যুক্তরাষ্ট্রের দুই অঙ্গরাজ্যের আইনজীবীরা আদালতে বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা পুনর্বহাল করা হলে আবার বিশাল গোলমাল বেধে যাবে। ওয়াশিংটন ও মিনেসোটার আইনজীবীরা গতকাল সোমবার সান ফ্রান্সিসকোর আপিল আদালতকে ভ্রমণ নিষেধাজ্ঞার ওপর দেশব্যাপী জারি করা অস্থায়ী নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান জানান। গতকালই ট্রাম্প প্রশাসনের আইনজীবীদের যুক্তি দেওয়ার কথা ছিল। এ প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিষেধাজ্ঞা আটকে দেওয়া বিচারককে আবারও নিন্দার তিরে বিদ্ধ করেছেন।
ওয়াশিংটনের সিয়াটলের ফেডারেল বিচারক জেমস রবার্ট গত শুক্রবার সাত মুসলিমপ্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ সাময়িক নিষিদ্ধ করে ট্রাম্পের দেওয়া আদেশ স্থগিত করে দেন। ওই স্থগিতাদেশের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসন আপিল করলেও আদালত শনিবার তা প্রাথমিকভাবে নাকচ করে দেন।
এদিকে আবারও বিচারকের কঠোর নিন্দা করে ট্রাম্প বলেছেন, ‘কিছু হয়ে গেলে’ মার্কিন নাগরিকেরা আদালতকেই দুষবেন। মার্কিন ভূখণ্ডে প্রবেশকারী লোকজনকে ‘খুব সতর্কতার সঙ্গে’ তল্লাশি করতে তিনি হোমল্যান্ড সিকিউরিটির কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন।
আদালত আপিল নাকচ করায় ট্রাম্পের নির্বাহী আদেশটি স্থগিত রয়েছে এবং ইরাক, সিরিয়া, ইরান, লিবিয়া, সোমালিয়া, সুদান ও ইয়েমেনের নাগরিকেরা মার্কিন ভিসা থাকলে যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ পাচ্ছেন। মামলাটির পূর্ণাঙ্গ শুনানি শেষ না হওয়া পর্যন্ত এ ব্যবস্থাই বহাল থাকবে।
ট্রাম্পের ওই নিষেধাজ্ঞা চ্যালেঞ্জ করা দুই অঙ্গরাজ্য ওয়াশিংটন ও মিনেসোটার কর্তৃপক্ষকে আদালত আরও যুক্তিতর্ক উপস্থাপনের নির্দেশ দিয়েছেন। আপিল আদালতে সর্বশেষ আবেদনে অঙ্গরাজ্য দুটি বলেছে, ওই স্থগিতাদেশ তুলে নিলে বিশৃঙ্খলা লাগাম ছাড়িয়ে যাবে। যুক্তরাষ্ট্রের অর্থনীতির ওপরও নেতিবাচক প্রভাব পড়বে। এ বিষয়ে জাতীয় নিরাপত্তা বিশেষজ্ঞ সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরি ও মেডেলিন অলব্রাইট এবং সিআইএর সাবেক পরিচালক লিওন প্যানেটার বিবৃতি আদালতে পেশ করা হয়েছে। তাঁরা বলেছেন, ভ্রমণ নিষেধাজ্ঞাটি অকার্যকর, বিপজ্জনক এবং এটি বহাল থাকলে হিতে বিপরীত হবে।
জেমস রবার্টের শুক্রবারের রুলিংয়ের পর মার্কিন ভিসাধারী অনেক বিদেশিই তড়িঘড়ি করে যুক্তরাষ্ট্রে ঢুকছেন। তাঁদের আশঙ্কা, আবার ওই নিষেধাজ্ঞা চালু হতে পারে।
বিচারক জেমস রবার্টের নিন্দামন্দ করে ট্রাম্প টুইটারে কয়েক দফা মন্তব্য করেছেন। আদালতের সমালোচনা করে তিনি লিখেছেন, তাঁরা কাজটাকে খুব কঠিন করে দিচ্ছেন! আরেক টুইটে লিখেছেন, ‘বিশ্বাসই করতে পারছি না একজন বিচারক দেশকে কীভাবে এমন বিপদের মুখে ঠেলে দিতে পারেন।’
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প বিচারক রবার্টের আদেশকে ‘হাস্যকর’ উল্লেখ করে তাঁকে ‘তথাকথিত বিচারক’ আখ্যা দেন।
ওয়াশিংটন ও মিনেসোটা অঙ্গরাজ্যের প্রতিনিধিরা আদালতে যুক্তি দেখিয়েছেন, ট্রাম্পের নিষেধাজ্ঞা অসাংবিধানিক এবং এটা বহাল করার ফলে বৈধ কাগজপত্র নিয়ে ভ্রমণকারী লোকজনকেও কোনো আইনি আশ্রয় ছাড়াই ফিরিয়ে দিতে হচ্ছে। এটা ধর্মীয় স্বাধীনতারও পরিপন্থী, কারণ দৃশ্যত মুসলিম সম্প্রদায় এর শিকার হয়েছে।
মার্কিন বিচারব্যবস্থা নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের এসব মন্তব্যের সমালোচনা করেছেন ডেমোক্রেটিক পার্টির নেতারা। ট্রাম্পের নিজ দল রিপাবলিকান পার্টির কয়েকজন নেতাও এতে যোগ দিয়েছেন।
ডেমোক্রেটিক পার্টির সিনেটর এবং সিনেট জুডিশিয়ারি কমিটির সদস্য প্যাট্রিক লিহি বলেন, ‘মনে হচ্ছে, ট্রাম্প একটি সাংবিধানিক সংকট তৈরির চেষ্টায় অংশ নিতে চাইছেন।’