পুলিশ ও এমটিএবিরোধী আন্দোলনে একাধিক গ্রেপ্তার
নিউইয়র্ক পুলিশ ও মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথোরিটির (এমটিএ) বিরুদ্ধে আন্দোলনকারীদের বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ৩১ জানুয়ারি রাতে রাস্তায় নামার আগে বিক্ষোভকারীরা পাতালরেল স্টেশন গ্র্যান্ড সেন্ট্রালে জড়ো হওয়ার পর একাধিক বিক্ষোভকারী পুলিশের হাতে গ্রেপ্তার হন।
গত ৩১ জানুয়ারি বিক্ষোভকারীরা শুক্রবার বিকেল ৫টার পর থেকে জড়ো হতে শুরু করেন। এদের বেশির ভাগই ছিলেন মুখোশ পরিহিত, হাতে ছিল পুলিশবিরোধী পোস্টার। তাঁদের কেউ কেউ টার্মিনালে ব্যানার ঝোলানোর চেষ্টা করেন। মূল লক্ষ্য ছিল পাতালরেলের যোগাযোগব্যবস্থা ব্যাহত করা। এ ঘটনায় এনওয়াইপিডি ১৩ জনকে গ্রেপ্তার ও ১১ জনকে জরিমানার টিকিট দেয়। এ ছাড়া এমটিএ পুলিশ তিনজনকে গ্রেপ্তার ও আটজনকে জরিমানা করে।
টুইটার ভিডিওতে দেখা যায়, বিক্ষোভের আগে প্রতিবাদকারী দলের তিন মুখোশধারী সদস্য লোকজনকে এমটিএর ভাড়া এড়িয়ে চলতে, যাতায়াত ব্যবস্থার ক্ষতিসাধন করতে এবং গণনাশকতায় জড়িত হতে উসকানি দেন। এই ব্যক্তিরা পাতালরেলের ভাড়া বাতিল ও ট্রানজিট ব্যবস্থায় পুলিশি টহল বন্ধের দাবি জানান। সিডনি ড্যানিয়েলস নামের এক বিক্ষোভকারী বলেন, ‘বাজেটে এমন আরও অনেক কিছুই রয়েছে, যা আরও পুলিশের পরিবর্তে বিনা মূল্যে পরিবহনকে কভার করতে পারে।’
আরেক বিক্ষোভকারী বলেন, ‘আমাদের করের অর্থে এমটিএ চলে। যদি আমরা এটি বিনা মূল্যে ব্যাবহার না করতে পারি, তা হলে কর প্রদান করে কী লাভ।’ অন্যদিকে সাধারণ যাত্রীদের কেউ কেউ এ পরিস্থিতিতে রেলে নিরাপত্তা বাড়ানোর দাবি জানান।