পুরস্কারের মাধ্যমে শিক্ষা

আমাদের এই স্বাধীন দেশ, বাংলাদেশের বয়স প্রায় অর্ধ-শতক ছুঁই ছুঁই। কিন্তু আশ্চর্য হলেও সত্য যে, আমাদের অনেক কলেজ/বিশ্ববিদ্যালয় পড়ুয়া কোন ছাত্রছাত্রী যখন আমাদের বিজয় দিবসকে স্বাধীনতা দিবস আর স্বাধীনতা দিবসকে বিজয় দিবস বলে, তখন দেশের ইতিহাস জানা সবার লজ্জায় মাথা নত হয়ে যায়। কিন্তু, কীভাবে আমরা সবাইকে বাংলাদেশ সম্পর্কে ন্যূনতম এই জ্ঞানটি দেব? এমন প্রশ্ন মাথায় আসলে প্রথমেই ঠিক করতে হয়, বাংলাদেশ সম্পর্কে কী জ্ঞান থাকলে তা ন্যূনতম জ্ঞান বলে ধরে নেওয়া হবে। এ প্রশ্ন শুধু একটি কঠিন প্রশ্নই নয়, রীতিমতো একটি গবেষণার বিষয়। কাজেই বিভিন্ন মানুষের মতে, এই ন্যূনতম জ্ঞানের পরিধি বিভিন্ন রকম হবে।
এ রকম ন্যূনতম জ্ঞানের একটি পরিধি জানার জন্য আমি আমার পরিচিত প্রায় ৫০ জন বন্ধুবান্ধব ও শিক্ষকদের ১০টি প্রশ্ন বাছাই করতে অনুরোধ করি। তাতে সাড়া দেন ৩০ জন বন্ধুবান্ধবসহ ছয়জন শিক্ষক। এই ৩৬ জনের প্রত্যেকে ভিন্ন ভিন্ন প্রশ্ন নিয়ে আসলেও সবাই যে কমন প্রশ্নগুলো করেছেন, আশ্চর্যজনকভাবে তা মূলতো পাঁচটি। প্রশ্নগুলো হলো—
১. আমাদের জাতির জনকের নাম কি?
২. কত তারিখ বাংলাদেশের স্বাধীনতা দিবস (দিন/মাস/সালসহ)?
৩. কত তারিখ বাংলাদেশের বিজয় দিবস (দিন/মাস/সালসহ)
৪. কত তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস/শহীদ দিবস (দিন/মাস/সালসহ) এবং
৫. আমাদের প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির নাম কি?
কাজেই আমরা ধরেই নিই, বাংলাদেশ সম্পর্কে যার ন্যূনতম জ্ঞান থাকবে, সে অন্তত এই পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে। কিন্তু, লজ্জার বিষয় হলো—আমরা তা পরীক্ষা করে দেখি, অনেকে তাও সঠিকভাবে জানেন না। এই সাধারণ জ্ঞানটি সবাইকে জানাতে আমরা প্রথমে প্রাথমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ের মাধ্যমে কাজ করার সিদ্ধান্ত নিই।
পরীক্ষাস্বরূপ আমি ফেসবুকে কলম ও বই পুরস্কার ঘোষণা করে উৎসাহী শিক্ষকদের খোঁজতে শুরু করি। যে শিক্ষক ন্যূনতম এই ৫টি তথ্য তাঁর ছাত্র-ছাত্রীদের শেখাতে পারবেন, তাঁর জন্য উপহার হিসেবে থাকবে জনপ্রিয় লেখক মুহম্মদ জাফর ইকবাল স্যারের ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ নামক বই এবং প্রত্যেক শিক্ষার্থী পাবেন পুরস্কার হিসেবে একটি কলম।
এই ঘোষণায় উৎসাহী হয়ে প্রথমে এগিয়ে আসেন সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার সুজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক পূণ্যশ্রী ভট্টাচার্য। তিনি তাঁর স্কুলের ১৭৫ জন ছাত্রছাত্রীকে এই ন্যূনতম জ্ঞানের শিক্ষা দেন এবং প্রতিটি ছাত্রছাত্রী এই পাঁচটি প্রশ্নের সঠিকভাবে উত্তর দেওয়ার পর তিনি তাদের প্রত্যেককে একটি করে কলম পুরস্কার দেন। পূণ্যশ্রী ভট্টাচার্য বলেন, পুরস্কারের কথা শুনে সব ছাত্রছাত্রী এসব প্রশ্নের সঠিক উত্তর খুবই তাড়াতাড়ি শিখতে পারে।
এই ঘোষণায় উৎসাহী হয়ে আরও এগিয়ে আসেন সিলেট সদরের পাঠানটুলা এলাকার বিদ্যানিকেতনের শিক্ষক তাহমিনা চৌধুরীসহ আরও দুজন শিক্ষক। আমরা এখনো পর্যন্ত শিক্ষকদের সহযোগিতায় প্রায় ৩০০ জন ছাত্রছাত্রীকে এই সাধারণ জ্ঞানের শিক্ষা দিই।
এই কার্যক্রমে অংশগ্রহণে আগ্রহী বাংলাদেশের যেকোনো প্রাথমিক বিদ্যালয় বা হাইস্কুলের শিক্ষকেরা পাবেন উপহার হিসেবে একটি করে মুক্তিযুদ্ধের ইতিহাস বই এবং পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে প্রত্যেক ছাত্রছাত্রী পাবেন পুরস্কার হিসেবে একটি করে কলম। পুরস্কার/উপহার ক্ষুদ্র হলেও মূল্যবান। আর, তা যদি হয় আমাদের দেশের কিছু মৌলিক বিষয় জানার মাধ্যমে, তবে তা আমাদের নতুন প্রজন্মকে সামান্য হলেও সঠিক তথ্য জানাতে সাহায্য করবে বলে আমাদের বিশ্বাস। উপহার ও পুরস্কার নেওয়ার জন্য আগ্রহী সম্মানিত সব শিক্ষককে আমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করছি।
যোগাযোগ: https://www.facebook.com/lekhashare