যুক্তরাষ্ট্রের মিজৌরির ফার্গুসন উপশহরে পুলিশের ওপর গুলি চালানোর ঘটনায় নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি এবিসি টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক অনুষ্ঠানে গত বৃহস্পতিবার বলেন, ওই অপরাধে জড়িত কাউকে ক্ষমা করা হবে না। খবর এএফপি, বিবিসি ও রয়টার্সের।
প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন, স্থানীয় আন্দোলনকারীদের ক্ষোভের ন্যায্য কারণ ছিল। কিন্তু যারা গুলি করেছে, তাদের গ্রেপ্তার করা উচিত।
স্থানীয় পুলিশ বাহিনীর বর্ণবাদী আচরণের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এবং পুলিশে সংস্কারের দাবিতে ফার্গুসনে কৃষ্ণাঙ্গদের বিক্ষোভ চলার সময় গত বুধবার গভীর রাতে পুলিশের দুই সদস্য গুলিবিদ্ধ হন।
টিভির অনুষ্ঠানে ওবামা বলেন, ‘ফার্গুসনে যা ঘটছে তা নিপীড়নমূলক এবং আপত্তিকর। এর প্রতিবাদে বিক্ষোভ হওয়ার মতো কারণ আছে। কিন্তু অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো ক্ষমা নেই। অপরাধী যে-ই হোক, তাকে আড়াল করা চলবে না।’
হামলাকারী বন্দুকধারীর খোঁজে পুলিশ গতকাল শুক্রবার দ্বিতীয় দিনের মতো অভিযান চালায়। তদন্তকারীরা ঘটনাস্থলের আশপাশে তল্লাশি চালান। স্থানীয় বেশ কয়েকজন বাসিন্দাকে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁদের কাউকে গ্রেপ্তার করা হয়নি। ফার্গুসনে বৃহস্পতিবার রাতেও শান্তিপূর্ণ বিক্ষোভ হয়েছে। আহত দুই পুলিশ সদস্য হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন।
বিক্ষোভকারীরা পুলিশের ওপর হামলার নিন্দা জানিয়েছেন। তাঁরা শান্তির জন্য বৃহস্পতিবার রাতে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা করেন।