পুলিশ ভ্যানেই যৌনাচারের চাপ দিয়েছিলেন ঊর্ধ্বতনেরা!

নিউইয়র্ক পুলিশের এক সাবেক স্বেচ্ছাসেবক অভিযোগ করেছেন যে দায়িত্ব পালনের সময় পুলিশ ভ্যানেই যৌনাচারের জন্য ঊর্ধ্বতন দুই কর্মকর্তা তাঁকে চাপ দিয়েছিলেন। পুলিশ ভ্যানে এক তরুণী ধর্ষণের ঘটনার কয়েক মাসের মধ্যেই এমন গুরুতর অভিযোগ তুললেন ওই সাবেক স্বেচ্ছাসেবক।
নিউইয়র্ক অঙ্গরাজ্যের মানবাধিকার বিভাগে অভিযোগ দাখিল করেছেন হুমা আয়াজ। তাঁর অভিযোগ, নিউইয়র্ক পুলিশের সঙ্গে কাজ করার সময় দুই ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁকে পুলিশ ভ্যানেই যৌনাচারের চাপ দিয়েছিলেন। এত দিন এটি তিনি প্রকাশ করতে পারেননি। তবে পুলিশ বাহিনীর সঙ্গে সহকারী বা স্বেচ্ছাসেবক হিসেবে এখন আর তিনি কাজ করেন না।
নিউইয়র্ক পোস্টকে তিনি বলেন, ‘প্রায় প্রতিদিনই কোনো না কোনো নারী যৌন নিগ্রহের শিকার হয়েছে বলে খবর পাওয়া যায়। এমনকি এরপর তাদের অনেককে মেরে ময়লার বাক্সে ফেলে রাখা হয়। সে সময় আমিও এই পরিণতির ভয় পাচ্ছিলাম।’
ঘটনাটি ঘটে গত বছরের ২২ আগস্ট। কুইন্সে দায়িত্ব পালন শেষে নিজ ঘরে ফিরছিলেন তিনি। আয়াজ তাঁর অভিযোগে বলেন, নিউইয়র্ক পুলিশের কর্মকর্তা অ্যান্ড্রু থ্যালার ও সহকারী পুলিশ সার্জেন্ট রোহনিত সিং তাঁকে টার্গেট করেছিলেন। ওই সাবেক স্বেচ্ছাসেবক ছিলেন একটি রক্ষণশীল পাকিস্তানি পরিবারের সদস্য। ফলে তাঁরা ধারণা করেছিলেন যে বিষয়টি প্রকাশ করার ঝুঁকি তিনি নেবেন না। থ্যালার আগে থেকেই বিভিন্ন সময় তাঁকে নিজের বাসায় আমন্ত্রণ জানাতেন। বলতেন, তাঁর স্ত্রী এখন বাসায় নেই। তিনি যেন তাঁর বাসায় দেখা করতে যান। কিন্তু প্রতিবারই ওই সাবেক স্বেচ্ছাসেবক এসব আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।
কিন্তু গত ২২ আগস্ট বাড়ি ফেরার সময় ওই সাবেক স্বেচ্ছাসেবকের কাছে থ্যালারের একটি ম্যাসেজ আসে। এতে থ্যালার তাঁর অবস্থান ও গন্তব্য সম্পর্কে জানতে চান। তখন ডিউটিতে না থাকলেও ঊর্ধ্বতন কর্মকর্তার এমন প্রশ্নের উত্তর দিতে তিনি বাধ্য ছিলেন। আর বাসস্টপে পৌঁছে তিনি দেখেন, সেখানে সিংকে সঙ্গে নিয়ে অপেক্ষা করছেন থ্যালার।
পরে থ্যালারের নির্দেশে পুলিশ ভ্যানে ওঠেন তিনি। সে সময় থ্যালার ও সিং দুজনই পুলিশ পোশাকে ছিলেন। আর থ্যালারের কাছে অস্ত্র ছিল। গাড়ি চালাচ্ছিল রোহনিত সিং। গাড়িটি অন্যদিকে ঘুরিয়ে একটি অন্ধকার জায়গায় নিয়ে যান সিং।
ওই সাবেক স্বেচ্ছাসেবকের ভাষ্যমতে, ‘আমি তখনো চুপ। ভীষণ আতঙ্কিত। থ্যালার এই সময় পেছনে এসে আমার খুব কাছ ঘেঁষে বসল। আমাকে জাপটে ধরল। এই সময় সিং গাড়ির ইঞ্জিন ও লাইট বন্ধ করে দেয়। শুধু অন্ধকারই মনে আছে আমার। আতঙ্কে আমার শরীর কাঁপছিল। থ্যালার আমার বাহুতে হাত বোলাচ্ছিল, আর বলছিল, দারুণ ত্বক তোমার। এ সময় সিং বলে ওঠে, ‘অ্যান্ডি, তোমরা কি এটা গাড়িতেই করতে চাও? আমি কি নেমে যাব?’ এ সময় আমি থ্যালারকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই। এ সময় থ্যালার ক্রুদ্ধভাবে সিংয়ের উদ্দেশে বলে, ‘ওকে বাড়ি নিয়ে যাও। তার আজকে মুড নেই।’
ওই সাবেক স্বেচ্ছাসেবকের অভিযোগের বিষয়ে নিউইয়র্ক পুলিশ অভ্যন্তরীণ তদন্ত চালাচ্ছে। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। ওই নারীর অভিযোগ নিউইয়র্ক পুলিশকে নিয়ে চলমান বিতর্ককে আরও উসকে দিল। এর আগে গোয়েন্দা কর্মকর্তা এডি মার্টিন্স ও রিচার্ড হলের বিরুদ্ধে হাতকড়া পরানো অবস্থায় এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ওই ঘটনাও ঘটে পুলিশ ভ্যানেই। উভয়েই এই অভিযোগ অস্বীকার করলেও তাঁরা বর্তমানে পুলিশ বিভাগে নেই।
পাকিস্তানি ওই অভিবাসী নারী আতঙ্কের কারণে সৃষ্ট মনোবৈকল্য কাটিয়ে উঠতে বর্তমানে কাউন্সেলিং নিচ্ছেন। তিনি বলেন, ২০১৩ সালে নিজের কমিউনিটির মানুষদের মধ্যে ইতিবাচক প্রবণতা তৈরির উদ্দেশে আমি স্বেচ্ছাসেবক হিসেবে যোগ দিই নিউইয়র্ক পুলিশে। কিন্তু এ ঘটনা আমাকে পুরোপুরি স্তব্ধ করে দিয়েছে।’ তাঁর আইনজীবী ভিনসেন্ট হোয়াইট বলেন, ‘এই অভিযোগ উত্থাপন করতে পারেন এমন আঁচ পাওয়ার পরপরই তাঁর মক্কেলের ব্যাজ প্রত্যাহার করা হয়। আমরা অভ্যন্তরীণ পদক্ষেপের মাধ্যমে বিষয়টি মীমাংসা করে সুনাম রক্ষার সুযোগ দিয়েছিলাম নিউইয়র্ক পুলিশকে। কিন্তু তারা এর সদ্ব্যবহার করেনি। তাই আমরা মামলার পথেই এগোচ্ছি।’