পুলিশের অসদাচরণের সমীকরণ বদলে দিয়েছে যা
ধরনটা পরিচিত হয়ে উঠেছে। কৃষ্ণাঙ্গ এক ব্যক্তি পুলিশের হাতে মারা গেছেন, আর সেই ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগের মাধ্যমে ধাক্কা মারছে। এতে পুলিশের বিরুদ্ধে পক্ষপাত ও অসদাচরণের অভিযোগ জোরালো হয়ে উঠছে।
গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মিনেসোটায় পুলিশের গুলিতে মারা যান ৩২ বছর বয়সী ফিল্যান্ডো ক্যাস্টিল। আগের দিন মারা যান ৩৭ বছর বয়সী অ্যালটন স্টার্লিং।
গত কয়েক বছরে যুক্তরাষ্ট্রে পুলিশের হাতে কৃষ্ণাঙ্গদের গুলিবিদ্ধ হয়ে মারা যাওয়ার ঘটনার মধ্যে এই দুটি অন্যতম। অন্যগুলোর মতো এ দুজনের মৃত্যুর ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগের মাধ্যমে দ্রুত ছড়িয়ে যায় এবং পুলিশের নিষ্ঠুরতার বিরুদ্ধে মানুষের ক্ষোভ ছড়ায়।
যদিও এ ক্ষেত্রে পুলিশের ঠিক হয়েছে কি না, তা পরিষ্কার নয়। এরপরও ফৌজদারি বিচার বিশেষজ্ঞরা বলছেন, সামাজিক যোগাযোগের মাধ্যম ও স্মার্টফোনের ভিডিও এ ঘটনাগুলোর ওপর আলোকপাত করছে এবং পুলিশিংয়ে পরিবর্তন নিয়ে আসার পথ দেখাচ্ছে।
কানাডার ব্র্যান্ডন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ক্রিস্টোফার স্নেইডার বলেন, ‘ঘটনার পর দ্রুত অনলাইনে ভিডিও ছড়িয়ে পড়ছে এবং নিষ্ঠুরতা কীভাবে হয়, তা আমাদের সামনে দেখিয়ে দিচ্ছে। এ ধরনের ক্ষেত্রে সিটিজেন জার্নালিজমের বিষয়টি যদিও একেবারে নতুন নয়। কিন্তু এখন স্মার্টফোন ও ফেসবুক-টুইটারের মতো সামাজিক যোগাযোগের মাধ্যমের কল্যাণে এটি আরও ব্যাপক হয়ে উঠছে।’
স্নেইডার বলেন, বডি ক্যামেরা ও পুলিশ রেকর্ডিং ডিভাইস ব্যবহার করলে কর্তৃপক্ষ আরও বেশি সুবিধা পাবেন। তবে অনেকে অভিযোগ করেন, ক্যামেরা ও ভিডিও পুলিশের সমস্যা সমাধানের পূর্ণাঙ্গ সমাধান নয়।
মিজৌরি-সেন্ট লুই বিশ্ববিদ্যালয়ের অপরাধ বিশেষজ্ঞ ডেভিড ক্লিংগার বলেন, ভিডিও সীমিত তথ্য দেখাতে সক্ষম এবং পুলিশের হুমকির বিষয়টি সঠিকভাবে বোঝাতে পারে না। কোনো একটি ঘটনার ত্রিমাত্রিক দৃশ্যের এটি দ্বিমাত্রিক উপস্থাপনা দেখায়। একজন পুলিশ কর্মকর্তা যে হুমকি অনুভব করেন, ভিডিওর সীমিত তথ্য আহরণের মধ্যে তা পুরোপুরি ফুটে ওঠে না।
গবেষক ক্লিংগার বলেন, মানুষের ধারণা আর ভিডিওতে যা ধারণ করা হয়, এর মধ্যে ব্যাপক পার্থক্য রয়েছে। তথ্যসূত্র: এএফপি।