পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ ভিত্তিহীন প্রমাণিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিউইয়র্ক পুলিশ পক্ষপাতদুষ্ট হয়ে ২ হাজার ৫০০ মামলা করেছে বলে যে অভিযোগ উঠেছিল তার কোনো প্রমাণ মেলেনি। নিউইয়র্ক পুলিশের অভ্যন্তরীণ তদন্তে এ তথ্য উঠে এসেছে।

নিউইয়র্ক পুলিশের অনুসন্ধানে দেখা গেছে, প্রায় চার বছর ধরে পক্ষপাতমূলক পুলিশিংয়ের জন্য কিছু অভিযোগ জমা পড়েছে। এসব অভিযোগ তদন্ত করে দেখা গেছে, এ অভিযোগগুলোর পেছনে তেমন কোনো প্রমাণ নেই। অভিযোগকারীরা তাদের আনীত অভিযোগ প্রমাণ করতে আসেনি। এমনকি কেউ সাক্ষ্যও দিতে আসেনি।

গত ২৬ জুন নিউইয়র্ক পুলিশের এ সম্পর্কিত প্রতিবেদনে বলা হয়েছে, নিউইয়র্ক নগরীর পুলিশের বিরুদ্ধে বর্ণবাদসহ নানা বৈষম্যমূলক আচরণের অভিযোগ রয়েছে। ২০১৪ সাল থেকে পুলিশ বিভাগে এ ধরনের অন্তত ২ হাজার ৪৯৫টি অভিযোগ জমা পড়েছে। এ নিয়ে গত বছরের শেষ দিকে তদন্ত শুরু করে পুলিশ বিভাগ। দীর্ঘ তদন্ত শেষে অভিযোগগুলোর সপক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

কর্মকর্তারা বলছেন, জাতি, ধর্ম, বর্ণ কিংবা লিঙ্গবৈষম্যের জেরে নানা সময়ে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। অভিযোগে পুলিশের ঘাড়ে বৈষম্যমূলক আচরণের দায় চাপানো হয়। কিন্তু পুলিশ বিভাগ পরিচালিত তদন্তে এমন অভিযোগের কোনো ভিত্তি খুঁজে পাওয়া যায়নি।

অভিযোগের সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে সচেতন হয়ে বসে পুলিশ প্রশাসন। তারা পুলিশের বিরুদ্ধে ওঠা পক্ষপাতিত্বের অভিযোগ তদন্তে নামে নিজেরাই। কিন্তু সাক্ষী ও প্রমাণের অভাবে এ ধরনের কোনো অভিযোগই শেষ পর্যন্ত প্রমাণ হয়নি। তবে বিষয়টির মীমাংসা এর মধ্য দিয়েই হয়ে গেছে বলে মনে করছেন না পুলিশের মহাপরিদর্শক ফিলিপ কে ইয়ার। এ সম্পর্কিত এক বিবৃতিতে তিনি বলেন, পক্ষপাতমূলক পুলিশিংয়ের অভিযোগের তদন্ত অন্য যেকোনো অভিযোগের মতোই হওয়া উচিত। কারণ পুলিশের বিরুদ্ধে এমন অভিযোগ নিরাপত্তার জন্য হুমকি সৃষ্টি করে। এতে জনগণের আস্থা কমে যায়। তাই পুলিশকেই নিশ্চিত করতে হবে যে এ অভিযোগগুলোর তদন্ত সঠিকভাবে করা হয়েছে।

পক্ষপাতমূলক পুলিশিংয়ের ২০১২ সালের শেষ দিকে ও ২০১৭ সালের প্রথম দিকে দায়ের করা ৮৮৮টি অভিযোগের একটি নমুনা পুলিশ মহাপরিদর্শকের কার্যালয়ে পরীক্ষা করে দেখানো হয়েছে। এসব অভিযোগের দুই-তৃতীয়াংশেরও বেশি জাতি ও বর্ণবৈষম্য সংশ্লিষ্ট। মোট অভিযোগের ৬৬ শতাংশই এসেছে কৃষ্ণাঙ্গদের কাছ থেকে। তদন্তে ২৯৭টি অভিযোগকে ‘দুর্বল ভিত্তির’ বলে চিহ্নিত করা হয়েছে এবং ১৭টি মামলায় পাঁচজন পুলিশকে যথেষ্ট প্রমাণ ছাড়াই বরখাস্ত করা হয়েছে।

তবে তারপরও এ ধরনের অভিযোগকে বেশ গুরুত্বের সঙ্গে নিচ্ছে পুলিশ বিভাগ। পুলিশকে জনবান্ধব করতে এবং সাধারণ মানুষের সঙ্গে একটি আস্থার সম্পর্ক গড়ে তুলতে পুলিশ বিভাগ কাজ করে যাবে বলেও জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।