পুলিশ সংস্কার আইনে স্বাক্ষর করে আদেশ জারি কুমোর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স
নিউইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। ছবি: রয়টার্স

নিউইয়র্কের রাজ্য গভর্নর অ্যান্ড্রু কুমো পুলিশ সংস্কার আইনে স্বাক্ষর করেছেন। নতুন আইনে পুলিশি ব্যবস্থায় পরিবর্তিত কৌশল অবলম্বনে ব্যর্থ হলে রাজ্যের স্থানীয় সংস্থাগুলো থেকে অর্থ বরাদ্দ প্রত্যাহার করা হবে বলে আদেশ জারি করেছেন গভর্নর। তিনি এ পুলিশ সংস্কার আইনকে 'সবচেয়ে আগ্রাসী' বলে মন্তব করেছেন।

১২ জুন এই আদেশ জারি করে গভর্নর বলেছেন, রাজ্যের পাঁচ শতাধিক সংস্থার পুলিশ ব্যবস্থাপনায় পরিবর্তন আনতে হবে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের বল প্রয়োগ, সমাবেশ ব্যবস্থাপনা, কমিউনিটি পুলিশ ব্যবস্থাপনাসহ নানা পরিবর্তনের কথা বলা আছে নতুন আইনে। অন্যান্য বিষয়গুলোর মধ্যে আছে সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণ, দাঙ্গা দমন, কমিউনিটির সঙ্গে সংযোগসহ আইনে পুলিশের বিরুদ্ধে জনগণের অভিযোগ এবং প্রতিকারের স্বচ্ছতার কথা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। প্রতিটি স্থানীয় সংস্থাকে তাদের জনগোষ্ঠীকে নিয়ে এমন পুলিশি সংস্কারের পরিকল্পনা আগামী বছরের ১ এপ্রিলের মধ্যে শেষ করতে হবে। না হলে রাজ্যের সব অনুদান থেকে স্থানীয় সংস্থাগুলোকে বাদ দেওয়া হবে বলে গভর্নর ঘোষণা করেছেন।

গভর্নর কুমো পুলিশ সংস্কার আইনে স্বাক্ষরের সময় নাগরিক আন্দোলনের নেতা আল শার্পটন, পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ এরিখ গার্নারের মা গুইন কার ও সেইন বেলের মা ভেলারি বেল উপস্থিত ছিলেন। গভর্নর বলেছেন, রাজ্যজুড়ে জনগণের মধ্যে পুলিশের প্রতি আস্থা ফিরিয়ে আনাই এ আদেশের লক্ষ্য। জনসমাজের মধ্যে পুলিশের প্রতি কোনো আস্থা নেই। যেখানে আস্থা থাকে না, সেখানে সম্পর্ক কাজ করে না।

নিউইয়র্ক রাজ্যের অধীনে সব নগর, শহর ও পৌর এলাকার জন্য কার্যকর পুলিশ সংস্কার আইনে স্বাক্ষর করে গভর্নর বলেন, স্থানীয় সরকারকে তাদের জনসমাজ নিয়ে বসতে হবে। নতুন পরিকল্পনা ও নির্দেশনা অনুযায়ী স্থানীয়ভাবে প্রয়োজনীয় আইন পাস করতে হবে।

নতুন আইনে পুলিশের হাতে নিরস্ত্র নাগরিক মারা গেলে স্টেট প্রসিকিউটর মামলার দায়িত্ব গ্রহণ করবেন। বিদ্বেষ সংক্রান্ত ভুয়া ৯১১ ফোন কল সম্পূর্নভাবে বন্ধ করা হবে। বিল স্বাক্ষরের সময় স্টেট সিনেট লিডার এন্ড্রিয়া স্টুয়ার্ড কুজিন্স বলেন, এ আইনের মাধ্যমে পুলিশ সংস্কারের কাজ কেবল শুরু হলো। দীর্ঘদিনের ভারসাম্যহীনতা থেকে ঘুরে দাঁড়াবার পদক্ষেপ এটি। স্টেট অ্যাসেম্বলি স্পিকার কার্ল হিয়াস্টাইল বলেন, মেনিয়াপোলিসে জর্জ ফ্লয়েডের মৃত্যু পুরো দেশের মানুষের ধমনীতে স্পন্দন এনে দিয়েছে। 

এদিকে নিউইয়র্কের নগর আইনপ্রণেতারা এনওয়াইপিডি বাজেট থেকে এক বিলিয়ন ডলারের বাজেট কর্তনের প্রস্তাব করেছেন। স্পিকার কোরি জনসনের সঙ্গে সাতজন নগর আইনপ্রণেতা 'ডিফান্ড পুলিশ' আহ্বানে সাড়া দিয়ে এ আইন প্রণয়নের উদ্যোগ নিয়েছেন। নগরীর এ আইন পাস হলে এনওয়াইপিডির বহু কর্মকাণ্ড ঢেলে সাজাতে হবে বলে মনে করা হচ্ছে।

নগরীর পুলিশ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাৎক্ষণিক এক বিবৃতিতে বলা হয়েছে, যখনই অন্য কোনো সংস্থা কোনো কাজে ব্যর্থ হয়েছে, তখনই এনওয়াইপিডিকে সে সংস্থার দায়িত্ব দেওয়া হয়েছে। এখন আবার আইনপ্রণেতারা ইচ্ছে করলে কাজগুলো ব্যর্থ সংস্থাগুলোকে ফিরিয়ে দিতে পারেন। সার্জেন্ট বেনেভোলেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এড মুলিন্স পুলিশের তহবিল কমানোকে একটি মন্দ কাজ বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন।