পুলিশের গুলিতে নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর বিতর্কিত কার্টুন প্রদর্শনীর বাইরে পুলিশের গুলিতে দুই হামলাকারী নিহত হয়েছে। ঘটনার দায়িত্ব কেউ স্বীকার না করলেও গোয়েন্দারা বলেছেন, হামলাকারীরা সন্দেহভাজন ইসলামি জঙ্গি। এদের একজনের বিষয়ে আগে পুলিশ খোঁজখবর করেছিল। খবর এএফপি ও রয়টার্সের।

গত রোববার স্থানীয় সময় সন্ধ্যা সাতটার কিছু পরে এ ঘটনা ঘটে। ডালাসের কাছের ছোট শহর গারল্যান্ডের কার্টিস কুলওয়েল সেন্টারে ওই কার্টুন প্রদর্শনীর আয়োজন করা হয়েছিল। প্রদর্শনী শেষ হওয়ার কিছু পর গাড়িতে করে এসে দুজন রাইফেলধারী নিরাপত্তারক্ষীদের ওপর গুলি চালায়। দায়িত্বে থাকা একজন ট্রাফিক পুলিশ তাদের পিস্তল দিয়ে গুলি করেন। ঘটনাস্থলেই উভয়ের মৃত্যু হয়।

 ইসলামবিরোধী সংগঠন আমেরিকান ফ্রিডম ডিফেন্স ইনিশিয়েটিভ প্রদর্শনীটির আয়োজন করেছিল। এর আগে সমালোচনার মুখে তারা সাফাই গেয়ে বলেছিল, ইসলামের অবমাননা নয়; বরং বাক্‌স্বাধীনতার নীতিকে তুলে ধরতে এর আয়োজন করা হয়। প্রদর্শনীর পাশাপাশি মহানবী (সা.)-এর কার্টুন আঁকার প্রতিযোগিতারও আয়োজন করে সংগঠনটি।

হামলাকারীদের সঙ্গে কার্টুন প্রদর্শনীর সম্পর্ক আছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা হয়নি। তবে প্রদর্শনীর আয়োজকদের অনুরোধে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল।

এফবিআই সূত্র বলেছে, নিহত হামলাকারীদের একজনের নাম এলটন সিম্পসন। তিনি গোয়েন্দাদের কাছে ‘জিহাদি লড়াই’ করতে সোমালিয়া যাওয়ার পরিকল্পনা নিয়ে মিথ্যা কথা বলায় তাঁর স্থগিত কারাদণ্ড হয়েছিল।