পুরোনো সেই দিনের কথা...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেটে সুরমা নদীর ওপরে ক্বীন ব্রীজ
সিলেটে সুরমা নদীর ওপরে ক্বীন ব্রীজ

ক্যাথে প্যাসিফিকের উড়োজাহাজেরটি হংকং থেকে জেএফকে বিমানবন্দরে অবতরণের আগে ওপর থেকে চক্কর দিয়ে দিয়ে নিচে নামছিল। অনেকটা বাজপাখির মতো। চমৎকার পারদর্শিতার সঙ্গে বিশাল সেই বোয়িং অবতরণ করল। আসল ঝক্কিঝামেলা শুরু হলো এইবার।
আমেরিকান পাসপোর্ট! গো দিস ওয়ে। অভিবাসন কর্মকর্তারা উড়োজাহাজের অর্ধেকের বেশি যাত্রীকে একদিকে পাঠিয়ে দিল। আর গ্রিনকার্ডধারীরা চলে গেল আরেক দিক দিয়ে। আমেরিকান পাসপোর্টধারীদের মনে হচ্ছিল কত ভাগ্যবান ওরা! মনে হলো, আমরাই শুধু আটকে গেলাম। যাক অবশেষে মি. বাউলিং নামের অভিবাসন কর্মকর্তার মুখোমুখি আমাদের পাঁচজনের পুরা পরিবার। আল্লাহর রহমতে সে যে একসেন্টে কথা বলা শুরু করল, তাতে আমাদের চার জোড়া কান (পূর্ণতা বাদে) খাড়া করে অর্থ উদ্ধার করতে হলো। একে একে সব কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষার পর সে যখন সিল মারতে মারতে বলল—
ওয়েলকাম টু আমেরিকা। আমাদের যেন ঘাম দিয়ে জ্বর ছাড়ল। তার আগে পর্যন্ত সারাক্ষণ মনে হচ্ছিল এই বুঝি বলে
—গো ব্যাক হোম।
সে সময় ছিল এপ্রিল মাস।
ক্যালেন্ডার অনুযায়ী আমেরিকায় বসন্ত। বিমানবন্দর থেকে বের হতেই ঠান্ডা হাওয়া সাদর আমন্ত্রণ জানাল। এ রকম ঠান্ডার সঙ্গে এই প্রথম পরিচয়। উত্তর আমেরিকার মাটিতে প্রথম পা রাখলাম। কী ভীষণ এক আনন্দ! উত্তেজনা! গাছগাছালি পাতাবিহীন। গাছের রং ধূসর। আকাশ ঝকঝকে নীল। জেএফকে থেকে ব্রুকলিন আসতে যা যা চোখে পড়ল, সবই ভালো লাগল। চির সবুজ আমার বাংলাদেশ ছেড়ে কবির ভাষায় এ যেন ‘বিম্বিসার অশোকের ধূসর নগরে’ পদার্পণ করলাম।
পৃথিবীতে বাংলাদেশ, ভারত, চীন, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), আমেরিকা, কানাডা ছাড়া আর কোনো দেশ আমি দেখিনি। দেখার সৌভাগ্য এখনো হয়নি। কিন্তু প্রতিটি দেশ তার ভৌগোলিক অবস্থানের জন্য প্রতিটি ক্ষেত্রে আলাদা সত্তা। বাংলাদেশে সুরমা, যমুনা, পদ্মা, কর্ণফুলী, ঘাঘট, তিস্তা, জাদুকাটা, রক্তি, করতোয়া, নাফ, মেঘনা, শীতলক্ষ্যা, বুড়িগঙ্গা, কীর্তনখোলা, রূপসা—প্রতিটি নদীরও আলাদা রূপ আলাদা গন্ধ আছে। বঙ্গোপসাগরের সৌন্দর্য একরকম।
আটলান্টিকের রূপ কত বৈচিত্র্যময়। প্রথম যেদিন আটলান্টিক দেখলাম কেমন যেন বিহ্বল হয়ে গেলাম এত্তো বিশাল! অথচ ১৯৭৭ সালে যখন প্রথম কক্সবাজারে বঙ্গোপসাগর দেখি, মনে হয়েছিল এর চেয়ে বিশালতা আর কী আছে? মহেশখালী যেতে যেতে নির্ভয়ে নীলাকাশ সাগরে মিশে আছে দেখেছি।
নাফ নদীর নীলাভ সৌন্দর্য আর তার কোল ঘেঁষে যে সুউচ্চ পাহাড়, তার কী কোনো তুলনা আছে। সিরাজগঞ্জে উত্তাল যমুনার ভাঙন বুকে কাঁপন ধরায়। আর ঘাঘট নদীর শান্ত স্তব্ধ কাজল জলের ছায়া
‘শান্ত নদীটি
পটে আঁকা ছবিটি’
মনে করিয়ে দেয়।
করতোয়ার স্বচ্ছজলে পায়ে হেঁটে পার হওয়ার সময়
‘আমাদের ছোট নদী
চলে বাঁকে বাঁকে
বৈশাখ মাসে তার হাঁটুজল থাকে’—এই কবিতা মনে পড়ে যায়।
একবার ঝড়ের কবলে পড়ে পদ্মার সেই বিশাল শরীর ফুঁসে উঠতে দেখেছিলাম আরিচা থেকে নগরবাড়ি যাওয়ার সময়। আবার রাজশাহীতে দেখেছি সেই পদ্মার শান্ত স্নিগ্ধ ভিন্ন রূপ।
বরিশালের কীর্তনখোলা কাজল কালো জলের এক অপরূপা। মনে হয়, এই নদীর সৌন্দর্যই বুঝি জীবনানন্দকে কবি করে তুলেছে। আবার রূপসার ঘোলাজলও কবির মনে দোলা দিয়েছিল।
সুরমার কোলে বেড়ে উঠেছি বলে শীতের শীর্ণা নদী বা বর্ষার ভরা যৌবনা সুরমা—দুটোই অত্যন্ত প্রিয়। রক্তি, জাদুকাটা, চলতি, সুরমা যেন আমার চিরচেনা নদী। আকাশ কতটা বৃষ্টি ঢাললে সুরমা আমাদের শহর ডুবিয়ে দেয় সেই হিসাব আমাদের জানা। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি আর অবিরাম বৃষ্টি শুরু হলে আমরা আব্বার সঙ্গে নদীর পানির উচ্চতা কোথায় কতটা বেড়েছে, তা দেখতে যেতাম। সুরমার ছবি আমার চোখে সব সময়ের জন্য গাঁথা আছে। সুরমার জলের ঘ্রাণও আমার চেনা।
নিউইয়র্কে হাডসন নদী, গেনেসি নদী, মহাক নদী আছে। উড়োজাহাজ থেকে প্রথম দেখেছিলাম হাডসন নদী। হাডসনের কালো জলের পাশে দাঁড়িয়ে ছলাৎ ছলাৎ শুনলে মেঘনা নদীকে মনে পড়ে। মোহনার কাছে মেঘনার কালোজল
‘শোন মা আমিনা রেখে দে রে কাজ
ত্বরা করে মাঠে চল
এল মেঘনার জোয়ারের বেলা।
...
আমিনারে মোর কাড়িয়া নিয়াছে
মেঘনা সর্বনাশী’—কবিতা মনে পড়ে যায়।
আমাদের সুনামগঞ্জের বাসার পেছনে একটা মস্ত বড় বিল ছিল। এখন যারা শহরবাসী, তারা বললে বিশ্বাসও করবে না। কারণ এখন সেখানে বহুতল বসতি গড়ে উঠেছে। একবার সেই বিলে মাছ ধরা হবে। নিজের চোখে না দেখলে বিশ্বাস করা কঠিন। কী অবাক কাণ্ড! পানি এমনিতেই কম। তারপরও মোটর দিয়ে পানি নিষ্কাশন করা হলো। তারপর শত শত মানুষ কী যেন একটা হাঁক দেয় আর পলো দিয়ে বোয়াল, শোল, গজার—এসব বড় বড় মাছ ধরতে থাকে। মাগুর, শিং, কই এগুলোও ধরা পড়ে। এই দৃশ্য জীবনে আর দেখার সৌভাগ্য হয়নি। খুব মনে পড়ে।
তখন আমরা রংপুরে ছিলাম।
মনে পড়ে সাত সকালে অপেক্ষায় থাকতাম হকারের। দরজার নিচ দিয়ে নিপুণ হাতে ঢুকিয়ে দিয়ে যেত ‘প্রথম আলো।’ আমার বাসার গৃহকর্মীও জানত পত্রিকাটার ভাঁজ প্রথম আমি খুলতে ভালোবাসি। এখানে এসেছি ২০০৯-এ। সকালবেলার সেই আনকোরা ‘প্রথম আলো’ এখনো মনে পড়ে।