
নিউইয়র্কের ম্যানহাটনে পোর্ট অথরিটি বাস টার্মিনালে সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনার প্রতিবাদ কর্মসূচিতে অংশ নিয়ে নিউইয়র্কের ব্রুকলিনে বাংলাদেশি কমিউনিটির উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছে। সভায় বক্তারা ম্যানহাটনে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বলেন, একজন ব্যক্তির জন্য পুরো কমিউনিটি দায়ী হতে পারে না। সন্ত্রাসী সব সময়ই সন্ত্রাসী। তাদের কেউ বন্ধু হতে পারে না। তারা দেশ, সমাজ ও মানবতার দুশমন। সন্ত্রাসের সঙ্গে ইসলামের কোনো সম্পর্ক নেই। ইসলাম শান্তি ও কল্যাণের ধর্ম। যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তারা ইসলামের দুশমন।
১২ ডিসেম্বর সন্ধ্যায় ব্রুকলিনে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত তাৎক্ষণিক প্রতিবাদ সভায় বক্তারা এসব কথা বলেন। তাঁরা বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে সব জাতিগোষ্ঠীকে এক ও অভিন্ন প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ হওয়া এখন সময়ের দাবি। সন্ত্রাসীরা কারও বন্ধু হতে পারে না। বহু জাতিগোষ্ঠীর দেশ আমেরিকা। এখানে সব জাতির মানুষের সুন্দর সহাবস্থান সারা বিশ্বে প্রশংসনীয়। এই দেশে বিভিন্ন কমিউনিটিতে যারা সন্ত্রাসের সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ অসম্ভব নয়। শুধু দরকার ঐক্য ও আন্তরিকতা।
১১ ডিসেম্বর নিউইয়র্ক সিটির ম্যানহাটন পোর্ট অথরিটি বাস টার্মিনালে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় আহত অবস্থায় আকায়েদ উল্লাহ (২৭) নামের বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিনকে আটক করে নিউইয়র্ক পুলিশ। আকায়েদ ব্রুকলিন এলাকায় বসবাস করেন।

ব্রুকলিনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা চার্চ-ম্যাকডোনাল্ডের বাংলাদেশি বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠন এই সন্ত্রাসী হামলার ঘটনায় ক্ষোভ, নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সমাবেশের আয়োজন করে। প্রায় ২৫টি সংগঠনের সমন্বয়ে ‘সচেতন নাগরিক সমাজ’-এর ব্যানারে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন ব্রুকলিন ইসলামিক সেন্টারের ভাইস প্রেসিডেন্ট আবু সামীহাহ সিরাজুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য দেন নিউইয়র্ক নগরের মেয়র অফিস প্রতিনিধি জোসেফ জন, স্থানীয় কাউন্সিলম্যান ব্যাড ল্যান্ডার, মূলধারার নেতা রবার্ট রবিন, সন্দ্বীপ সোসাইটির সাবেক সভাপতি মাহফুজুল মাওলা, বর্তমান সভাপতি আবদুল হান্নান, বাংলাদেশ মুসলিম সেন্টারের সেলিম, বায়তুল জান্নাহ মসজিদের ওমর ফারুক, দারুল জান্নাহ মসজিদের কামাল হোসেন, কমিউনিটি নেতা মাহবুবুর রহমান, আব্বাস উদ্দিন, স্বপন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন মারুফ হোসেন।
প্রতিবাদ সভায় বাংলাদেশ সোসাইটি ইনক, ড্যাম, বৃহত্তর কুমিল্লা সমিতি, বৃহত্তর নোয়াখালী সোসাইটি, সন্দ্বীপ সোসাইটি, বাংলাদেশ মুসলিম সেন্টার, বায়তুল জান্নাহ মসজিদ, দারুল জান্নাহ মসজিদ, ব্রুকলিন ইসলামিক সেন্টার, সন্দ্বীপ গণ উন্নয়ন পরিষদ, গাছুয়া, হরিশপুর, মুছাপুর, মাইটভাঙ্গা, কালাপানিয়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন সামাজিক ও আঞ্চলিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।