পুরো পরিবার নিয়ে করোনায় লড়েছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাপার সদস্যদের সঙ্গে মাহবুব জুয়েল (ডানে দাঁড়ানো)
বাপার সদস্যদের সঙ্গে মাহবুব জুয়েল (ডানে দাঁড়ানো)

মাহবুব জুয়েল (৩৮) বিশ্বের রাজধানী খ্যাত নিউইয়র্ক নগরের চৌকস পুলিশ কর্মকর্তা। এ নগরের পুলিশকে বিশ্বের অন্যতম দক্ষ পুলিশ হিসেবে গণ্য করা করা হয়। করোনাভাইরাসের আক্রমণে নাকাল নিউইয়র্ক নগরের পুলিশ সদস্যদের উল্লেখযোগ্য অংশ কিছু না বুঝে উঠার আগেই করোনায় আক্রান্ত হয়ে পড়েন। এদের মধ্যে মাহবুব জুয়েলএকজন। ঘরে সন্তান সম্ভবা স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যরাও করোনায় আক্রান্ত হন। শুরুর দিকে করোনার শিকার হলেও ভেঙে পড়েননি মাহবুব। লড়ে গেছেন করোনার বিরুদ্ধে। সুস্থ হয়ে বসে থাকেননি। নিউইয়র্কে বাংলাদেশি আমেরিকান পুলিশ অফিসারদের সংগঠন বাপার বোর্ড সদস্য হিসেবে সংকটের এ সময়ে বিপদাপন্ন মানুষের পাশে দাঁড়িয়েছেন। করোনাকালে বাবা হয়েছেন। সুস্থ হয়ে কাজে ফিরে গেছেন। প্রতিদিন ক্রমাগত লড়াই করে যাচ্ছেন অদৃশ্য এক শত্রুর বিরুদ্ধে।

 এনওয়াইপিডির ট্রানজিট ১১ (ব্রঙ্কস)-এ কর্মরত মাহবুব বললেন, তাদের বাড়ি সিলেটের জকিগঞ্জে। তবে বড় হয়েছেন মৌলভীবাজারের কুলাউড়ায় নানাবাড়িতে। ২০১১ সালে আমেরিকায় আসার আগে দেশে ইউনিসেফের একটা শিক্ষা বিষয়ক কর্মসূচিতে কাজ করেছেন। আমেরিকায় এসে প্রথমে নিউইয়র্কের ট্রাফিক বিভাগে কাজ শুরু করেন। ২০১৬ সাল থেকে নিয়মিত পুলিশ বিভাগে কাজ করছেন। পুলিশে কাজ করার পাশাপাশি কমিউনিটির নানা কাজে জড়িত জুয়েল।

প্রথম আলোকে বেশ আবেগতাড়িত কণ্ঠে মাহবুব বললেন, অনেকেই নানা সময়ে বলেছেন এসব সভা সমিতি করে কী হয়? এবার কটের সময়ে নিজে টের পেয়েছেন সামাজিক সংযোগ কতটা জরুরি। এ সামাজিক সংযোগ থাকায় নিজে যেমন উপকৃত হয়েছেন, তেমনি কমিউনিটির সাহায্যে অনেক কার্যকর কাজ করা গেছে।

মাহবুব জুয়েল জানালেন, মধ্য মার্চ পর্যন্ত নিউইয়র্কে করোনাভাইরাসের তেমন তাণ্ডব ছিল না। তথ্য ছিল, কিন্তু মোকাবিলা করার প্রস্তুতি পর্যাপ্ত ছিল না। অন্যদের মতো কাজ করছিলেন ফার্স্ট রেসপন্ডার হিসেবে। মধ্য মার্চের পর নিজে অসুস্থতা বোধ করেন। প্রচণ্ড জ্বর আর শরীরে ব্যথা হতে থাকে। শ্বাস কষ্টও হতে থাকে। এ অবস্থায় হাসপাতালে গেলে তাঁর করোনা টেস্ট করা হয়। তিন দিন পর হাসপাতাল থেকে জানানো হয়, তাঁর করোনা পজিটিভ। এর মধ্যে বাসায় থাকা তাঁর শ্যালকও করোনা সংক্রমিত হন, যিনি নিজেও এনওআইপিডিতে কাজ করেন। সবচেয়ে সংকট দেখা দেয় যখন যখন সন্তান সম্ভবা স্ত্রীর শরীরে করোনা ধরা পড়ে।

সময়টিকে ব্যক্তি জীবনের চরম সংকটের সময় হিসেবে মাহবুব উল্লেখ করেন। নিজের কারণে স্ত্রী সংক্রমিত হয়েছেন। অনাগত শিশুর জন্ম ও প্রসূতির স্বাস্থ্য নিয়ে চরম উদ্বেগে দিন কাটাতে থাকেন। নিজেও যুদ্ধ করতে থাকেন করোনার সঙ্গে। স্মরণ করলেন বাংলাদেশি আমেরিকান ডা. হেলাল উদ্দিনকে। প্রতিনিয়ত কমিউনিটির এই চিকিৎসক তাঁকে উপদেশ দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন টেলিফোনে। একই সময়ে নিউইয়র্ক পুলিশের বিপুলসংখ্যক সদস্য আক্রান্ত হয়ে পড়েন। বাপার সদস্যদের মধ্যেও ব্যাপক সংক্রমণ দেখা দেয়।

কমিউনিটির সঙ্গে নিত্য সংযুক্ত মাহবুব জানালেন, এসব ফার্স্ট রেসপন্ডারের মাধ্যমে পরিবারের লোকজন কোন কিছু জানার আগেই আক্রান্ত হয়ে পড়েন। অনেকের বাবা-মা মারা গেছেন। এমন পরিস্থিতি একজন ফার্স্ট রেসপন্ডারের জন্য বেশ আবেগের ও সংকটের। নিজের কারণে পরিবার আক্রান্ত হয়েছে, মারা যাচ্ছে—এমনও দেখতে হয়েছে তাদের।

প্রায় এক মাস লড়াইয়ে মাহবুব সুস্থ হয়ে ওঠেন। খালি সুস্থই হয়ে ওঠেননি। তাঁর সন্তান সম্ভবা স্ত্রী করোনা সংক্রমণ নিয়েই সন্তান জন্ম দিয়েছেন। করোনার গতি প্রকৃতি নিয়ে ডাক্তাররাও অনেকটা অন্ধকারে হাতড়েছেন, এখনো অবস্থা একই। তাঁর স্ত্রী এখন সুস্থ, সন্তানও সুস্থ। নিজেকে ভাগ্যবান উল্লেখ করে তিনি স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা জানান।

 কাজে ফিরে গেছেন জুয়েল। নিউইয়র্কে রাতে ট্রানজিট বন্ধ। এখনো লকডাউন চলছে। এখনো সংকট চলছে। মৃত্যুর সংখ্যা কমলেও এখনো বহু পরিচিতজন, বহু সহকর্মী সংক্রমণ নিয়ে সুস্থতার জন্য লড়াই করছেন।

গত দুমাসে বাপার সদস্যদের নিয়ে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের পাশে নানাভাবে দাঁড়ানোর কথা জানালেন মাহবুব। বহু রোগীদের হাসপাতালে পৌঁছে দেওয়া, যাদের ঘরে খাবার নেই, তাদের খাবার পৌঁছে দেওয়ার কাজ করছেন মাহবুবসহ অন্য সহকর্মীরা। রমজানে পৌঁছে দিচ্ছেন তৈরি হালাল খাবার। জানালেন, এসব খাবার দিতে তারা শুরু থেকেই বাংলাদেশি রেস্টুরেন্ট থেকে খাবার সংগ্রহের চেষ্টা করেছেন। এতে কমিউনিটির ব্যবসায়ী ও তাদের কর্মচারীদের লাভ হবে—এমন ভেবেই তা করা হয়েছে। শুরুর দিকে মারা যাওয়া লোকজনকে হাসপাতাল, ফিউনারেল হোমসহ কবরস্থান পর্যন্ত পৌঁছানোসহ নানা বিষয়ে সহকর্মীদের নিয়ে কাজ করেছেন তিনি। কমিউনিটির কাছে সঠিক তথ্য প্রদান, তহবিল সংগ্রহে কাজ করেছেন।

এর মধ্যে নিউইয়র্ক পুলিশের দুই গর্বিত কর্মকর্তা বাংলাদেশি আমেরিকান মোহাম্মদ চৌধুরী ও মোহাম্মদ আহসানকে করোনাভাইরাসে হারানোর কথা উল্লেখ করে তাঁদের প্রতি শ্রদ্ধা জানলেন মাহবুব। জানালেন, এখনো এনেকেই হাসপাতালে আছেন। অনেকেই ঘরে সুস্থ হওয়ার লড়াই করছেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে, আমরা কেউ জানি না?

সারা বিশ্বে করোনাভাইরাসের তাণ্ডব হয়েছে। এই তাণ্ডব পাল্টে দিয়েছে অনেক কিছুই। বিশ্বে সবচেয়ে চাঞ্চল্যের নগর নিউইয়র্কে এর মধ্যেই মারা গেছেন প্রায়  ২৬ হাজার মানুষ। ভাইরাসের সংক্রমণ থামেনি। সংকট থেকে বেরিয়ে আসতে পারেনি বিশ্ব। মাহবুব বললেন, তার মতো অনেকেই নিজের জীবন নিয়ে যেমন লড়েছেন, তেমনি অন্যের পাশেও দাঁড়িয়েছেন, দাঁড়াচ্ছেন। যার যার অবস্থা থেকে সমমর্মিতা আর ভালোবাসা নিয়েই সংকট অতিক্রম করতে হবে। দমে যাওয়া নয়, লড়ে যাওয়াই আমাদের কাজ। নিজেকে নিরাপদ রাখতে হবে।