পুলিশের ধারণা মাহফুজা বেঁচে নেই

ব্রঙ্কসের বাংলাদেশি বংশোদ্ভূত নার্স ৩০ বছর বয়সী মাহফুজা রহমান সম্ভবত বেঁচে নেই বলে মনে করেন তদন্ত কর্মকর্তারা। ২০১৫ সালের ৯ ডিসেম্বর থেকেই নিখোঁজ মাহফুজার সন্ধানে অভিযান চালাচ্ছে নিউইয়র্ক পুলিশ।
মাহফুজা রহমানের স্বামী মোহাম্মদ চৌধুরীও দেশে গিয়ে আর ফিরে আসেননি। তবে তাঁর স্বামীর কর্মকাণ্ডের কিছু প্রমাণ পেয়েছে পুলিশ। এর মধ্যে আছে মাহফুজা নিখোঁজ হওয়ার আগের দিন একটি কুড়াল এবং বস্তাবন্দী করার পর মোড়ানো টেপ ক্রয়। এমনকি বেলভ্যু হাসপাতাল থেকে বেরিয়ে মাহফুজা ৯ তারিখ সন্ধ্যায় বাসায় ফিরে আসেন বলেও নিশ্চিত হয়েছে পুলিশ। তারপর থেকেই তাঁর হদিস পাওয়া যায়নি। সব আলামত সামনে নিয়ে ব্রঙ্কসের গোয়েন্দা পুলিশ ম্যালকম রেমন জানিয়েছেন, ‘তিনি সম্ভবত মৃত’। পিক্স ১১ নিউজকে এই সংবাদ দিয়েছে গোয়েন্দা পুলিশ।
নিউইয়র্ক সিটির ব্রঙ্কসে বেডফোর্ড পার্ক এলাকার ৯ বছর বয়সী কন্যা সন্তানের মা মাহফুজা (৩০) ম্যানহাটানের বেলভ্যু হাসপাতালে নার্স হিসেবে কাজের পাশাপাশি হান্টার কলেজেও লেখাপড়া করছিলেন। ২০১৫ সালের ৯ ডিসেম্বর থেকেই মাহফুজা নিখোঁজ। গোয়েন্দা পুলিশ তন্নতন্ন করে অনুসন্ধানের পর জানতে সক্ষম হন যে মাহফুজা বাংলাদেশে যাননি। কারণ তাঁর পাসপোর্ট, ক্রেডিট কার্ডসহ ওয়ালেট, অন্যান্য গুরুত্বপূর্ণ নথি বাসায় পাওয়া গেছে। যদিও মাহফুজার স্বামী পুলিশকে প্রথম দিনেই জানান যে বাংলাদেশে মা-বাবা গাড়ি দুর্ঘটনায় আহত হবার সংবাদ পেয়েই তড়িঘড়ি করে মাহফুজা বাংলাদেশে গেছেন এবং একমাত্র কন্যাসন্তানকে নিয়ে নিজেও দুদিনের মধ্যে বাংলাদেশে যাচ্ছেন। এতে তদন্ত কর্মকর্তারা কিছুটা আস্থা পেলেও নিজেরা বাংলাদেশে মাহফুজার বাবার সঙ্গে যোগাযোগ করে নিশ্চিত হন যে দুর্ঘটনার কথা সত্য নয় এবং ৯ ডিসেম্বরের পর মাহফুজার সঙ্গে তাঁদের কোনো কথা হয়নি।
এমন তথ্য জানার পর ডিটেকটিভ পুলিশ মাহফুজার বাসায় তল্লাশির পাশাপাশি কংক্রিটের আঙিনা এবং মেঝে খুঁড়েও সন্ধান করা হয় মাহফুজার দেহ। কিছুই পাওয়া যায়নি। এখন পর্যন্ত মাহফুজার লাশ কিংবা দেহের খণ্ডিত অংশও খুঁজে না পাওয়ায় পুলিশ হত্যা মামলাও দায়ের করতে পারেনি।
২০১৫ সালের ৯ ডিসেম্বর মাহফুজা নিখোঁজ হন। তার এক দিন পর ১০ ডিসেম্বর সকাল ৮টা ৯ মিনিটে তাঁর স্বামী নিজের ক্রেডিট কার্ড ব্যবহার করে নিকটস্থ একটি স্টোর থেকে ধারালো ১৬ ইঞ্চি কুড়াল ক্রয় করেন। একই সঙ্গে বস্তাবন্দি করার কাজে ব্যবহৃত ট্যাপও ক্রয় করেছেন।
২০১৫ সালের ৮ ডিসেম্বর অপরাহ্ণ সাড়ে চারটায় মাহফুজা তাঁর কর্মস্থল বেলভ্যু হাসপাতাল ত্যাগ করেন। এর ৩ মাস পরও মাহফুজা কাজে না ফেরায় কর্তৃপক্ষ দুশ্চিন্তায় পড়ে পুলিশকে বিষয়টি অবহিত করে। মাহফুজার ব্যাপারে কেউ যদি কিছু জানেন, তা যেন সরাসরি ১-৮০০-৫৭৭-৮৪৭৭ নম্বরে ফোন করে তদন্ত কর্মকর্তাকে অবহিত করেন—এই আহ্বানও জানানো হয়েছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের পক্ষ থেকে।
প্রথমে দিকে অনেকেই মনে করেছিলেন, মাহফুজা হয়তো গা ঢাকা দিয়েছেন। কিন্তু এটি এখন আর ধোপে টিকছে না। কারণ তাঁর পাসপোর্ট, আইডি, ক্রেডিট কার্ড—সবকিছুই বাসায় পাওয়া গেছে। নতুন করে কিছু করাও সম্ভব নয়। আশপাশের কোনো দেশে বিনা পাসপোর্টে গেলেও কোনো না কোনোভাবে তাঁর হদিস পাওয়ার কথা। বিশেষ করে ৯ বছর বয়সী একমাত্র সন্তানের জন্য একবার হলেও তাঁর যোগাযোগের চেষ্টা করার কথা। অথবা দেশে মা-বাবাকেও নিজের অবস্থান জানানোর কথা। এখন পুলিশ বিশ্বাস করছে যে স্বামীই তাঁর নিখোঁজের জন্য দায়ী বলে পুলিশকে মিথ্যা তথ্য দিয়ে নিজেও বাংলাদেশে আত্মগোপনে রয়েছেন।