পুলিশের বাজেট কর্তনে ট্রাম্প-বাইডেনের 'না'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ছবি: রয়টার্স
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক দলের সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন। ছবি: রয়টার্স

আমেরিকার চলমান নাগরিক আন্দোলনে ‘ডিফান্ডিং পুলিশ’ স্লোগানটি জনপ্রিয় হয়ে উঠেছে। রাজ্য ও নগর পর্যায়ে পুলিশি ব্যবস্থাপনার পেছনে ব্যয় করা বাজেট কর্তনের দাবি উঠেছে সর্বত্র। বিরোধী হলেও এই এক দাবির কাছে এসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেন এক হয়ে আছেন। তাঁরা দুজনই পুলিশের বাজেট কর্তনের বিপক্ষে অবস্থান নিয়েছেন।

৮ জুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, পুলিশ ডিফান্ডিং বা পুলিশি ব্যবস্থা ভেঙে ফেলা হবে না। তিনি মূলত শক্তিশালী ও উচ্চ বেতনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চান। হোয়াইট হাউসে অনুষ্ঠিত পুলিশপ্রধানদের এক সভায় তিনি ৯৯ শতাংশ পুলিশ অফিসার মহৎ এবং পুলিশের কারণে জীবনযাত্রা শান্তিপূর্ণ আছে বলে তিনি উল্লেখ করেন।

এর আগে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কাইলি ম্যাকন্যানি সংবাদ সম্মেলনে বলেন, পুলিশি ব্যবস্থা ভেঙে ফেলা বা উঠিয়ে দেওয়ার ধারণায় প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো সম্মতি নেই।

প্রেসিডেন্ট ট্রাম্প পুলিশের বাজেট কর্তনের বিষয়টি ডেমোক্র্যাট ও জো বাইডেনের ওপর দ্রুত চাপিয়ে দিতে চেয়েছেন। তিনি বলেছেন, স্লিপি জো (জো বাইডেন) এবং রেডিক্যাল বাম ডেমোক্র্যাটরা ‘ডিফান্ড পুলিশ’ চান। কিন্তু মহান ও উচ্চ বেতনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁর নিজের পছন্দ বলে মন্তব্য করেছেন ট্রাম্প।

আমেরিকায় চলমান আন্দোলনে বড় বড় নগরীতে পুলিশের তহবিল কর্তন ও বেঁচে যাওয়া অর্থ অন্যান্য সামাজিক কর্মসূচিতে ব্যয় করার দাবি উঠেছে। আমেরিকার অতি উদারনৈতিক পক্ষ এ দাবিকে সামনে নিয়ে আসার চেষ্টা করেছেন। এর আগে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট এজেন্ট বা আইস বাতিলের আন্দোলন হয়েছে। প্রভাবশালী বেশ কিছু উদারনৈতিক ডেমোক্র্যাটকে আইস বিলুপ্তির দাবির প্রতি সমর্থন জানাতেও দেখা গেছে।

এদিকে ডেমোক্রেটিক পার্টির সম্ভাব্য প্রেসিডেন্ট প্রার্থী জো বাইডেনের পক্ষ থেকে ৮ জুন এ–সংক্রান্ত একটা বিবৃতি দেওয়া হয়েছে। মুখপাত্র অ্যান্ড্রু বেটসের মাধ্যমে দেওয়া বিবৃতিতে জো বাইডেন বলেছেন, তিনিও পুলিশ ডিফান্ডিংয়ের বিপক্ষে। তবে তিনি পুলিশি ব্যবস্থার সংস্কার জরুরি বলে মনে করেন। পাশাপাশি অন্যান্য সামাজিক খাতেও জো বাইডেন পর্যাপ্ত অর্থ বরাদ্দের পক্ষে বলে বিবৃতিতে জানানো হয়েছে।

তবে এ বিষয়ে ট্রাম্পের প্রচারণা শিবিরের জনসংযোগ কর্মকর্তা টিম মুর্তাগহ বলেছেন, আমেরিকার লোকজন জো বাইডেনের মুখ থেকে না শোনা পর্যন্ত বোঝা মুশকিল তাঁর সঠিক অবস্থানটি কোন জায়গায়।