরাধ’ হিসেবে বর্ণনা করার পরই চুক্তি স্থগিতের ঘোষণা দিয়ে পুতিন বলেছিলেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালন করেছি। কিন্তু আমাদের মার্কিন অংশীদারেরা তা করেনি।’ পুতিন স্বাক্ষরিত অধ্যাদেশে বলা হয়, রাশিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের বৈরী আচরণ কৌশলগত স্থিতিশীলতার জন্য হুমকি।’ তাই ‘জরুরি নিরাপত্তাব্যবস্থা’ গ্রহণের জন্য ওই চুক্তি স্থগিত করা হলো।

মূলত সিরিয়া যুদ্ধ নিয়ে রুশ-মার্কিন সম্পর্ক অনেকটা তিক্ত হয়ে উঠেছে। ২০১১ সালে শুরু হওয়া গৃহযুদ্ধে এই দুই পরাশক্তি প্রতিদ্বন্দ্বী দুই গোষ্ঠীকে সমর্থন দিচ্ছে।