পুনর্নির্মাণের পর স্টেট পার্কের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক নগরের হারলেম নদীর পাশে রবার্টো ক্লিমেন্ট স্টেট পার্কের নাম অনেকেরই জানা। ২৫ একরের এই পার্কটি ব্রঙ্কসের ওয়েস্ট ট্রিমন্টে অবস্থিত। এই পার্কটি ব্রঙ্কসের একমাত্র স্টেট পার্ক। ২০১২ সালে নদীর পাশে এই পার্কটিতে সুপারস্ট্রোম স্যান্ডি আঘাত হানে। জলোচ্ছাসে লন্ডভন্ড হয়ে যায় পার্কটির প্রায় সব অবকাঠামো। নিউইয়র্ক অঙ্গরাজ্যের গভর্নর অ্যান্ড্রু কুমোর উদ্যোগে ২০১২ সালের পর পার্কটির অবকাঠামোর পুনর্নির্মাণ শুরু হয়। এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১০০ মিলিয়ন ডলার।
পার্কটির অবকাঠামোর পুনর্নির্মাণ কাজ সম্পূর্ণ শেষ হওয়ার পর ৬ জুন আবার এই পার্কটি জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। ১৯৭৩ সালে এই পার্কটি সর্বপ্রথম জনসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। তখন পার্কটির নাম ছিল হারলেম রিভার পার্ক। পরে আমেরিকায় প্রথম লাতিন আমেরিকান বেসবল খেলোয়াড় রবার্টো ক্লিমেন্ট যখন ‘হল অব ফেইম’-এ স্থান পান, তখন এই পার্কটির নাম বদলে রবার্টো ক্লিমেন্ট স্টেট পার্ক রাখা হয়।
নতুন করে শেষ করা এই পার্কে জনসাধারণের বিনোদনের সব ব্যবস্থাই রয়েছে। সাইকেল নিয়ে চলাফেরা করার জন্য পার্কের ভেতরে নতুন রাস্তা করা হয়েছে। পার্কে ঢোকার জন্য আগের চেয়ে বেশি অনেক ফটক নির্মাণের পাশাপাশি সব ধরনের খেলাধুলার জন্য মাঠ নির্মাণ করা হয়েছে। গ্রীষ্মের দাবদাহ থেকে মুক্তির জন্য এই পার্কে বহু সুইমিংপুল আছে। ছোট বাচ্চাদের খেলাধুলা করার জন্য বিশেষ ব্যবস্থাও করা আছে।